দৌলতদিয়া-পাটুরিয়া ও মাওয়া-কাওরাকান্দি পথে ঘন কুয়াশার কারণে গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল শুক্রবার সকাল আটটা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।এতে রাজবাড়ীর দৌলতদিয়া, মানিকগঞ্জের পাটুরিয়া, মুন্সিগঞ্জের মাওয়া ও মাদারীপুরের কাওরাকান্দি ঘাটে আটকে থাকে প্রচুর যানবাহন। অন্যদিকে প্রচণ্ড কুয়াশায় রাতে ১১টি ফেরি পদ্মা ও যমুনা নদীর মধ্যে নোঙর করতে বাধ্য হয়। আর ঘাটগুলোর কাছে নোঙর করে ১০টি ফেরি। এতে শীতে রাতভর বাসে থাকায় চরম দুর্ভোগ ও ভোগান্তিতে পড়ে হাজারো যাত্রী। প্রায় আট ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় চারটি ঘাটে সৃষ্টি হয় যানবাহনের জট।দৌলতদিয়া-পাটুরিয়া: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থা (বিআইডব্লিউটিসি) সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর পদ্মা ও যমুনা নদীতে কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্বও বাড়তে থাকে।দৌলতদিয়া ফেরিঘাট কাউন্টারে কর্তব্যরত টার্মিনাল তত্ত্বাবধায়ক হাবিবুর রহমান খাতা দেখে প্রথম আলোকে জানান, বৃহস্পতিবার রাত ১০টা ৩৫ মিনিটে দৌলতদিয়া থেকে ১৬টি ট্রাক ও একটি ছোট গাড়ি নিয়ে ফেরি খানজাহান আলী; ১০টা ৪০ মিনিটে ১৪টি ট্রাক, দুটি ছোট গাড়ি ও একটি বাস নিয়ে আমানত শাহ; ১০টা ৪৫ মিনিটে সাতটি ট্রাক নিয়ে কুমারী; ১১টা ৪০ মিনিটে ১৬টি ট্রাক ও চারটি ছোট গাড়ি নিয়ে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর এবং একই সময় ১৭টি ট্রাক নিয়ে ফেরি কেরামত আলী পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায়। মাঝনদীতে যাওয়ার পর ফেরিগুলো ঘন কুয়াশার কবলে পড়ে। এ সময় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর কোনোমতে রওনা হলেও পাটুরিয়ার কাছে লঞ্চঘাটে গিয়ে যাত্রা বন্ধ রাখতে বাধ্য হয়।এ ছাড়া পাটুরিয়া প্রান্ত থেকে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দৌলতদিয়া আসার সময় মাঝনদীতে আটকা পড়ে। অন্যদিকে পাটুরিয়া প্রান্তে ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, শাহ আলী, শাহ পরান ও শাহ জালাল যানবাহন নিয়ে ঘাটেই নোঙর করতে বাধ্য হয়। গতকাল সকাল সাড়ে আটটার পর থেকে কুয়াশা কমতে থাকলে ফেরি চলাচল শুরু হয়।ঝিনাইদহের মহেশপুর থেকে আসা ঢাকাগামী বাস মামুন ট্রাভেলসের চালক মো. রিপন মিয়া গতকাল দুপুর ১২টার দিকে প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবার রাত ১১টার দিকে ৪৪ জন যাত্রী নিয়ে দৌলতদিয়ায় পৌঁছি। ফেরি বন্ধ থাকায় সারা রাত মহাসড়কেই ছিলাম। এখনো ফেরির নাগাল পাইনি। বাসে থাকা ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীর পরীক্ষা থাকায় তাঁরা সকালে ট্রলারে নদী পাড়ি দিয়ে পাটুরিয়ায় চলে যান।’বিআইডব্লিউটিসির পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুৎ কুমার সাহা গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রথম আলোকে জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া প্রান্তে এখনো এক শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে আছে। এর মধ্যে বেশির ভাগই ট্রাক।অন্যদিকে আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্লাহ খান জানান, কুয়াশার কারণে রাত ১২টার দিকে দৃষ্টিসীমা এক ফুটে নেমে এলে ফেরি পারাপার বন্ধ করে দেওয়া হয়।মাওয়া-কাওরাকান্দি: রাত ১২টার দিকে ঘন কুয়াশার কারণে দিকনির্দেশক বাতি, মার্কিং ও সিগন্যাল বাতি অস্পষ্ট হয়ে পড়লে সরু চ্যানেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় কাওরাকান্দি ও মাওয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও ভাষাশহীদ বরকত, ফেরি যমুনা, টাপলো, রামশ্রী ও রানীক্ষেত ২৫টি বাসসহ ছোট-বড় শতাধিক যানবাহন নিয়ে পদ্মা নদীর মাঝখানে নোঙর করে রাখে। এ ছাড়া কাওরাকান্দি ঘাটে ফেরি কিশোরী, রানীগঞ্জ, কাকলী ও কপতী এবং মাওয়া ঘাটে ফেরি কাবেরি নোঙর করে রাখতে বাধ্য হয়।বিআইডব্লিউটিসির কাওরাকান্দি ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আবদুল বাতেন গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, ঘন কুয়াশা কমলে গতকাল সকাল আটটা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ঘাটে কিছু ট্রাক ও বাস আছে, যা সন্ধ্যার মধ্যে নদী পার হয়ে যাবে।[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, সাভার; গোয়ালন্দ (রাজবাড়ী) ও শিবচর (মাদারীপুর) প্রতিনিধি]