ঘন ঘন হরতালের পরিকল্পনা থেকে সরে এসেছে বিএনপি
ঘন ঘন হরতাল দেওয়ার পূর্বপরিকল্পনা থেকে সরে এসেছে প্রধান বিরোধী দল বিএনপি। রাজনৈতিক অঙ্গনে বড় কিছু না ঘটলে নভেম্বরের আগে বড় ধরনের কোনো কর্মসূচি দেওয়ার সম্ভাবনা নেই বলে বিএনপির সূত্রগুলো জানিয়েছে।পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার-ব্যবস্থা বাতিলের প্রতিবাদে বিএনপি আন্দোলন করছে। গত জুন থেকে এ পর্যন্ত বিএনপি পাঁচ দিন হরতাল করেছে, আর সমমনাদের ডাকা দুই দিনের হরতালে সমর্থন দিয়েছে। দলটি সর্বশেষ ৬ ও ৭ জুলাই ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করে। অবশ্য এর আগে কয়েক মাস ধরে সভা-সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা বলেছিলেন, তত্ত্বাবধায়ক সরকার-পদ্ধতি বাতিলের প্রতিবাদে হরতাল-অবরোধের টানা কর্মসূচি দেওয়া হবে। এখন বিএনপির সূত্রগুলো জানাচ্ছে, বিএনপি আন্দোলনের কৌশল পরিবর্তন করেছে। গত বুধবার গণ-অনশন কর্মসূচিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যেও এর ইঙ্গিত রয়েছে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনও প্রথম আলোকে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার-ব্যবস্থা বহালের দাবিতে দলটির আন্দোলন অব্যাহত থাকবে। বিএনপির চেয়ারপারসন এখনই হরতালের মতো কর্মসূচি না দিয়ে জনস্রোতে সরকার পতনের কথা বলেছেন। সে ধরনের গণজাগরণ সৃষ্টি করবে বিএনপি। রোজার ঈদের পর খালেদা জিয়ার বিভিন্ন জেলা সফর ও পদযাত্রা (রোডমার্চ) কর্মসূচি পালিত হবে বলেও তিনি জানান।এদিকে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের শরিক ও সমমনা ধর্মভিত্তিক দলগুলোর পক্ষেও কোরবানির ঈদের আগে হরতালের মতো কর্মসূচিতে যাওয়া সম্ভব নয়। এর কারণ হিসেবে দলগুলোর নেতারা বলেন, ধর্মীয় মূল্যবোধ বজায় রাখা, রোজার সময় মানুষের যাতে সমস্যা সৃষ্টি না হয় এবং হজযাত্রীদের যাওয়া-আসার সুবিধার জন্য তারা এই সময়ের মধ্যে হরতাল চায় না। ধর্মভিত্তিক দলগুলোর অনেক নেতাই হজ ব্যবস্থাপনার ব্যবসার (হজ এজেন্সি) সঙ্গে যুক্ত। তা ছাড়া এর মধ্যে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের পরীক্ষাও আছে।জানতে চাইলে ইসলামী ঐক্যজোটের আমির মুফতি ফজলুল হক আমিনী প্রথম আলোকে বলেন, ‘যে যা-ই বলুক, হজের আগে আমাদের পক্ষে মাঠে ভূমিকা রাখা সম্ভব হবে না।’আর ধর্মভিত্তিক দলগুলো আন্দোলনের জন্য প্রস্তুত না হলে বিএনপিও বড় কর্মসূচিতে নামবে না বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। এই হিসেবে হজের আগে অর্থাৎ মধ্য নভেম্বরের আগে বিএনপির পক্ষে বড় কর্মসূচি নিয়ে মাঠে নামার সম্ভাবনা কম। বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতার মতে, রাজনৈতিক ঐক্য গঠন এখন বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে পেশাজীবীদের মাঠে নামানো ও সাধারণ মানুষকে বিএনপির আন্দোলনের সঙ্গে একাত্ব করা জরুরি। এই লক্ষ্যে কাজ শুরু হয়েছে বলেও তাঁরা জানান।দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না। তাই এটা বহাল করতে বড় আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করার লক্ষ্যে কাজ চলছে। তিনি বলেন, যেকোনো বড় আন্দোলন শুরুর আগে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। বিএনপি এখন তা-ই করছে।হরতালে আপত্তি বিকল্পধারার: বিএনপির কর্মসূচিতে সমর্থন দেওয়ার জন্য সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর দল বিকল্পধারা বাংলাদেশের সঙ্গে সম্প্রতি বৈঠক করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ও ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা।সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ওই বৈঠকে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি বদরুদ্দোজা চৌধুরী বিএনপির নেতাদের জানিয়েছেন কেবল শান্তিপূর্ণ কর্মসূচিতে তাঁর দল বিএনপির সঙ্গে সংহতি প্রকাশ করবে। হরতালের মতো ধ্বংসাত্মক কর্মসূচিতে বিকল্পধারা সমর্থন দেবে না। বদরুদ্দোজা চৌধুরী গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, হরতালের মতো কর্মসূচি থেকে বিরত থাকার ব্যাপারে বিএনপি ঘোষণা দেওয়ায় বিকল্পধারা সন্তুষ্ট হয়েছে। এর মধ্যে বিরোধী দল রাজনীতির মৌলিক পরিবর্তনের দিকনির্দেশনা দিয়েছে।