ঘন দেয়া বরষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাসের মাঝ নাগাদ এসে আষাঢ়কে চেনা যাচ্ছে আষাঢ় বলে। গত তিন দিন থেকে রাজধানীর আকাশ আচ্ছন্ন হয়ে আছে ভুসোকালির মতো কালো মেঘে। ডেকে উঠছে গুরু গুরু গর্জনে। চমক দিচ্ছে বিদ্যুৎ। আর যার অভাবে বর্ষাকে বর্ষা বলেই মনে হচ্ছিল না, সেই বৃষ্টিও ঝরছে ভারী, মাঝারি, ইলশেগুঁড়ি নানা ছন্দে-লয়ে।অবশ্যম্ভাবী ফল হিসেবে রাজধানীর বহু এলাকায় রাজপথ ডুব দিয়েছে পানির তলায়। যাত্রাবাড়ীর ওদিকটায় কোথাও কোথাও নিমজ্জিত পথে নৌকা চলছে। আশ্চর্যের কিছু নেই। বর্ষা মৌসুমে বহুদিন থেকেই ভারী বৃষ্টি-বাদল হলে ঢাকায় যে নৌকা চলে, সে তো জানাই। যানজটের শহরে জলাবদ্ধতাও অভিনব কিছু নয়। ফি বছর বর্ষার আগ দিয়ে খোঁড়াখুঁড়ি করে সড়কগুলোকে রোপা ধানখেতের মতো করে ফেলার ঐতিহ্যে এবারও ব্যত্যয় ঘটেনি। তো কাদায়-পানিতে সয়লাব সেই এবড়োখেবড়ো পথে চলাচল করতে গিয়ে নগরবাসীর দুর্ভোগ হচ্ছে—এ-ও কি কোনো নতুন ঘটনা? আদৌ তা নয়। কাজেই কে তাতে নজর দিতে যাবে। বর্ষাকালে এমন দুর্ভোগ হবেই, এটা আমাদের নগরজীবনে একরকম সংবিধিবদ্ধ বিষয়ে পরিণত। তাই এসব নিয়ে হাপিত্যেশ করে কোনো ফায়দা আছে বলে মনে হয় না।বরং এই যে গুমোটে অস্বস্তিকর পরিবেশে থেকে থেকে দমকা ভেজা হাওয়া বয়ে যাচ্ছে, তাতেই তুষ্ট হওয়া ভালো। নাই বা থাকুক তাতে কদম, কেয়ার দূরবাহী সৌরভ মেশানো। সেই হাওয়ার স্পর্শ যে গা জুড়িয়ে দিচ্ছে, প্রাণে জাগাচ্ছে প্রশান্তি, সেটাও তো সামান্য নয়। বাংলার প্রকৃতিতে বর্ষার অবদান প্রকৃতপক্ষেই অসামান্য। কাজের জিনিসের মূল্য তার নান্দনিকতার চেয়ে উপযোগিতার নিরিখেই বিচার্য। বর্ষার ক্ষেত্রে উভয় দিকেই পাল্লা সমান। অবিরল বর্ষণ নদীমাতৃক এই বদ্বীপটিকে তার সজল অবয়বে ফিরিয়ে আনে। গাছপালা, লতাগুল্ম বেড়ে ওঠে বুনো উচ্ছ্বাসে। সবুজ তো সবুজই। কিন্তু বর্ষা মৌসুম ছাড়া গাছের শাখায় শাখায়, মাঠের ঘাসে, ফসলের মাঠে এত নিবিড় সতেজ সবুজের সমারোহ চোখে পড়ে না আর কখনো। আর সবচেয়ে অসাধারণ যে ঘটনাটি ঘটে তা হলো অঙ্কুরোদ্গম। চাষি যে বীজের চাষ করে না, বনবিভাগ বীজতলায় যে বীজ ছড়ায় না, কোনো নার্সারিতে যে চারা উৎপন্ন হয় না—প্রকৃতি সেই অপার, অজস্র বীজ থেকে অঙ্কুরোদ্গম ঘটায়। আষাঢ়ের নবধারাজল রুক্ষ মাটিকে কোমল আর্দ্র করে তোলে। অমৃতসম সেই জলসিঞ্চন মাটির গভীরে সুপ্ত বীজে নিভৃতে জাগায় প্রাণের উন্মেষ। একদিন খোলসের আবরণ ছিন্ন করে, মাটি থেকে উদ্গত হয় সেই সব নবীন উদ্ভিদ, যারা সবুজ করে রাখে পৃথিবীকে।এই বৃষ্টিকেই পাওয়া যাচ্ছিল না এবার আষাঢ়ের শুরু থেকে। তার প্রতীক্ষায় ছিল মানুষ ও প্রকৃতি। অবসান হয়েছে সেই প্রতীক্ষার। আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে, কেবল রাজধানীতেই নয়, সারা দেশেই বেশ ভালো বৃষ্টি হচ্ছে। রোববার সকাল পর্যন্ত বেদম বৃষ্টি হয়েছে কতুবদিয়ায়, ২৪ ঘণ্টায় ২৪০ মিলিমিটার। উপকূলবর্তী এলাকা ছাড়া এ সময় বেশি বৃষ্টি হয়েছে ফরিদপুরে, ১১৭ মিলিমিটার। দেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে আসাম পর্যন্ত মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। আগামী আরও তিন দিন এমন বৃষ্টিমুখর থাকতে পারে দেশের বিভিন্ন অঞ্চল।দিগন্ত আবছা করে নেমে পড়া বৃষ্টি, একলা ঘরে সঙ্গীবিহীন বিরহীর অব্যক্ত বেদনা—কত না দীর্ঘ কাল থেকে কত মানুষের হূদয়াবেগের অনুষঙ্গ হয়ে আছে এই বর্ষা। কত বিচ্ছেদ, কত মিলনের আনন্দ। কত গানের সুর, কবিতা-ছন্দ, রং-তুলির ছোপে গায়ক, কবি, শিল্পীরা, ধরতে চেয়েছেন অধরা মাধুরীকে। বর্ষাকে অনিন্দ্য করে তুলেছেন তাঁরা। ‘রিম্ ঝিম্ রিম্ ঝিম্ ঝিম্ ঘন দেয়া বরষে’ সেই বর্ষা ঝরছে। টিনের চালে, গাছের পাতায় বৃষ্টির ফোঁটার সুর। নদীতে বাঁধনহারা স্রোত। নিস্তরঙ্গ বিল-ঝিল, পুকুরে ঝরে পড়া বারিবিন্দুর অবিরাম এঁকে চলা জলছবি। বর্ষা ছাড়া আর কে পারে এমন করে জাগাতে, মর্মমূল অবধি ভিজিয়ে শুদ্ধ করে তুলতে।