ঘনিষ্ঠভাবে পেতে চাওয়ায় স্বামীকে খুন করল স্ত্রী
স্ত্রীকে ঘনিষ্ঠভাবে পেতে চেয়েছিলেন স্বামী। কিন্তু সম্মতি পাওয়া তো দূরের কথা, উল্টো খুন হতে হয়েছে তাঁকে। সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে ভারতের মুম্বাইয়ে। শারীরিক সম্পর্ক স্থাপন করতে চাওয়ায় স্বামীকে হত্যা করেছেন ভারতের ওই নারী আয়ুর্বেদিক চিকিত্সক। গত বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ে এ ঘটনা ঘটে। পুলিশ ইতিমধ্যে প্রজ্ঞা ভট্টাচার্য নামের ওই নারী চিকিত্সককে গ্রেপ্তার করেছে।মুম্বাই পুলিশের দেওয়া তথ্যমতে, গত বৃহস্পতিবার রাতে শারীরিক সম্পর্ক স্থাপনের ইচ্ছা প্রকাশ করেন প্রজ্ঞার স্বামী তুষার। কিন্তু আবেদন অগ্রাহ্য করেন তাঁর স্ত্রী প্রজ্ঞা। এরপর তাঁরা উত্তপ্ত বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে স্বামীকে জোরে ধাক্কা দেন প্রজ্ঞা। কিছুটা মাতাল অবস্থায় থাকা তুষার দেয়ালের সঙ্গে ধাক্কা খান এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর প্রজ্ঞা তোয়ালে দিয়ে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করেন।পুলিশের কাছে অবশ্য প্রথমে ভিন্ন একটা গল্প বলেছিলেন প্রজ্ঞা ভট্টাচার্য। তাঁর প্রথম দাবি ছিল, বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছেন তাঁর স্বামী তুষার। কিন্তু লাশ ময়নাতদন্তের পর তুষারের মাথায় গভীর ক্ষতের চিহ্ন পান চিকিত্সকেরা। এরপর পুলিশি জিজ্ঞাসাবাদে সবকিছু স্বীকার করেন প্রজ্ঞা। মুম্বাই পুলিশের এক কর্মকর্তা বলেছেন, ‘শুক্রবার সকালে আমরা প্রাথমিকভাবে একটা দুর্ঘটনাজনিত মৃত্যুর রিপোর্ট গ্রহণ করেছিলাম। কারণ তিনি জানিয়েছিলেন, বিদ্যুত্স্পৃষ্ট হয়ে তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ভাগবতি হাসপাতালে। সেখানকার রিপোর্ট থেকে জানা যায়, মৃতের মাথায় খুব গুরুতর চোটের চিহ্ন আছে। এর পর থেকে ওই নারী অনেকবার নিজের বক্তব্য পরিবর্তন করার চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি সবকিছু স্বীকার করতে বাধ্য হয়েছেন।’ভারতের কর্ণাটক বংশোদ্ভূত তুষার ও আয়ুর্বেদিক চিকিত্সক প্রজ্ঞা ২০ বছর ধরে বিবাহিত জীবন যাপন করছিলেন। তাঁদের ১৮ বছর বয়সী একটি মেয়েও আছে।