ঘর আছে, দরজা জানালা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘর আছে, নেই দরজা জানালা। বৃষ্টি পড়লে বই ভিজে, রোদ হলে ঘামে গা ভিজে আর আকাশে মেঘ দেখা দিলে বাড়ি চলে যেতে হয়। এরই মধ্যে চলছে সদর উপজেলার মির্জাপুর মুন্সি সাইদুর রহমান বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের শিক্ষার্থী শিউলি আক্তার, মো. জসিম উদ্দীন, সাব্বির আহম্মদ ও কল্পনা রানী জানায়, ছাদ ফাটা, ঘরে দরজা-জানালা নেই, বৃষ্টি হলে পানি পড়ে। বই-খাতা, জামা-কাপড় ভিজে যায়। কক্ষে বসে ক্লাস করা যায় না। আকাশে মেঘ দেখা দিলে ভয়ে স্কুল ছুটি হয়ে যায়।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহাদত হোসেন বলেন, শ্রেণীকক্ষ জরাজীর্ণতার কারণে শিক্ষার্থীদের সব সময় ঠিকভাবে পড়ানো সম্ভব হয় না। মাঝেমধ্যে গাছতলায় পড়াতে হয়। আকাশ মেঘলা বা ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিলে দরজা-জানালাবিহীন ঘরের ছাদ ধসে পড়ার আশঙ্কায় শিক্ষার্থীদের ছুটি দিয়ে দিতে হয়। বর্ষাকালে শ্রেণীকক্ষে ক্লাস নেওয়া খুব ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। প্রশ্নপত্র ও শিক্ষা উপকরণ চুরির ভয়ে বাড়িতে নিয়ে রাখতে হয়। এই এলাকায় একটি মাত্র বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়। ১৯৯৪ সালে স্থাপিত বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১০৩ জন। শিক্ষক মাত্র দুজন। বসতে দেওয়ার ব্যবস্থা না থাকায় দুই শিফটে ক্লাস নিতে হয়। বেসরকারি রেজিস্টার্ড উন্নয়ন প্রকল্পের কাছে প্রতিবছর সাহায্যের আবেদন করা হয়। কিন্তু গত ১৫ বছরে কোনো সাহায্য মেলেনি।