ঘর আলো করে এল চার সন্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি বলে বোঝাতে পারব না, আমার কতটুকু আনন্দ লাগছে! তবে আজ আমি মহা খুশি একসঙ্গে চার সন্তানের বাবা হতে পেরে। একসঙ্গে দুই ছেলে, দুই মেয়ে।’ একসঙ্গে চার সন্তানের বাবা হয়ে আনন্দে এই কথাগুলো বলছিলেন নরসিংদীর শিবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের শাহ আলম মিয়া। আজ বুধবার সকাল সাতটার দিকে তাঁর স্ত্রী আমেনা বেগম নরসিংদী শহরের বেসরকারি ইউনাইটেড জেনারেল হাসপাতালে চার সন্তানের জন্ম দেন।শিশুদের পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ইউনাইটেড জেনারেল হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ কাজী নাজমা বেগমের তত্ত্বাবধানে দুই মাস ধরে চিকিত্সা নিচ্ছিলেন অন্তঃসত্ত্বা আমেনা বেগম। চিকিত্সক তাঁকে জানিয়েছিলেন, দুটি সন্তান হবে।আজ ভোরে আমেনার ব্যথা শুরু হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি দুটি ছেলে ও দুটি মেয়ের জন্ম দেন। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার লোকজন শিশুদের দেখার জন্য হাসপাতালে ভিড় জমায়। হাসপাতালের চিকিত্সক কাজী নাজমা বেগম প্রথম আলো ডটকমকে বলেন, ‘প্রথমে আমেনার রক্তচাপ নিয়ন্ত্রণে ছিল না। পরে অবশ্য ঠিক হয়ে যায়। আমি আশ্চর্য হয়েছি, আলট্রাসনোগ্রাম পরীক্ষায় দুটি বাচ্চা হবে—এমনটা ধরা পড়েছিল। কিন্তু আজ ভোরে সিজারের পর তাঁর চারটি বাচ্চা হয়। এ রকম অভিজ্ঞতা আমার এই প্রথম।’ মা ও শিশুরা সবাই সুস্থ আছে। শিশুদের ওজনও স্বাভাবিক বলে তিনি জানান।একসঙ্গে চার সন্তানের জন্ম দেওয়ার ব্যাপারে চিকিত্সক কাজী নাজমা বেগম বলেন, আমেনার নয় বছরের একটি মেয়ে আছে। দীর্ঘদিন সন্তান না নেওয়ায় ও একাধিক সন্তানের আশায় এক ধরনের ওষুধ গ্রহণ করতেন তিনি। আর এ কারণেই তিনি চারটি বাচ্চার জন্ম দিতে পেরেছেন।