ঘর ও মন্দির ভাঙচুরের ঘটনায় সাজানো মামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলার উকিয়ারা গ্রামে ঘর ও মন্দির ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা থানায় মামলা করতে পারেননি। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের এক আত্মীয়কে চাপ প্রয়োগ করে একটি মামলা করানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে করা এই মামলায় মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। এই মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন: উকিয়ারা এলাকার রমজান আলী, শাহীন মিয়া, গফ্ফার মিয়া, হাবিব, মিঠু, আমীন, সুরুজ্জামান, শুকুর আলী, চান মিয়া, নওশের উদ্দিন ও আবদুল কুদ্দুস।পুলিশ জানায়, হামলায় ক্ষতিগ্রস্ত শরৎ ও গোসাই মণ্ডলের পক্ষে তাঁদের মাসতুতো (খালাতো) ভাই সুধীর কুমার সরকার বাদী হয়ে বুধবার রাতে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা করেন। মামলায় ঘর ভাঙচুর ও সাংবাদিক নির্যাতনের অভিযোগে নয়জনের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে এবং উকিয়ারা ও আশপাশের এলাকার অজ্ঞাত পরিচয় বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলা প্রসঙ্গে শরৎ মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘আমার মাসতুতো ভাই সুধীর আমাদের ইচ্ছায় নয়, পুলিশ অথবা প্রভাবশালীদের ভয়ে সাজানো মামলায় স্বাক্ষর করেছেন। প্রকৃত অপরাধীদের রক্ষা করাসহ মূল ঘটনা ধামাচাপা দিতেই এ মামলা করা হয়েছে। আর যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁরা অনেকেই ঘটনার সঙ্গে জড়িত নন।’ শরৎ অভিযোগ করে বলেন, ‘পুলিশের সহযোগিতা না পেয়ে ও সন্ত্রাসীদের ভয়ে আমরা আত্মগোপন করেছি। তাই মামলা করার জন্য থানায় যেতে সাহস পাইনি। আর এই সুযোগ কাজে লাগিয়ে পুলিশ সুধীরকে বাদী করে মামলা নিয়েছে।’ বক্তব্য নেওয়ার জন্য বাদী সুধীরের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের অভিযোগ অস্বীকার করে বলেন, সুধীরকে প্রভাবিত করা হয়নি। তিনি স্বেচ্ছায় মামলা করেছেন। মামলায় মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা এড়িয়ে যাওয়া প্রসঙ্গে ওসি বলেন, তদন্তে সব বের হয়ে আসবে।মানিকগঞ্জের পুলিশ সুপার মো. মাসুদ করিম বলেন, ক্ষতিগ্রস্ত লোকজনের কাছ থেকে সাড়া না পেয়ে ত্বরিত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ওই মামলা নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা চাইলে এখনো তথ্য সংযোজন করতে পারবেন। সেই সুযোগ তাঁদের জন্য রয়েছে। এদিকে গতকাল বৃহস্পতিবার উকিয়ারার ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মানিকগঞ্জ শাখার সভাপতি দীপক ঘোষ। তিনি এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। গত মঙ্গলবার উকিয়ারা গ্রামে সন্ত্রাসীরা হামলা চালিয়ে দুটি সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদের পর তাদের আধা পাকা ঘর ও একটি মন্দির ভেঙে তাতে আগুন ধরিয়ে দেয়। ওই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার হন এক সাংবাদিক।