ঘর তোলার হিড়িক পদ্মা সেতু এলাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু নির্মাণের জন্য শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ও পশ্চিম নাওডোবা ইউনিয়নে ভূমি অধিগ্রহণ এবং হুকুমদখল শেষ করেছে জেলা প্রশাসন। ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের ক্ষতিপূরণ দিচ্ছে জেলা প্রশাসন। চলছে ফসল, গাছপালা ও ভূমিতে থাকা স্থাপনার তালিকা প্রস্তুতের কাজ।এদিকে অধিক ক্ষতিপূরণ পাওয়ার আশায় এলাকায় নতুন ঘর নির্মাণের হিড়িক পড়ে গেছে। গত ছয় মাসে এই এলাকায় প্রায় তিন হাজার নতুন ঘর গড়ে উঠেছে।জেলা প্রশাসকের কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, পদ্মা সেতু নির্মাণের জন্য এ পর্যন্ত শরীয়তপুরে ৯৫৬ দশমিক ৯২ একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। ২৬০ একর ভূমি হুকুমদখল করা হয়েছে। মূল সেতু নির্মাণ, সংযোগ সড়ক, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন, গাইড বাঁধ, রক্ষণাবেক্ষণ এলাকা, রেলওয়ের সড়ক ও সার্ভিস এলাকার জন্য এসব ভূমি অধিগ্রহণ ও হুকুমদখল করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ পর্যন্ত দুই হাজার ১০০ জনকে ১৯ কোটি টাকার ক্ষতিপূরণের চেক দেওয়া হয়েছে। অন্যদের ক্ষতিপূরণের টাকা দেওয়ার কাজ প্রক্রিয়াধীন। জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি হুকুমদখল শাখা থেকে অধিগ্রহণকৃত জায়গার ফসল, গাছপালা ও স্থাপনার তালিকা প্রস্তুতের কাজ চলছে। সেতু বিভাগ এ তালিকা অনুমোদন দেওয়ার পর জেলা প্রশাসকের কার্যালয় ক্ষতিপূরণের টাকা বিতরণ করবে। তালিকা অনুযায়ী শুধু ঘর অপসারণের জন্য প্রতি বর্গফুটে ১৭ টাকা করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দেওয়া হবে।শরীয়তপুর গণপূর্ত বিভাগের প্রকৌশলী মনির হোসেন জানান, ঘর বা স্থাপনাভেদে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের টাকা দেওয়া হবে। প্রতি বর্গফুটের জন্য এক হাজার থেকে দুই হাজার ১০০ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে।বেশি ক্ষতিপূরণ পাওয়ার আশায় কিছু লোক ফসলি জমি ও ভিটায় নতুন ঘর নির্মাণ করছে। এমনকি প্রকল্প এলাকার বাইরের অনেক লোক অধিগ্রহণকৃত ভূমির মালিকদের কাছ থেকে ভাড়া নিয়ে ঘর নির্মাণ করেছে। গত ছয় মাসে ছবদের ফকিরকান্দি, বয়াতিকান্দি, ছমির মৃধারকান্দি, মজিদ ঢালীকান্দি, সমর আলী ঢালীকান্দি, জৈনউদ্দিন মাদবরকান্দি গ্রামে প্রায় তিন হাজার নতুন ঘর গড়ে উঠেছে। এসব ঘরে কোনো মানুষ থাকে না। ঘর নির্মাণের পর তা তালাবদ্ধ করে রাখা হয়।গত সোমবার ছবদের ফকিরকান্দি গ্রামে গিয়ে দেখা যায়, ঢাকার টঙ্গী এলাকার বাসিন্দা খোকা খান জমি ভাড়া নিয়ে ২০টি ঘর নির্মাণ করেছেন। স্থানীয় খলিল হাওলাদার ঘর নির্মাণ ও রক্ষণাবেক্ষণ তদারক করছেন। ওই গ্রামের গিয়াস উদ্দিন বলেন, ‘টঙ্গীর খোকা খান আমার কাছ থেকে দুই বিঘা জমি ভাড়া নিয়েছেন। পদ্মা সেতুর ক্ষতিপূরণ পাওয়ার আশায় এ জমিতে ঘর নির্মাণ করা হচ্ছে।’ একই গ্রামের খলিল হাওলাদার বলেন, ‘খোকা খান আমার আত্মীয়। তিনি এখানে জমি কিনে ও ভাড়া নিয়ে কয়েকটি ঘর নির্মাণ করেছেন। আমি তাঁর পক্ষে এগুলো দেখভাল করছি।’পূর্ব নাওডোবা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জলিল গোমস্তা বলেন, ‘নতুন ঘর নির্মাণের বিষয়টি আগেই জেলা প্রশাসককে মৌখিকভাবে জানিয়েছি। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় স্থানীয় মানুষ আরও অনেক ঘর তুলছেন। অনেকে এসব ঘরের বিপরীতে ক্ষতিপূরণের টাকাও পেয়েছেন। এতে সরকারের অনেক আর্থিক ক্ষতি হচ্ছে।’শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিতাই চন্দ্র সেন বলেন, ‘এলাকার মানুষ অধিক ক্ষতিপূরণের আশায় অনেক নতুন ঘর নির্মাণ করেছে। আমরা তাদের বাধা দিয়েছিলাম। ওই সব এলাকার প্রস্তুত করা তালিকা থেকে নতুন ঘর বাদ দেওয়া হবে। শিগগির এসব অবৈধ ঘর উচ্ছেদ করার জন্য অভিযান চালানো হবে।’