ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দেবেন না—হরতাল প্রসঙ্গে মেনন
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘সাভারের রানা প্লাজা ধসের ঘটনা কোনো দুর্ঘটনা নয়, এটি একটি হত্যাকাণ্ড। শ্রমিকদের সেখানে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তাই দোষীদের খুনের দায়ে গ্রেপ্তার করে বিচার করতে হবে।’ আজ রোববার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে রাশেদ খান মেনন এসব কথা বলেন।সাভারে গার্মেন্টস ট্র্যাজেডির হোতা মুনাফালোভী মালিকদের বিচার এবং বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর দাবিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পার্টির ঢাকা মহানগরের সম্পাদক কিশোর রায়।রাশেদ খান মেনন বলেন, ‘সাভারের এই দুর্ঘটনা প্রাকৃতিক নয়, এটা মানুষের সৃষ্টি, লুটপাটের সৃষ্টি, সন্ত্রাসের সৃষ্টি।’ তিনি বলেন, ‘এটি একটি হত্যাকাণ্ড। তাই এর সঙ্গে জড়িতদের খুনের দায়ে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’সাভারের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে রাশেদ খান মেনন বলেন, ‘এরই মধ্যে রানাসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এর পরিণতি কী, জানি না।’ তিনি বলেন, ‘এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তাতে এই সন্দেহ আরও প্রকট করেছে।’আগামী ২ মে বিএনপি ও কয়েকটি বাম দলের হরতালের সমালোচনা করে মহাজোটের এই সাংসদ বলেন, ‘ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দেবেন না। রাজনৈতিক ফায়দা হাসিলের এই হরতাল প্রত্যাহার করুন।’ এ সময় তিনি নিহত ও আহত ব্যক্তিদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আগামী ৪ মে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেন তিনি। সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, পলিট ব্যুরোর সদস্য হাজেরা সুলতানা, ঢাকা মহানগর কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য আবুল হোসাইন প্রমুখ।এ দিকে সাভার ট্র্যাজেডির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন, গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফোরাম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সংঘসহ কয়েকটি সংগঠন।