ঘর বরাদ্দে অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মহানগরের পাইকারি কাঁচাবাজারের আড়তঘর বরাদ্দ নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পাইকারি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির প্রত্যেক নেতার দখলে একাধিক ঘর থাকলেও ৩৪ জন ব্যবসায়ী এখনো ঘর পাননি। বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৮ সালের ১৩ মার্চ কাঁচাবাজারটি নগরের নিরালা থেকে সোনাডাঙ্গা ট্রাক টার্মিনালে স্থানান্তরের সময় ১৩৫ জন ব্যবসায়ীকে পুনর্বাসনের আশ্বাস দেওয়া হয়। কিন্তু ৩৪ জন ব্যবসায়ী এখনো ঘর পাননি। অথচ বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটির বর্তমান আহ্বায়ক নজরুল ইসলাম ও সাবেক ওয়ার্ড কমিশনার মো. রাশেদ নামে-বেনামে ১০টি করে ঘর বরাদ্দ নিয়েছেন। এ ছাড়া সাবেক কমিটির কর্মকর্তা আবদুল আজিজের চারটি, বেলায়েত হোসেনের চারটি, আলম শিকদারের তিনটি, সোবাহান সরদারের চারটি, আবু বক্কার মোড়লের দুটি, আবদুস সালামের দুটি, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের নিজের ও আত্মীয়ের নামে দুটি করে ঘর রয়েছে। সিটি করপোরেশন নির্ধারিত ১৫ বাই ২৫ বর্গফুটের দোকান ঘরগুলো আয়তনে কমিয়ে আরও সাতটি বেশি ঘর নির্মাণ করা হয়েছে। এসব ঘর বিক্রি করেও কয়েক লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। বৈদ্যুতিক মিটারের সিকিউরিটি বাবদ ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা তোলা হয়েছে, যা কমিটির আহ্বায়কের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়েছে। পাইকারি কাঁচাবাজার সমিতির অফিস সূত্রে জানা গেছে, ব্যবসায়ীদের নিরাপত্তার নামে প্রতি মাসে নগরের সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পাঁচ হাজার, সেকেন্ড অফিসারকে এক হাজার এবং একাধিক মামলার আসামি স্থানীয় এক সন্ত্রাসীকে এক হাজার টাকা করে দেওয়া হয়। কয়েকজন ওয়ার্ড কাউন্সিলর ও সিটি করপোরেশনের কয়েকজন কর্মচারীর বাড়ির বাজারও সমিতির পক্ষ থেকে দেওয়া হয়।বর্তমান আহ্বায়ক কমিটির সদস্যসচিব নাসির আহমেদ প্রথম আলোকে জানান, ২০০৯ সালে আহ্বায়ক কমিটি গঠনের পর ব্যাংক হিসাব পরিচালনার জন্য তিন সদস্যবিশিষ্ট কমিটি করা হয়। কিন্তু আহ্বায়ক নজরুল ইসলাম কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে হিসাব পরিচালনা করছেন। এ ছাড়া আগের কমিটি মামলা পরিচালনার নামে ২০০৮-০৯ সালে ব্যয় দেখিয়েছে প্রায় পাঁচ লাখ টাকা। ব্যবসায়ীদের কাছ থেকে দুই দফায় এ টাকা নেওয়া হলেও তা সমিতির তহবিলে জমা না দিয়ে তৎকালীন কমিটির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির আত্মসাৎ করেছেন। এ ছাড়া ট্রাক টার্মিনালে বাজার প্রতিষ্ঠার নামে ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৬০ লাখ টাকা আদায় করা হয়েছে, যার হিসাব সাধারণ ব্যবসায়ীদের দেওয়া হয়নি। অনেক ভুয়া ভাউচারের মাধ্যমে অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে।কমিটির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক নজরুল ইসলাম সব অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কেসিসির কাছ থেকে ঘরগুলো বৈধভাবে বরাদ্দ নিয়ে ব্যবসায়ীরা ব্যবসা করছেন। যাঁরা বাজারে ঘর পাননি বলে বিভিন্ন দপ্তরে অভিযোগ করছেন, তাঁরা ঠিক বলছেন না। তাঁদের নামেও ট্রাক টার্মিনাল পাইকারি বাজারে ঘর বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু ঘরগুলো একটু পেছনের দিক হওয়ায় তাঁরা ঘরে বসেননি। অনেকে আবার এই বাজার টিকবে না বলে অপপ্রচার চালিয়েছেন। তবে বাজারের সার্বিক পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে মাসোহারা দিতে হয়েছে। অনেক ক্ষেত্রে চাঁদা দিতে বাধ্য হতে হয়েছে। আর নানা প্রতিকূলতার কারণে যৌথ অ্যাকাউন্টে হিসাব পরিচালনা করা সম্ভব হয়নি।’ এ ব্যাপারে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, ‘সম্পূর্ণ অবৈধভাবে নগরের ট্রাক টার্মিনালে পাইকারি কাঁচাবাজার বসানো হয়েছে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তৎকালীন ভারপ্রাপ্ত মেয়রের সময় গুটিকয়েক ব্যক্তি আর্থিক সুবিধা নিয়ে এই কাজ করেছেন। ঘর বরাদ্দ দেওয়া নিয়েও দুর্নীতির অভিযোগ আছে। যাঁরা পাইকারি বাজার নিয়ে দুর্নীতি করেছেন, তাঁদের বিরুদ্ধে অচিরেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সিটি করপোরেশন পরিচালিত এই বাজারের অবৈধ দখল হওয়া ঘরগুলো শিগগিরই উদ্ধার করে প্রকৃত ব্যবসায়ীদের মধ্যে বরাদ্দ দেওয়া হবে।’