ঘরগুলোতে কেউ থাকে না, দখলও ছাড়ে না
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের বাসুদেবপুর আবাসন প্রকল্পে ২৮টি ঘর তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। বরাদ্দ নেওয়ার পর (প্রায় আড়াই বছর) থেকে ঘরগুলোতে কেউ থাকে না, দখলও ছাড়ে না।পার্শ্ববর্তী ঘরগুলোর বাসিন্দারা বলেন, ওই ঘরগুলোর অধিকাংশ মালিকদের অবস্থা ভালো, নিজেদের বাড়ি আছে। তাঁরা ইউনিয়ন চেয়ারম্যান-মেম্বারদের সঙ্গে যোগসাজশে ঘরের বরাদ্দ নিয়েছেন। অনেকে এখন ঘরগুলো বিক্রি করে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন।খোঁজ নিয়ে জানা গেছে, ভূমিহীন মানুষের জন্য সরকার ২০০৭ সালে আবাসনটি তৈরি করে। এতে ১০০ ভূমিহীন পরিবার থাকার ব্যবস্থা রয়েছে। আবাসনে ১০টি ব্যারাক (ইউনিট) আছে। প্রতিটি ব্যারাকে ১০টি ভূমিহীন পরিবারকে একটি ঘরসহ সামনে ও পেছনে তিন শতক জমি বরাদ্দ দেওয়া হয়েছে। ব্যারাকের সামনে সবজি চাষের জন্য জায়গা ও একটি টিউবওয়েল দেওয়া হয়েছে। কিন্তু টিউবওয়েলগুলো অকেজো। আবাসনে ৭, ৮ ও ৯ নম্বর ব্যারাকে ২৩টি ভূমিহীন আদিবাসী পরিবার বাস করে। সরেজমিনে দেখা গেছে, ১ নম্বর ব্যারাকে একটি, ২ নম্বর ব্যারাকে সাতটি, ৩ নম্বর ব্যারাকে তিনটি, ৪ নম্বর ব্যারাকে পাঁচটি, ৫ নম্বর ব্যারাকে একটি, ৬ নম্বর ব্যারাকে একটি, ৭ নম্বর ব্যারাকে চারটি ও ১০ নম্বর ব্যারাকে তিনটি ঘর তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।২০ মে দুপুরে আবাসনে গিয়ে দেখা যায়, তালাবদ্ধ অবস্থায় পড়ে থাকা ঘরগুলোর সামনে ময়লা-আবর্জনার স্তূপ। ১ নম্বর ইউনিটের ৮ নম্বর ঘরের মালিক মো. বাবুর স্ত্রী দিলজান, ৫ নম্বর ঘরের গৃহিণী জুলেখা ও ৪ নম্বর ঘরের গৃহিণী হোসনে আরা জানান, তালাবদ্ধ ঘরগুলোর মালিক প্রত্যেকের অবস্থা ভালো, ওদের নিজের বাড়ি আছে। প্রায় আড়াই বছর হলো ঘর বরাদ্দ নিয়েছে, এরপর এক দিনও ঘরে থাকতে আসেনি। অথচ প্রতিদিন গরিব মানুষজন ঘরের খোঁজে এখানে আসে। বিষয়টি চেয়ারম্যানকে জানানোর পরও ব্যবস্থা নিচ্ছেন না।৪ নম্বর ইউনিটের ৮ নম্বর ঘরের গৃহিণী তাহেরা খাতুন জানান, তাঁর এক ছেলে বিয়ে করেছে, মেয়ে নবম শ্রেণীতে পড়ে। তিনি বলেন, ‘একটি ঘরের মধ্যে সিয়ানা (প্রাপ্তবয়স্ক) বাচ্চাদের সঙ্গে থাকতে খুব কষ্ট হয়। কিছু হাঁস-মুরগি ও ছাগল পালন করি, ওই ঘরের ভেতরে সেগুলোও রাখতে হয়। তালাবদ্ধ ঘরগুলোতে কেউ থাকে না, হামাক থাকতেও দেয় না।’ আবাসন সমিতির সভাপতি মো. মোজাম্মেল হক বলেন, ঘরগুলো উদ্ধারের জন্য আট মাস আগে ওগুলোর তালা ভেঙে নতুন তালা দেওয়া হয়েছিল। কিছুদিন পর ইউনিয়ন চেয়ারম্যান ফের ওই লোকজনকেই দখল দিয়েছেন। ভূমি অফিস ও ইউনিয়ন চেয়ারম্যানকে অনেকবার বিষয়টি জানানো হয়েছে, এরপরও একই অবস্থা। আলাদীপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. মোজাফ্ফর হোসেন সরকার তালাবদ্ধ অবস্থায় পড়ে থাকা ঘরগুলোর কথা স্বীকার করেন। তিনি বলেন, বরাদ্দ দেওয়ার পর ঘর মালিকদের উচ্ছেদ করা কঠিন। আবাসনের ঘর বরাদ্দ কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। কমিটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।সহকারী কমিশনার (ভূমি) এ কে এম সারোয়ার জাহান বলেন, আবাসনগুলো তদারকির জন্য একটি কমিটি আছে। ওই কমিটিই বিষয়গুলো দেখার কথা। আমি এখনো লিখিতভাবে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, ভূমিহীনদের একবার বরাদ্দ দেওয়া হলে পরে আবাসন থেকে উচ্ছেদ করা জটিল প্রক্রিয়া। বরাদ্দ প্রক্রিয়া ঠিকমতো করতে না পারলে এ ধরনের ঘটনা ঘটে। তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখে ব্যবস্থা নেওয়া হবে।