ঘরবাড়ি ও অফিসে জ্বালানির অপব্যবহার হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ‘আমাদের ঘরবাড়ি ও অফিসে প্রতিনিয়ত যেভাবে জ্বালানিশক্তির অপব্যবহার হচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’তিনি বিদ্যুত্, গ্যাসসহ দেশের জ্বালানিশক্তির অপব্যবহার রোধে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব দিয়েছেন। খবর বাসসের। আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবায়নযোগ্য শক্তি ইনস্টিটিউটের উদ্যোগে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘এনার্জি ইফিশিয়েন্সি অ্যান্ড কনজারভেশন’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও এমএস প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বাংলাদেশ বছরের অধিকাংশ সময়ই রৌদ্রোজ্জ্বল থাকে। তাই এ দেশ নবায়নযোগ্য সৌরশক্তি গবেষণার আদর্শ ক্ষেত্র হতে পারে। তিনি বলেন, সৌরশক্তি উন্নয়নের পাশাপাশি মানুষের মানসিকতার উন্নয়ন ঘটাতে হবে। এ ক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টি এবং এ বিষয়ে প্রযুক্তিগত সমস্যা দূর করতে প্রযুক্তিবিদদের প্রতি তিনি আহ্বান জানান।উপাচার্য বলেন, নবায়নযোগ্য শক্তির বিষয়ে দক্ষ জনবল সৃষ্টি করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবায়নযোগ্য শক্তি গবেষণাকেন্দ্রকে এরই মধ্যে ইনস্টিটিউটে রূপান্তর করা হয়েছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘আণবিক প্রকৌশল বিভাগ’ নামে একটি নতুন বিভাগ চালু করা হয়েছে।নবায়নযোগ্য শক্তি ইনস্টিটিউটের পরিচালক ও ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক শাহিদা রফিকের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে জার্মানির সাসটেইনেবল এনার্জি ফর ডেভেলপমেন্ট প্রোগ্রামের কো-অর্ডিনেটর এরিখ অটো গোম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সৌরশক্তি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুল হক। ধন্যবাদ জানান আতিকুর রহমান।