ঘরমুখো মানুষের কষ্টের সীমা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক কাঁধে ভারী ব্যাগ, অন্য কাঁধে সাত বছরের মেয়ে, পেছনে স্ত্রী-পুত্র। এ অবস্থায় একরকম ছুটেই আসেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আবদুস সালাম। বেলা তিনটার দিকে সদরঘাট টার্মিনালে পৌঁছানোর পর আর দৌড়াতে পারছিলেন না। কারণ, প্রবেশপথ থেকে গ্যাংওয়ে ও পন্টুন—সর্বত্রই মানুষ আর মানুষ। অনেক কষ্টে ঘাটে এসে আবদুস সালাম দেখেন, তাঁর লঞ্চটি নেই। কোথায় গেল লঞ্চটি?আবদুস সামাদ প্রথম আলোকে জানান, আজিমপুর থেকে রিকশাযোগে রওনা হয়েছিলেন। ইংলিশ রোডে আসার পর প্রায় আধঘণ্টা বসে থাকতে হয়। নয়াবাজারে গরুর হাটের কারণে চারদিকে প্রচণ্ড যানজট। বাধ্য হয়ে হেঁটে আসেন। কিন্তু এসেও লাভ হলো না। সাড়ে পাঁচটার লঞ্চ রাজদূত-৭-এ জায়গা রাখার কথা তাঁর ভাইয়ের। কিন্তু সাড়ে পাঁচটার আগেই লঞ্চ ছেড়ে গেছে।সমুদ্র পরিবহন অধিদপ্তরের জাহাজ পরিদর্শক শফিক আইয়ুব জানান, ঘাটে লঞ্চের ভিড় কমাতে যাত্রী ভরা হয়ে গেলেই ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে ছাদে অতিরিক্ত যাত্রী ওঠানো অনেক ঠেকানো যাচ্ছে। এভাবে অনেক লঞ্চই আগে আগে ছেড়ে দেওয়া হয়েছে।লঞ্চমালিকদের সমিতি অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সহসভাপতি লুৎফর রহমান অবশ্য জানান, নয়াবাজারে হাটের কারণে যানজট, আর সে কারণেই যাত্রীদের দুর্ভোগ বেশি।এক দিন হরতালের পর গতকাল সোমবার রাজধানীর ঘরমুখো মানুষের স্রোত ছিল কমলাপুর, সদরঘাট ও বাস টার্মিনালমুখী। ঘরমুখো মানুষের চাপ ও সড়কে পশুর হাটের কারণে দিনভর রাজধানীতে লম্বা যানজটের সৃষ্টি হয়। ফলে ঘরমুখো মানুষকে টার্মিনালে পৌঁছাতেই হিমশিম খেতে হয়েছে। সায়েদাবাদ এলাকায় এক ট্রাফিক পুলিশ বলেন, ঈদে এমনিতেই মানুষ ও যানবাহনের চাপ বেশি। রয়েছে পশুর হাট। এর সঙ্গে যুক্ত হয়েছে যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের নির্মাণকাজ। ফ্লাইওভারের নির্মাণকাজের কারণে সড়কের একটা বড় অংশ বেড়া দিয়ে আটকে দেওয়া হয়েছে। ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে যানজটের কারণে বাস টার্মিনালেও ঘণ্টার পর ঘণ্টা যাত্রীদের বসে থাকতে হয়েছে।রোববারের হরতালের কারণে অনেক যাত্রীই অগ্রিম টিকিট ফিরিয়ে দেন। অনেকে টিকিট কেটে যেতে সাহস পাননি। এসব যাত্রীর চাপ পড়ে গতকাল। বাড়তি যাত্রীর চাপ দেখে বাসমালিকেরা ভাড়া বাড়িয়ে দেন বলে অভিযোগ করেন অনেকে।বিকেলে গাবতলী টার্মিনালে এস এম পরিবহনের কাউন্টারে কথা হয় মেহেরপুরের যাত্রী আরাফাত রহমানের সঙ্গে। এক হাতে বড় ব্যাগ। অন্য হাতে শিশুপুত্র। সারা শরীর ঘামে ভিজে গেছে। হাঁপাতে হাঁপাতে বলেন, চারটায় বাস। রামপুরার বাসা থেকে দুপুর একটায় রওয়ানা হয়ে গাবতলীতে পৌঁছান পৌনে চারটায়। সময়মতো বাস ছাড়ছে না জেনে কিছুটা স্বস্তি পান। কিন্তু পরক্ষণেই মহাসড়কে তীব্র যানজটের কথা শুনে আঁতকে ওঠেন। এস এম পরিবহনের কর্মীরা জানান, মহাসড়কে যানজট থাকায় বাস সময়মতো আসতে পারছে না।মহাসড়কে যানজটের কারণে উত্তরাঞ্চলের বিভিন্ন রুটের বাস গতকাল পাঁচ-ছয় ঘণ্টা দেরিতে ছেড়েছে। চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মির্জাপুর ও কালিয়াকৈরের মধ্যে হাঁটুভাঙ্গায় একটি ট্রাক বিকল হয়ে গেলে যানজটের সৃষ্টি হয়।দুর্ভোগের পাশাপাশি ঘরমুখো মানুষের অসহায়ত্বকে পুঁজি করে বাড়তি ভাড়া আদায়ের মহোৎসবে মেতে ওঠেন বাসমালিকেরা। সকালে সায়েদাবাদ বাস টার্মিনালে গিয়ে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়।সিলেটের যাত্রী মিজানুর রহমান অভিযোগ করেন, অন্য সময় সিলেটে সাধারণ বাসে ২৫০-৩০০ টাকা ভাড়া নেওয়া হতো। কিন্তু মিতালী পরিবহন গতকাল তাঁর কাছ থেকে ৪০০ টাকা ভাড়া নিয়েছে। রোববার সোহাগ পরিবহনের টিকিট কেটেছিলেন তিনি। হরতালের কারণে টিকিট ফেরত দিয়েছেন।গতকাল সকালের দিকে সায়েদাবাদ বাস টার্মিনাল লোকে লোকারণ্য হয়ে যায়। টার্মিনালভিত্তিক বাসগুলো মূল ফটকের কাছাকাছি আসার পর পরই মানুষ হুড়মুড় করে ওঠা শুরু করে।কুমিল্লার যাত্রী মোতালিব সরকার জানান, যাত্রী হাজার হাজার। কিন্তু বাস কম। তাই ভাড়ার কথা চিন্তা না করেই উঠে পড়েছেন। তিনি আরও জানান, তৃশা পরিবহন থেকে তাঁর কাছ থেকে ১৮০ টাকা ভাড়া নেওয়া হয়েছে। অন্য সময় এ পথে ভাড়া ১২০-১৫০ টাকা। ব্রাহ্মণবাড়িয়ার যাত্রী আবু নাসের জানান, সীমান্ত পরিবহনে বিশ্বরোড পর্যন্ত ১২০ টাকা ভাড়া নিয়েছে। এ বাসে অন্য সময় ভাড়া ৮০-১০০ টাকা।সীমান্ত পরিবহনের কর্মী বাবুল মিয়ার দাবি, হরতালের কারণে বাস চলেনি রোববার। এটা পুষিয়ে নিতেই কিছু ভাড়া বাড়ানো হয়েছে।লঞ্চ: লঞ্চের ছাদে যাত্রী উঠতে দেওয়া হবে না—নৌপরিবহন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর এমন ঘোষণা রয়েছে। কিন্তু গতকাল খুব কম লঞ্চই ছিল, যেগুলো ছাদবোঝাই যাত্রী নিয়ে রওনা হয়নি। বিকেল চারটার দিকে ঘাটে দাঁড়ানো এমভি তিতাস-২, রাজদূত-৭, আঁচল-৪-এর ছাদেও উপচে পড়া ভিড় দেখা যায়। টার্মিনাল এলাকায় যাত্রীদের তুলনায় অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও সমুদ্র পরিবহন কর্তৃপক্ষের ব্যক্তিদের তৎপরতা ছিল একেবারেই কম।এ থেকে উদ্ধার পাওয়ার জন্য ‘নির্ধারিত সময়ের আগে লঞ্চ ছেড়ে দেওয়া’ ছাড়া অন্য কোনো উপায় পাননি বলে বিআইডব্লিউটিএর দায়িত্বশীল কর্মকর্তারা জানান। বরিশালগামী রাজদূত-৭, সৈকত-২, আমতলীগামী মিতালী-৬, পটুয়াখালীগামী এমভি সম্পদ, সুন্দরবন-৬, আঁচল-৫সহ অনেক লঞ্চকেই নির্ধারিত সময়ের দুই থেকে তিন ঘণ্টা আগে ঘাট ছাড়তে বাধ্য করা হয়।তবে বাস্তব অবস্থা হচ্ছে, সদরঘাট ছাড়লেও লঞ্চগুলো মাঝনদীতে দাঁড়িয়ে নৌকাযোগে আসা যাত্রীদের ঝুঁকি নিয়ে লঞ্চে তোলে। পোস্তগোলায় বাংলাদেশ-চীন মৈত্রী সেতু পেরোনোর পর অনেক লঞ্চ থেমে যাত্রী তোলে।ট্রেন: দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ছাড়ার কথা সকাল নয়টা ৫০ মিনিটে। গতকাল ট্রেনটি কমলাপুর ছাড়ে সাড়ে সাত ঘণ্টা পর বিকেল সাড়ে পাঁচটায়।ট্রেনের যাত্রী মনিরা সুলতানা বলেন, ‘মিরপুর থেকে সকাল সাড়ে সাতটায় বের হয়েছি। এখন বেলা তিনটা। ট্রেন এখনো আসেনি। আসবে, তারপর দিনাজপুরের উদ্দেশে যাত্রা করবে। বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে।’একতা ট্রেনের অক্ষোয় থাকা মাসুদা সুলতানা বলেন, ‘আমার বাড়ি দিনাজপুর শহর থেকে বেশ দূরে, গ্রামে। ট্রেন কখন পৌঁছাবে, বাড়িতে কখন যাব—এই চিন্তায় অস্থির হয়ে পড়েছি।’অন্য ট্রেনগুলোও এক থেকে দুই ঘণ্টা দেরি করে ছেড়েছে। তবে প্রতিটি ট্রেনে যাত্রীদের অত্যধিক ভিড় দেখা গেছে। ট্রেন দেরিতে ছাড়ার বিষয়ে রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা সৈয়দ জহিরুল হক বলেন, ট্রেনটি দিনাজপুর থেকে এসেছে অনেক দেরি করে। কমলাপুর আসার পর দ্রুতই ছেড়ে দেওয়া হয়েছে।গাবতলী যাওয়ার জন্য যাত্রাবাড়ী থেকে বাসে উঠেছিলেন সুরাইয়া বেগম। এ প্রতিবেদকের সঙ্গে তাঁর কথা হয় জয়কালী মন্দিরের সামনে। তিনি জানান, এ পথটুকু আসতে তাঁর আড়াই ঘণ্টা সময় লেগেছে। তিনি অভিযোগ করেন, গতকাল সব লোকাল বাসই সিটিং হয়ে গেছে। ৩০ বা ৪০ টাকার কমে কেউ যাত্রী তোলেনি।সিরাজগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক জানান, সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্ত থেকে হাটিকুমরুল পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার মহাসড়কে ব্যাপক যানজট। এই সড়কে ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী বিভিন্ন যানবাহন এলাপাতাড়িভাবে চলায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। পুলিশ প্রশাসন সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত থাকলেও তারা এটি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে।গত রোববার রাত থেকে ঢাকা থেকে অসংখ্য কোচ, বাস, ট্রাক, কার, মাইক্রোবাস যাত্রা শুরু করেছে। এতে মহাসড়কগুলোতে প্রচণ্ড চাপ বেড়েছে। ফলে রাত থেকেই সেতু পার হওয়ার পর এই যানজটের সৃষ্টি হয়েছে।