ঘরে ঘরে আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাকিব আল হাসান, শাহরিয়ার নাফীস, রুবেল হোসেন, সোহরাওয়ার্দী শুভ—এই নামগুলো বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে এখন একেকটি উজ্জ্বল নক্ষত্র। বাংলাদেশের ক্রিকেটে প্রথমবারের মতো পূর্ণ শক্তির বড় কোনো দলের বিপক্ষে সিরিজ জয়ের নায়ক তাঁরা। তাঁদের অসামান্য অবদানে আনন্দে মাতোয়ারা গোটা জাতি—এ তো জানা কথা। কিন্তু জয়ের নায়ক এই ক্রিকেটারদের আপনজনদের অনুভূতিটা কেমন? শিরিন আক্তারসাকিব আল হাসানের মাআজকের সাকিব আল হাসান তখন একেবারে ছোট। ছোট হলে কী হবে, ক্রিকেটের জ্ঞান ছিল বেশ টনটনে! দিন-রাত ২৪ ঘণ্টা ক্রিকেট নিয়ে মেতে থাকেন। মা শিরিন আক্তার মহা চিন্তিত, ছেলে যে রকমভাবে ক্রিকেটে মজে থাকে, এর ভবিষ্যৎ কী? এখন অবশ্য সেই দুশ্চিন্তার বালাই নেই তাঁর মাথায়। কারণটা বোধ করি ব্যাখ্যা করার প্রয়োজন নেই। তাঁর ছেলে এখন শুধু বাংলাদেশেই নয়, পুরো ক্রিকেট বিশ্বেরই বড় তারকা। এবং এর বড় প্রমাণ, নিউজিল্যান্ডকে বাংলাওয়াশ! ৪-০ ব্যবধানে সিরিজ জিতে নিউজিল্যান্ডকে রীতিমতো নাকানিচুবানি খাইয়েছে বাংলাদেশ। তাতে সাকিবের অবদান দুর্দান্ত! ছেলের এই কীর্তিতে যারপরনাই খুশি মা শিরিন আক্তার, ‘সারা দেশ যখন আনন্দে ভাসছে, তখন আমার অনুভূতির কথা তো বুঝতেই পারছেন। এককথায়—অসাধারণ! এর চেয়ে আনন্দের ভালো উপলক্ষ আর কী-ই বা হতে পারে? টিভিতেই সব ম্যাচ দেখেছি। প্রতিটা মুহূর্ত প্রচণ্ড উত্তেজনায় কেটেছে। কী করবে আমার ছেলে? আর কেমন করবে বাংলাদেশ? এমন সব প্রশ্নই সারাক্ষণ মাথায় ঘুরঘুর করত। বিশেষ করে নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি যখন প্রথমেই বলে বসল, সাকিবই বাংলাদেশের তুরুপের তাস, তারপর থেকেই ভীষণ চিন্তা হতো, পারবে তো আমার ছেলে! শেষমেশ আবার লজ্জায় পড়তে হবে না তো! তাই সব সময় দোয়া করতাম, ছেলেটা আমার ভালো খেলুক।’ বলা বাহুল্য, মায়ের দোয়া বিফলে যায়নি। বিফলে যায়নি তাঁর ধৈর্য এবং ছেলের ভালো লাগার প্রতি সমর্থনটুকুও। শিরিন আক্তার বলছিলেন সাকিবের ছেলেবেলার কথা, ‘সাকিবকে আমি সব সময় ভাত খাইয়ে দিতাম যতক্ষণ খাইয়ে দিতাম ততক্ষণ ওর হাতে থাকত বল। হয়তো পড়তে বসেছে, তখনো দেখা যেত হাতে বল নাচাচ্ছে। মাঝেমধ্যে দুশ্চিন্তা হলেও ওর অমন আগ্রহ দেখে আমি আর বেশি বাধা দিইনি কখনো। এখন ওর খেলা দেখি টিভিতে, ব্যাপারটি আসলে স্বপ্নের মতো। এমন জয় বারবার আসুক, সবাই ভালো খেলুক—এটাই চাওয়া। আর আমি তো অবশ্যই সাকিবের জন্য গর্বিত, যেমনটা দেশের সবাই।’ সিদ্দিকা পারভীনসোহরাওয়ার্দী শুভর মাসাকিবের মায়ের মতোই আরেক মায়েরও গর্বের শেষ নেই। তিনি সিদ্দিকা পারভীন। সোহরাওয়ার্দী শুভর মা। দুশ্চিন্তা তাঁরও কম ছিল না! ছেলে ক্রিকেটের পোকা, পড়াশোনায় ভালো হলেও বড় ফাঁকিবাজ। তবে ফাঁকিবাজ ছেলেটিকে নিয়ে মা সিদ্দিকা পারভীনের এখন নতুন আরেকটি দুশ্চিন্তা হয়—ছেলে ভালো খেলবে তো! বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজটির পর অবশ্য হাঁফ ছেড়েছেন তিনি। কারণ, ছেলের পারফরম্যান্সে যে গোটা বাংলাদেশ আনন্দে ভেসেছে! সিদ্দিকা পারভীন বললেন তাঁর অনুভূতির কথা, ‘ছেলের খুব ইচ্ছে ছিল ভালো ক্রিকেটার হবে। আমারও ঠিক একই চাওয়া ছিল। ওর জন্য সব সময় মন থেকে দোয়া করেছি। আসলে সবাই তো বাংলাদেশের জন্য দোয়া করে। বাংলাদেশ যে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করল, এটা তো বড় আনন্দের উপলক্ষ। আর এই জয়ে আমার ছেলেরও অবদান আছে, এটা তো আমার জীবনের সেরা পাওয়া। দলের অন্যরা, বিশেষ করে সাকিব তো খুবই ভালো করেছে। ওদের জন্যও শুভকামনা রইল। সিরিজ জয়ের পর তো একটা মিছিলই চলে এল বাড়িতে। মিষ্টি, ফুল আর শুভর জন্য শুভকামনার সে কী ঢল! রংপুরের জুম্মাপাড়ায় বাড়িতে বসে খেলাগুলো দেখেছি। সব সময় বুক কাঁপত। ও যখন বল করতে দৌড় শুরু করত, তখন বুকের কাঁপুনি আরও বেড়ে যেত।’ ছেলেবেলা থেকেই ভীষণ দুষ্টু ছিলেন শুভ। সারা দিন কেবল ক্রিকেট ক্রিকেট! বয়স তখন সাত। মা সিদ্দিকা পারভীন একদিন রেগেমেগে চিকিৎসকের কাছেই নিয়ে গেলেন ছেলেকে। কিন্তু সবকিছু দেখে চিকিৎসক বললেন, ‘চিন্তার কারণ নেই। আপনার ছেলে সুস্থই আছে। আর ক্রিকেটে যে ওর আগ্রহ, ভবিষ্যতে তা সুফল বয়ে আনবে। দেখবেন, আপনার এই ছেলে একদিন অনেক বড় হবে।’ এত দিন বাদে সেই কথাগুলো বারবার মনে হয় শিরিন আক্তারের। কথাগুলো যে মিথ্যে হয়নি! ঈশিতা তাসনিমশাহরিয়ার নাফীসের স্ত্রীবিয়ের আগে ঈশিতা তাসমিনের ক্রিকেটজ্ঞান ছিল যৎসামান্য। কিন্তু শাহরিয়ার নাফীস নামের এক ক্রিকেটারের সঙ্গে কথা বলার পর থেকেই একটু একটু করে ক্রিকেটের রহস্য খুলে যেতে থাকল তাঁর সামনে। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে শাহরিয়ার একটা সেঞ্চুরি হাঁকাতেই চারপাশে যে হইচই শুরু হয়ে গেল, তার পর থেকেই ক্রিকেট নিয়ে বেশ খানিকটা মাথা ঘামাতে শুরু করলেন ঈশিতা। আর শাহরিয়ারের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর তো রীতিমতো ক্রিকেট বিশেষজ্ঞ! বাংলাদেশের সিরিজ জয়ে স্বামীর অবদানে নিজের অনুভূতির কথা বললেন ঈশিতা, ‘অনেক দিন পর বাংলাদেশের হয়ে মাঠে নেমেছিল শাহরিয়ার। তাই ভীষণ দুশ্চিন্তা হচ্ছিল। বিশেষ করে ফর্মের তুঙ্গে থাকা তামিমের শূন্যস্থানে ওকে নেওয়া হয়েছিল। ভয় হচ্ছিল, তামিম যে রকম মারকুটে, ও তেমনটা খেলতে পারবে তো! বাংলাদেশের, বিশেষ করে শাহরিয়ারের খেলা চলাকালীন মানসিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়ি, তাই মাঠে বসে খেলা দেখার সাহস পাই না। টিভিই শেষ ভরসা। সারাক্ষণ দোয়া করেছি ওর জন্য, বাংলাদেশের জন্য। আর খেলা চলাকালীন প্রতিদিনই আমাদের দেখা হতো। ওর জন্য নিজ হাতে রান্না করা খাবার নিয়ে যেতাম। তখন খেয়াল করতাম, ওর মধ্যে এক ধরনের দৃঢ়সংকল্প কাজ করত। যা হোক, শেষমেশ ও ভালো খেলেছে, বাংলাদেশ জিতেছে—এটা বিশাল গৌরবের ব্যাপার।’বিয়ের আগে ক্রিকেটটা ভালো না বুঝলেও স্বামী ক্রিকেটার হওয়ায় নিজেকে ঠিকই বদলে ফেলেছেন ঈশিতা। এখন তিনি পুরোদস্তুর ক্রিকেটারের সহধর্মিণী। আইন বিষয়ে পড়াশোনা শেষ করবেন আর কদিনের মধ্যেই। আছে সংসার সামলানোর ধকল। এত কিছুর মধ্যেও শাহরিয়ার নাফীসকে পুরো মানসিক সমর্থন দিয়ে আসছেন সব সময়। বলছিলেন সেসব বিষয়ে, ‘বিয়ের পর আসলে ক্রিকেটটাকে আরও ভালো করে বুঝেছি। উপলব্ধি করেছি, এটাও একটা পেশা। আসলে পেশার চেয়েও বেশি কিছু— জাতীয় দায়িত্ব। তাই ওকে সর্বোচ্চ সমর্থন দেওয়ার চেষ্টা করি। এই সিরিজ জয় নিশ্চয়ই বিশ্বকাপে ভালো খেলতে উদ্বুদ্ধ করবে বাংলাদেশ দলকে।’রবেজান বিবিরুবেল হোসেনের মা‘রুবেল আমার পাঁচ সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ। বড় আদরের। আব্বা বলে ডাকি ওকে। তো আমার আব্বা শুধু আমার মুখেই হাসি ফোটায়নি, বাংলাদেশের সবার মুখেই হাসি ফুটিয়েছে। তবে বাংলাদেশ নিউজিল্যান্ডকে যেভাবে হোয়াইটওয়াশ করল, তাতে তো শুধু রুবেলেরই অবদান ছিল না, সবাই দুর্দান্ত খেলেছে বলেই এই ফল। তাই বাংলাদেশ দলের প্রত্যেকটি ছেলের জন্যেই আমার শুভাশিস।’ নিউজিল্যান্ডকে মাঠে নাস্তানাবুদ করার পর নিজের অনভূতির কথা এভাবেই জানালেন ক্রিকেটার রুবেল হোসেনের মা রবেজান বিবি।বড় মা-ন্যাওটা ছেলে রুবেল হোসেন। ভীষণ লাজুকও। জাতীয় দলে ডাক পাওয়ার পর সেই যে মাকে ফোন করেছিলেন, তখন থেকেই শুরু হয়েছিল নতুন এক অধ্যায়। এই অধ্যায় মা রবেজান বিবির কাছে কেবলই আনন্দের। বিশেষ করে, শেষ হয় যাওয়া সিরিজটির তো তুলনা নেই। রুবেলের মা সেসব কথাই বললেন, ‘বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকেই সবকিছু পাল্টে গেল। আমার রুবেলকে যখনই টিভিতে দেখি, তখনই বুকের ভেতর আনন্দের বান ডেকে যায়। এ এক আশ্চর্য অনুভূতি। আর এই সিরিজটির কথা কী বলব! পরিবারের সবাই মিলে আমরা খেলা দেখি। মাঠের উত্তেজনা থেকে আমাদের এই ঘরের উত্তেজনা বিন্দু পরিমাণ কম না। আর আমার দুশ্চিন্তা রুবেলের জন্য, বাংলাদেশের জন্য। শেষ ম্যাচটিতে আমি কেবল অজু করে এসেছি, দেখি রুবেল একটা উইকেট পেল! সব সময় দোয়া করছিলাম, শেষটা যেন ভালো হয়। কারণ, বাংলাদেশের রান খুব বেশি ছিল না। শেষ পর্যন্ত রুবেল যেভাবে বোল্ড করে ম্যাচ শেষ করল, তা দেখে চোখের পানি আটকাতে পারিনি। দোয়া করি আমার আব্বা যেন আরও ভালো খেলে; বাংলাদেশের প্রত্যেকটি ক্রিকেটারই আমার সন্তান, ওরাও যেন ভালো করে। ওরা ভালো করলেই না বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে!’ সাক্ষাৎকারগুলো নিয়েছেন মাহফুজ রহমান