দাবি করা টাকা না পেয়ে মাদকাসক্ত এক যুবক ঘরে পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছেন তাঁর ভাইয়ের শিশুকন্যাকে। আগুনে গুরুতর দগ্ধ হয়েছেন তাঁর ভাই ও ভাবি। গতকাল মঙ্গলবার ভোরে সাতক্ষীরার সদর উপজেলার পাথরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর মাদকাসক্ত আলমগীর হোসেন বিষ পান করে আত্মহত্যার চেষ্টা চালান। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে। পাথরঘাটা গ্রামের আকবর আলী জানান, তাঁর তিন ছেলে। বড় ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০) তাঁর ব্যবসা দেখাশোনা করেন। মেজো ছেলে আলমগীর হোসেন (২৭) মাদকাসক্ত। ছোট ছেলে আওরঙ্গজেব (২০) পড়াশোনা করেন। বাড়িতে আলমগীর নানাভাবে উৎপাত করতেন। জানা যায়, নেশা করার জন্য টাকা চাইলে না দেওয়ায় আলমগীর বাবা-মাকে কয়েক দফায় মারধর করেছেন। অনেক চেষ্টা করেও তাঁকে নেশার পথ থেকে ফেরানো যায়নি। ব্যবসা করার জন্য কয়েক দফায় তাঁকে ১০-১২ লাখ টাকা দেওয়া হয়। কিন্তু তিনি ফেনসিডিলের ব্যবসা করতে গিয়ে ও মাদক সেবন করে সব টাকা নষ্ট করেছেন। পারিবারিক সূত্র জানায়, কয়েক দিন ধরে আলমগীর আরও দুই লাখ টাকা দাবি করছিলেন বড় ভাইয়ের কাছে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তিনি বড় ভাই জাহাঙ্গীরের ওপর ক্ষুব্ধ হন। সোমবার রাতে সবাই ঘুমিয়েছিলেন। ভোর সাড়ে চারটার দিকে আলমগীর বড় ভাই জাহাঙ্গীরের ঘরে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দেন। বাবার ঘরেও তালা লাগিয়ে দেওয়া হয়। ঘরের ভেতর দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। এ সময় জাহাঙ্গীর ও তাঁর স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা এসে ঘরের দরজা ভেঙে শিশুকন্যা জুঁইসহ ওই দম্পতিকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে। তাঁদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করার পর সেখানে সকাল নয়টার দিকে জুঁই (১) মারা যায়। সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরিমল কুমার বিশ্বাস জানান, জাহাঙ্গীর হোসেন (৩০) ও তাঁর স্ত্রী ডলি বেগমের অবস্থা গুরুতর। ডলি বেগমের অবস্থার অবনতি ঘটলে দুপুর ১২টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সরেজমিনে দেখা গেছে, ঘরের ভেতরে ফ্রিজ, টেলিভিশন, খাট, আলমারি, আলনা, কাঁথা-বালিশ, লেপ-তোশক, মোটরসাইকেলসহ জিনিসপত্র পুড়ে গেছে। কয়েক শ মানুষ ওই বাড়িতে ভিড় করেছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান আলী খান ঘটনা নিশ্চিত করে জানান, মাদকাসক্ত আলমগীর ঘটনার পর বিষ পান করে আত্মহত্যার চেষ্টা চালান। দুপুর ১২টার দিকে পুলিশ সদর উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের একটি বাড়ি থেকে আলমগীরকে গ্রেপ্তার করে। ওসি আরও জানান, এ ঘটনায় আহত জাহাঙ্গীর হোসেনের শ্বশুর আবদুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। বেলা তিনটার দিকে সাতক্ষীরার পুলিশ সুপার হাবিবুর রহমান ঘটনাস্থল পরির্দশন করেছেন।