ঘরে ফিরবেন না বিনিয়োগকারীরা
শেয়ারবাজারে দরপতনের প্রতিবাদে আন্দোলনরত বিনিয়োগকারীরা আজ রাতেও তাঁদের আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বিনিয়োগকারীরা বলছেন, সরাসরি প্রধানমন্ত্রীর কোনো ঘোষণা ছাড়া তাঁরা ঘরে ফিরে যাবেন না।গত ডিসেম্বর-জানুয়ারিতে শেয়ারবাজারে ভয়াবহ ধসের পর থেকে আন্দোলন করে আসছেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হচ্ছে। সর্বশেষ আজ রোববার বেলা ১১টায় ডিএসইর সামনে আমরণ অনশন কর্মসূচী শুরু করেন তাঁরা, যা এখনো অব্যাহত রয়েছে।এ ব্যাপারে সংগঠনটির সভাপতি মিজান উর রশিদ চৌধুরী প্রথম আলো অনলাইনকে বলেন, ‘শেয়ারবাজারে স্থিতিশীলতা আনতে আমরা দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছি। সরকার আমাদের আন্দোলনে কোনোপ্রকার ভ্রুক্ষেপ করেনি। আমরা আমরণ অনশন করছি। সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে সুস্পষ্ট কোনো নির্দেশনা না আসা পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাব।’