ঘরে ফিরল হট্টিটিছানা
১৮ এপ্রিল বুধবার বিকেল চারটায় বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার আনোয়ারের ই-মেইল পেলাম। অ্যাটাচমেন্টে পাখির ছানার ছবি দেখে ফোনে জিজ্ঞেস করলাম, ‘কোথা থেকে তুলেছেন?’ উনি বললেন, ‘হেলথ সেন্টারের সেবিকা রিমা পেয়েছে; সে এগুলো পুষতে চাইছে।’ আমি বললাম, ‘এগুলো পোষা যাবে না। কারণ, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। আপনি ছানাগুলো আনতে বলুন, আমি আসছি। ওদের আমরা প্রকৃতিতে ছেড়ে দেব।’হেলথ সেন্টারের কাছাকাছি আসতেই বড় পাখির ডাক শুনলাম। বুঝলাম, মা-বাবা ছানাদের খুঁজছে। একটু পর রিমা ছানা দুটোকে নিয়ে এল। ছোট্ট তুলতুলে ছানাগুলোর বয়স তিন দিনের বেশি হবে না। ওদের মাথার চাঁদি ও দেহের ওপরটা বাদামি ধূসর; তার ওপর অনিয়মিত কালো দাগ। ঘাড়, গলা ও পেটের নিচটা হালকা ধূসর থেকে সাদাটে। বুক কালো। লম্বা পাগুলো কালচে ধূসর। পায়ের আঙুল ও নখও তা-ই। ঠোঁট কালো।ছানাদের কুড়িয়ে পাওয়ার স্থানে যেতে যেতে রিমা জানাল, বেলা ১১টায় হেলথ সেন্টারের পেছনে মসজিদের সামনে গুইসাপ ওগুলোকে তাড়া করছিল। তাকে দেখেই গুইসাপটি চম্পট দেয়। ছানাগুলো ভয়ে কাঁপছিল। এ অবস্থায় সে ওদের হেলথ সেন্টারে নিয়ে আসে। সে চিকিৎসক আনোয়ারকে এগুলো দেখায়। অবশেষে বাসায় নিয়ে চাল ও পানি খেতে দেয়।ছানাগুলো ছেড়ে দিতে চাইলে ওর মন খারাপ হয়ে গেল। তার শঙ্কা ছিল, এত ছোট ছানারা কীভাবে মা-বাবাকে খুঁজে পাবে। ওদের যদি আবার গুইসাপে আক্রমণ করে! ওকে আশ্বস্ত করলাম, ‘আসার সময় ওদের মা-বাবার ডাক শুনেছি, আশপাশেই আছে। চিন্তার কারণ নেই, মা-বাবা ঠিকই ওদের খুঁজে নেবে। ছাড়তে দেরি করলে ওদের বাঁচানো যাবে না। অতএব, এখনই ছেড়ে দিচ্ছি।’ ছেড়ে দেওয়ার পর মিনিট খানেক ছানাগুলো ঘাপটি মেরে থাকল। তারপর লম্বা লম্বা পায়ে দ্রুত দৌড় দিল এবং ফিরে গেল প্রকৃতির কোলে। রিমা আমাকে বলল, এখন থেকে সে যোগ দেবে আমাদের বিশ্ববিদ্যালয়ের বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রের কর্মকাণ্ডে। তার উৎসাহ আমার খুবই ভালো লাগল।এতক্ষণ যাদের কথা বললাম, তারা লাল-লতিকা হট্টিটির (Red-wattled Lapwing) ছানা। গত বছর আমি ও আমার পাখি দেখার সঙ্গী কামাল একটি দুর্লভ হলুদ-লতিকা হট্টিটির (Yellow-wattled Lapwing) ছানা উদ্ধার করে প্রকৃতিতে ছেড়ে দিয়েছিলাম। বাংলাদেশে যে পাঁচ প্রজাতির হট্টিটি দেখা যায়, তাদের তিনটি স্থায়ী ও দুটি পরিযায়ী। এ মুহূর্তে আমাদের ক্যাম্পাসে তিনটি প্রজাতি অবস্থান করছে। এর মধ্যে লাল ও হলুদ-লতিকা ক্যাম্পাসের স্থায়ী বাসিন্দা। অন্যদিকে, ক্যাম্পাসে এ বছরই পরিযায়ী ধূসর মাথার হট্টিটির দেখা পেলাম।লাল ও হলুদ-লতিকা হট্টিটির ছানারা দেখতে প্রায় একই রকম। তবে লাল-লতিকার ছানায় কোনো লতিকা থাকে না। আর হলুদ-লতিকার ছানাদের বুকে কালচে রং অনুপস্থিত। ডিম ফোটার ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যেই লাল বা হলুদ-লতিকার ছানারা মা-বাবার সঙ্গে বাসা ছেড়ে খাবারের সন্ধানে হাঁটা দেয়। গায়ের রঙের কারণে এরা সহজেই পরিবেশের সঙ্গে মিলেমিশে ছদ্মবেশ (Camouflage) ধারণ করতে পারে। মা-বাবা আকাশে উড়ে উড়ে ছানাদের বিভিন্ন ধরনের নির্দেশ দেয় এবং ওরা তা মেনে চলে। মা-বাবার দেওয়া সংকেত বা বিপদের গন্ধ পেলে এরা মুহূর্তের মধ্যে মাটির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। আর এভাবেই শত্রুকে ফাঁকি দিয়ে হট্টিটিছানারা একদিন বড় হয়ে ওঠে।