ঘরে বসে কেনাকাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সারা সপ্তাহ অফিস করে এক মুহূর্তের জন্যও মন চায় না ঘরের বাইরে যেতে। কারণ রাস্তায় গেলেই যানজট। তাই এখন অনলাইনে কেনাকাটার কাজটা সারি। নিজের পছন্দমতো জিনিসের ফরমায়েশ দিয়ে ঘরে বসেই কিনতে পারছি নিত্যপ্রয়োজনীয় পণ্য।’ বলছিলেন একটি বেসরকারি সংস্থার কর্মকর্তা ফারিহা আহম্মেদ।ব্যস্ত নাগরিক জীবনে ঝামেলা এড়িয়ে চলতে পছন্দ করেন প্রায় সবাই। তাই আজকাল অনেকে বাজার কিংবা বিপণিবিতানে না গিয়ে অনলাইন ও টেলিফোনে দরকারি জিনিসের ফরমায়েশ দিয়ে থাকেন। ফলে ঘরে বসেই সারা যাচ্ছে কেনাকাটা।দীর্ঘদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শেষে অবসরগ্রহণ করে মিজানুর রহমান আবাস গেড়েছেন ঢাকা নগরে। বয়সী এই মানুষটি সব সময় বাজারে যেতে পারেন না। তাই তাঁর প্রবাসী ছেলে বাসার প্রয়োজনীয় অনেক পণ্যই কিনে দিচ্ছেন বিদেশের মাটিতে বসে। মিজানুর রহমান বলেন, ‘বর্তমানে সুপার স্টোর আগোরা থেকে কেনাকাটা করছি। অনলাইনে পছন্দমতো জিনিসগুলো নির্বাচন করে প্রবাসী ছেলেকে জানাই। তারপরে ওই তালিকা অনুযায়ী ছেলেই ফরমায়েশ দিয়ে অনলাইনে ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা পরিশোধ করে দেয়। জিনিসগুলো বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রয়েছে।’অন্যদিকে সরকারি কর্মকর্তা আজিজুর রহমান বলেন, ‘অনলাইনের মাধ্যমে ফরমায়েশ দিয়ে আগোরা থেকে মাছ ও মাংস কিনি। টাকা আগে পরিশোধ করতে হয় কার্ডের মাধ্যমে। তারপরে মাছ-মাংস দিয়ে যায় বাসায়।’সুপার স্টোর আগোরা পরিচালনাকারী প্রতিষ্ঠান রহিমআফরোজ সুপার স্টোর লিমিটেডের বিপণন বিভাগের ব্যবস্থাপক মোহাম্মাদ আশরাফ জানান, অনলাইনে কেনাকাটা আগের চেয়ে অনেক বেড়েছে। অনলাইনের বেশির ভাগ ক্রেতাই প্রবাসী বাংলাদেশি। তাঁরা দেশের পরিজনদের জন্য কেনাকাটা করে থাকেন। তাই যিনি ফরমায়েশ দিচ্ছেন তিনি আগেই মূল্যটা পরিশোধ করেন। আর এ ক্ষেত্রে সার্ভিস চার্জটা মূল দামের সঙ্গে কেটে নেওয়া হয়।অনেকেই মনে করতে পারেন অনলাইনে কেনাকাটা মানেই কেবল সুপার স্টোর থেকে মুদি পণ্য কেনা। কিন্তু ব্যাপারটি তা নয়। যেমন ‘মাই ফেরিওয়ালা’ থেকে কেনা যায় উপহারসামগ্রী। এর ওয়েবসাইটে ঢুকে পছন্দ করা যায় উপহার। এর ব্যবহারকারী প্রবাসী তারিকুর রহমান বলেন, ‘দেশের বাইরে থাকলেও পরিজনদের বিশেষ দিনগুলোতে ঠিকই উপহার পাঠিয়েছি। তবে কোনো উপহারই বিদেশ থেকে আনা হয়নি। মাই ফেরিওয়ালা থেকে পণ্য পছন্দ করে আগে কার্ডের মাধ্যমে টাকা পরিশোধ করেছি, পরে ঠিক সময়েই পণ্য পৌঁছে গেছে গন্তব্যে।’ এ ক্ষেত্রে পণ্যের দাম খুব বেশি না হলেও সার্ভিস চার্জ বেশি বলে তিনি জানান।‘মাই ফেরিওয়ালা’র বিক্রয় ও বিপণন প্রধান মহিউদ্দিন সৈকত জানান, তিন মাসেই মাই ফেরিওয়ালা সাড়া জাগিয়েছে ক্রেতাদের মধ্যে। আপাতত উপহারসামগ্রীর পসরা সাজিয়েছে মাই ফেরিওয়ালা। টাকাটা কুরিয়ার করে কিংবা কার্ডের মাধ্যমে পরিশোধ করতে হয়। এরপর ২৪ ঘণ্টার মধ্যে পণ্য পৌঁছে যাবে নির্দিষ্ট জায়গায়। আর সার্ভিস চার্জ দিতে হয় পণ্যের মূল্যের ২৫ শতাংশ।এখন বইও কেনা যাচ্ছে অনলাইনে। এ বিষয়ে সময় প্রকাশের প্রধান নির্বাহী ফরিদ আহম্মেদ জানান, মোট ১০০টি প্রকাশনার সাত হাজার বইয়ের সুবিশাল তালিকা রয়েছে ওয়েবসাইটে। চাইলেই যে কেউ এখান থেকে বই নির্বাচন করে কিনতে পারেন। টাকা আগেই পরিশোধ করতে হবে আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে। অনলাইনে বইয়ের ক্রেতার অধিকাংশই প্রবাসী। বই পাঠানোর জন্য আলাদা কোনো টাকা নেওয়া হয় না। তবে সরাসরি বই নিলে মূল দামের ওপর যে কমিশন থাকে, তা অনলাইনে বিক্রিতে দেওয়া হয় না।ফরিদ আহম্মেদ আরও জানান, তিনি নিজেই বিদেশে ভ্রমণ করতে হলে টিকিট কাটা, হোটেল বুকিং দেওয়া থেকে যাবতীয় কাজ করে থাকেন ঢাকায় বসেই ফোনে কিংবা অনলাইনে। বাংলাদেশে এখনো বিষয়টা নতুন, তবে ভবিষ্যতে এই ঘরে বসে কেনাকাটা আরও জনপ্রিয় হবে বলে তিনি মনে করেন।এদিকে রেস্তোরাঁর খাবারও মিলছে ঘরে। উত্তরার ‘পিৎজা এন্ড’-এর কর্মকর্তা সাব্বির আহম্মেদ বলেন, ‘টেলিফোনের মাধ্যমে খাবার অর্ডার দিলেই আমরা নির্ধারিত জায়গায় খাবার পৌঁছে দিই। ন্যূনতম ৬০০ টাকার খাবারের অর্ডার থাকলে আলাদা করে সার্ভিস চার্জ নেওয়া হয় না।’ গুলশান-২-এর রেইন ফরেস্ট রেস্টুরেন্টেও টেলিফোনে ফরমায়েশ দিলে বাসায় বসে পাওয়া যায় খাবার।কেবল পণ্য কেনাই নয়, বরং পণ্য বিক্রির সুবিধাও দিয়ে থাকে ‘ক্লিক বিডি’ নামের একটি অনলাইন কেনাকাটার প্রতিষ্ঠান। তবে শুধু ইলেকট্রনিকস পণ্য নিয়েই তাদের কারবার। এমনটি জানান ক্লিক বিডির নির্বাহী তানজিলা ওয়াহিদ।কেনাকাটায় যোগাযোগরহিমআফরোজ সুপার স্টোর লিমিটেড (সুপার স্টোর আগোরা)ওয়েবসাইট: www.agorabd.comক্লিক বিডি (ইলেকট্রনিক্স পণ্য)ওয়েবসাইট: www.clickbd.comমাই ফেরিওয়ালা (উপহারসামগ্রী)ওয়েবসাইট: www.myferiwala.comবইমেলা (বই)www.boi-mela.com