ঘরে বসে খাবার তৈরির ব্যবসা
অল্প পুঁজি নিয়ে ঘরে বসেও আজকাল ব্যবসা করে ক্যারিয়ার গড়ে তোলা যায়। তেমনি একটি কাজ বা পেশা হলো ঘরে তৈরি খাবারের ব্যবসা, যা শুরু করা যায় হেঁশেল বা রান্নাঘর থেকেই। ইচ্ছা করলে আপনিও নামতে পারেন এই কাজে। বিশেষ করে, আপনার খাবার তৈরির হাত খুব ভালো হলে এবং হরেক পদ বানাতে জানলে তো কথাই নেই। নানা ধরনের খাবার তৈরি করে প্রতিবেশী বাসা থেকে শুরু করে পাড়ার দোকান হয়ে শহরের বড় বড় ডিপার্টমেন্ট স্টোর ও সুপারশপে সরবরাহ করতে পারেন। আবার রান্নাবান্না জানেন এমন কয়েকজনকে রেখেও কাজটি করা যায়। এতে নিয়মিত ঘরকন্নার পাশাপাশি মোটামুটি আয়-রোজগারও করা সম্ভব।ব্যস্ত নগরে সংসারের কর্তা ও কর্ত্রী উভয়েই যখন কাজ বা চাকরির সুবাদে ঘরের বাইরে থাকেন তখন অনেক নারীর পক্ষেই ঘরে খাবার তৈরি করা সম্ভব হয়ে ওঠে না। তাই তাঁরা দোকান বা ডিপার্টমেন্ট স্টোর থেকে এ ধরনের খাবার কিনে নেন। আবার যাঁরা এসব করতে জানেন না বা করতে চান না, অথচ খেতে বা পরিবারের সদস্যদের খাওয়াতে চান, তাঁরা হোম মেড ফুড বা ঘরে তৈরি খাবার কিনতে দোকান বা সুপার স্টোরের দিকেই ছোটেন। এভাবে দিন দিন তৈরি খাবারের চাহিদা বেশ বাড়ছে। চাইলে এমন সুযোগ অনেকেই কাজে লাগাতে পারেন।শুরুটা হেঁশেল থেকেহোম মেড ফুড ‘পাঁচমিশালি’-এর পরিচালক রওশান আরা মাহমুদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন পড়াশোনা শেষ করলাম, তখন ভেবেছিলাম কিছু একটা করতে হবে। আর তা হতে হবে স্বাধীন কোনো কিছু। আর এ ক্ষেত্রে বেছে নিলাম ব্যবসাকে। তবে পুঁজির কথা মাথায় রেখে ঘরে বসেই খাবারসামগ্রী তৈরির চিন্তা করি। যে কথা, সেই কাজ।’রওশান বলেন, ১৬ বছর আগে যখন খাবার তৈরির চিন্তা মাথায় আসে, তখন অনেকের কাছে ছিল এটা হাস্যকর ব্যাপার। এত দিনে সমাজ ও সময় অনেকটা বদলেছে। এখন ব্যস্ত নগরের অনেকেই বাজার থেকে হাতে বানানো খাবার কিনে খেতে পছন্দ করছেন। বদৌলতে এখন হোম মেড ফুড অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে।’রাজধানীর তৈরি খাবারের আরেক প্রতিষ্ঠান ‘ফ্রেশ হোম মেড’-এর পরিচালক সালমা নাসিম বলেন, ‘রান্নার শখটা ছিল বরাবরই।তাই পরিবারের জন্য বাহারি খাবার তৈরি করতাম। হাতে অফুরন্ত সময় থাকায় একপর্যায়ে ঘরেই শিঙাড়া, সমুচা, চিজবল, ফিশ ফিঙ্গারসহ ফ্রিজে রাখা যায়, এমন খাবার বানিয়ে বাসার পাশের স্টেশনারিতে নিয়ে বিক্রি করতাম। আর এই খাবারের সবচেয়ে বড় সুবিধা হলো, তা তাৎক্ষণিক ভেজেই পরিবেশন করা যায়। তাই অনেক পরিবারই স্বাগত জানাল এই জাতীয় খাবারকে। এখন তো নিজেই খাবারের কোম্পানি চালাচ্ছি।’যা-ই হোক, সুপার স্টোরের কারণে রুটি, পরোটা, মাছ আর মাংসের তৈরি নানা পদের কাবাব আর চপই কেবল নয়, পাওয়া যাচ্ছে হাতে তৈরি হরেক পদের মিষ্টি খাবারও। আর এর পুরো জোগানদাতা হলো ‘পাঁচমিশালি’ ও ‘ফ্রেশ হোম মেড’-এর মতো বিভিন্ন প্রতিষ্ঠান, যারা ঘরেই খাবার তৈরি করে।হোম মেড ফুডের প্রতিষ্ঠান ‘হাতের খাবার’-এর রাশিদা বেগম বলেন, ‘সংসারে পর্যাপ্ত সময় দিয়ে যখন কিছু একটা করার কথা ভাবছিলাম, তখনই মাথায় এল নিজের হাতের জাদুকে কাজে লাগানোর কথা। পাশের বাসার ভাবির সহযোগিতায় কয়েক পদের হালুয়া আর পিঠা তৈরি করি। এখন বাসার পাশের অনেকেই আমার ক্রেতা, যাঁদের ফরমায়েশ অনুযায়ী খাবার তৈরি করে দিই।’কাজটা শুধু নারীর নয়নারীদের পাশাপাশি এখন হোম মেড খাবারের ব্যবসা পুরুষরাও করছেন। তেমনি একজন ‘এসএনএস কিচেন’র পরিচালক মোহাম্মাদ সাইজ উদ্দিন বলেন, ‘১০ বছর ধরে এই ব্যবসা করছি। অনেকে মনে করেন, ঘরে তৈরি খাবারের ব্যবসাটা কেবল নারীদের জন্যই। তবে আমি মনে করি, যে কেউ চাইলে এই ব্যবসা করতে পারেন। এই ব্যবসার পাশাপাশি চাইলে অন্য কাজও করতে পারেন। আর এ ব্যবসায় লাভও বেশ ভালো হয়।’পেশা হিসেবে যেমনমোহাম্মাদ সাইজ উদ্দিন বলেন, ‘ঘরে বসে খাবার তৈরি করার ব্যবসা একধরনের সেবামূলক কাজও বটে। আবার এটাকে সৃষ্টিশীল কাজও বলতে পারি। আমাদের দেশের কুটিরশিল্পের সঙ্গে যাঁরা সম্পৃক্ত, তাঁরা পোশাকের সঙ্গে খাবার তৈরি করলে অনেক বেশি লাভবান হবেন।’ দীর্ঘদিন দেশের বাইরে শেফের কাজ করা শহীদুল্লাহ সোহেল বলেন, ‘বিদেশে এই কাজের অনেক চাহিদা। সময় বদলেছে, এখন আমাদের দেশেই অনেকে ঘরে কেক, বিস্কুট, ব্রেডসহ নানা ধরনের ফ্রোজেন ফুড (যা সহজেই ফ্রিজ থেকে বের করে হালকা ভেজেই পরিবেশন করা যায়) তৈরি করছেন। আবার এর বাজারও অনেক প্রসারিত হয়েছে।প্রয়োজনীয় সাজসরঞ্জামএই ব্যবসায়ে পুঁজি যেমন কম লাগে, তেমনি অল্প কয়েকটি সরঞ্জামের দরকার হয়। এর মধ্যে ওভেন, টোস্টার, ফ্রিজ, বিভিন্ন ধরনের কাটার হলেই চলে। এগুলো তো অনেকের ঘরে প্রাত্যহিক ব্যবহারের জন্যই থাকে। তাই আলাদা করে কোনো সামগ্রী কিনতে হয় না। তবে রন্ধনশিল্পের প্রতি যাঁদের ঝোঁক আছে, তাঁরা অনায়াসেই স্বাধীন ব্যবসা হিসেবে হোম মেড ফুড তৈরিকে বেছে নিতে পারেন।সতর্কতাহোম মেড খাবার সাধারণত মানুষ গ্রহণ করে ঝটপট পরিবেশনের জন্য এবং ঘরোয়া পরিবেশে তৈরি এই ভরসা থেকেই। সে জন্য খাবার তৈরির পরিবেশ হতে হবে পরিচ্ছন্ন। পুষ্টিবিদ সিদ্দিকা কবীর বলেন, যেহেতু নামটাই বলে দেয় ঘরে তৈরি খাবার, তাই এ ধরনের খাবারের চাহিদা কিছুটা বেশি। তবে খাবারের পুষ্টিগুণ কতটুকু এবং পরিচ্ছন্ন পরিবেশে তৈরি হচ্ছে কি না, সেদিকেও লক্ষ রাখা জরুরি।