ঘরে বসেই এইচআইভি পরীক্ষা অনুমোদন! (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইডস আক্রান্ত হয়েছে কি না, তা জানার এইচআইভি ভাইরাসের পরীক্ষা করা যাবে এখন ঘরে বসেই। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা কর্মীরা এইচআইভি ভাইরাস নির্ণয়ে বাড়িতে বসে তা পরীক্ষার অনুমোদন দিলেন। এতে বাড়িতে বসে এইচআইভি পরীক্ষার দীর্ঘদিনের স্বপ্ন এবার বাস্তব হলো। ‘ওরো কুইক’ নামে ব্রাশের মতো একটি যন্ত্র ব্যবহার করে এইচআইভি ভাইরাস শনাক্ত করা যাবে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ওরা কুইক ব্যবহারকারীদের যন্ত্রটি মুখের ভেতর নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এতে মুখের লালা যন্ত্রটিতে লাগবে। কিছুক্ষণ পর এটি মুখ থেকে বের করে লালা পরীক্ষা করলেই যন্ত্রটিতেই জানা যাবে ফলাফল। এতে সময় লাগবে মাত্র ২০ মিনিট।ওরাসিউর নামে একটি প্রতিষ্ঠান এইচআইভি পরীক্ষার ভিন্নতর এ যন্ত্রটি তৈরি করেছে। ক্লিনিকে বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে না গিয়েও ওরো কুইকের সাহায্য সহজে এইচআইভি পরীক্ষা করা যাবে বলে জানিয়েছেন নির্মাতা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ডগলাস মাইকেলস। তিনি বলেন, ‘আমরা মনে করি এটি (ওরা কুইক) এইচআইভি এবং এইডসের বিরুদ্ধে প্রতিরোধের আর একটি উপকরণ। তবে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বার কিংবা হাসপাতাল পরীক্ষার বিকল্প এটি নয়। তাই আমরা এটিকে দেখছি, এইচআইভি সম্বন্ধে কোনো ব্যক্তির অবস্থা জানার নতুন সুযোগ বা মাধ্যম হিসেবে। উপরন্তু এর মাধ্যমে এইচআইভি ও এইডস সম্বন্ধে লোকজনের সচেতনতা বাড়বে এবং ভাইরাসজনিত এ রোগকে কেন্দ্র করে এক ধরনের সংকোচও দূর করবে। পাশাপাশি রোগ পরীক্ষা অনেক সহজ করবে এটি। জানা গেছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের চিকিৎসকেরা ওরা কুইক ব্যবহার করে। ব্যবহারকারীদের সুবিধার্থে যন্ত্রটি কিনলে কোম্পানির পক্ষ থেকে একটি ছোট নির্দেশিকাও দেওয়া হচ্ছে। তা ছাড়া টেলিফোনে ২৪ ঘণ্টা যোগাযোগের সুবিধাও থাকছে। এ ধরনের সুযোগ-সুবিধা থাকায় ওরা কুইক ব্যবহারে এইচআইভি পরীক্ষাকে স্বাগত জানিয়েছেন স্বাস্থ্যসেবায় সংশ্লিষ্ট ব্যক্তিরা। একই সঙ্গে এটি ব্যবহারে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন তাঁরা। যুক্তরাষ্ট্রের এইডস প্রকল্পের লস অ্যাঞ্জেলসের শিক্ষাবিষয়ক কর্মকর্তা ভ্যালেরি ওয়াগনার বলেন, ‘আশার বিষয় হলো লোকজন আরও একটি উপকরণ পেল। তবে প্রশ্ন রয়েছে কীভাবে লোকজন নতুন এ যন্ত্রটিকে ব্যবহার করা হবে। ২৪ ঘণ্টা টেলিফোন সুবিধায় লোকজনের সব সময় পর্যাপ্ত তথ্য পাওয়া কিংবা পরীক্ষা-সংক্রান্ত ফলাফল পাওয়া নিয়ে কিছু প্রশ্ন রয়েই গেছে।’ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরীক্ষা করে দেখা গেছে, এইচআইভি পরীক্ষার ক্ষেত্রে ওরা কুইকের মাধ্যমে ৯২ ভাগ ক্ষেত্রে সঠিক ফলাফল পাওয়া গেছে। এর মানে দাঁড়ায় প্রতি ১২টি পরীক্ষার একটি ভুল হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এ যন্ত্র ব্যবহারকারী এইচআইভি আক্রান্ত লোকদের বেশ কিছু পূর্ব-সতর্ক ব্যবস্থা নিতে হবে। কারণ, সংক্রমণের প্রথম তিন মাসের মধ্যে এটি ব্যবহার করে এইচআইভি নির্ণয় করা যাবে না। চলতি বছরের অক্টোবরের মধ্যে বিভিন্ন দোকানে ওরা কুইক সহজে পাওয়া যাবে নির্মাতা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।