ঘরে-বাইরে বিচ্ছিন্ন গাদ্দাফি, তবু হুংকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক সম্প্রদায় চাপ দিয়ে যাচ্ছে, ছিন্ন করছে সম্পর্ক। নিজের দেশের মন্ত্রী-কূটনীতিক-কর্মকর্তারাও পদত্যাগ করে যোগ দিচ্ছেন বিক্ষোভে। সেনাবাহিনীর একাংশ নির্দেশ অমান্য করে রাস্তায় নেমেছে প্রকাশ্যে। আর সর্বোপরি ফুঁসে ওঠা জনতার তাড়া খেয়ে দ্রুত একা হয়ে পড়ছেন লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি। ঘরে-বাইরে ক্রমশ চাপ বাড়লেও হুংকার ছাড়ছেন তিনি, সরে দাঁড়াতে চাইছেন না। বলছেন, ঘরে ঘরে ঢুকে বিক্ষোভকারীদের হত্যা করা হবে। খবর এএফপি, রয়টার্স, বিবিসির।বিক্ষোভকারীদের দাবি অনুযায়ী, রাজধানী ত্রিপোলির একাংশ এবং দক্ষিণাঞ্চলের সাভা শহর বাদে পুরো দেশ এখন গাদ্দাফির নিয়ন্ত্রণের বাইরে। বিক্ষোভকারীরা আরও বেশি ক্ষুব্ধ হয়ে উঠেছে গত মঙ্গলবার জাতির উদ্দেশে গাদ্দাফির ভাষণে। ওই ভাষণে তিনি বিক্ষোভকারীদের ‘ইঁদুর’ ও ‘তেলাপোকা’ অভিহিত করে তাঁদের পিষে ফেলতে নিজের সমর্থকদের নির্দেশ দেন। গাদ্দাফি বলেন, ‘আমরাও এখন মাঠে নেমেছি। রণাঙ্গনেই সব জবাব দেওয়া হবে। গাদ্দাফির কোনো পদ নেই, যা থেকে সরে দাঁড়াতে পারে, যেমনটা করেছেন কয়েকজন প্রেসিডেন্ট। গাদ্দাফি প্রেসিডেন্ট নয়, সে বিপ্লবী নেতা।’মঙ্গলবার সন্ধ্যায় গাদ্দাফির ওই ভাষণের পরপরই ত্রিপোলিতে তুমুল গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এরপর রাতভর থেকে থেকে চলে গোলাগুলি।ত্রিপোলি গতকাল ছিল পুরো থমথমে। রাস্তাঘাট ছিল জনশূন্য। দোকান-পাট, ব্যবসাপ্রতিষ্ঠান—সবই ছিল বন্ধ। মাঝে মাঝে গোলাগুলির শব্দও শোনা গেছে। আর এরই মধ্যে ত্রিপোলির রাস্তায় ছোট ছোট মিছিল করে গাদ্দাফি-সমর্থকেরা।ত্রিপোলির বাইরে দেশের বেশির ভাগ অঞ্চল বিদ্রোহীদের দখলে। কোথাও কোথাও বিক্ষোভকারীরা আনন্দ-উল্লাস করছে। ওই সব জায়গায় নিরাপত্তা বাহিনীর লোকজনকে তেমন দেখা যাচ্ছে না। গাদ্দাফির সমর্থকেরা চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। অনেক জায়গায় লুটপাট শুরু হয়েছে।ত্রিপোলির এক বাসিন্দা বলেন, ‘সে (গাদ্দাফি) জানিয়ে দিয়েছে, বিক্ষোভে গেলেই গুলি করে মারা হবে। আমরা নিরস্ত্র, আমাদের বিরুদ্ধে তার হুংকার পরিষ্কার। কাজেই লোকজন এখন আতঙ্কিত হয়ে পড়েছে।’গতকাল গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহ করেছেন দেশের দুটি রণতরীর নাবিকেরা। বেনগাজি শহরে হামলার জন্য ওই দুই রণতরীর কমান্ডারদের নির্দেশ দিয়েছিলেন গাদ্দাফি। তাঁরা এই নির্দেশ মানতে অস্বীকার করেন। এ ছাড়া বেনগাজিতে বোমা ফেলতে অস্বীকৃতি জানান বিমানবাহিনীর পাইলটরা।বন্দরনগর বেনগাজির উপকণ্ঠে বিক্ষোভকারীরা একটি কারাগার পুড়িয়ে দিয়েছে। ব্রিটেনের স্কাই নিউজ জানায়, লিবিয়ার পূর্বাঞ্চলে মানুষ আনন্দ মিছিল করছে। তাদের অনেকের হতে অস্ত্র। কারো কারো কাছে বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্রও ছিল। তোবরুক শহরের কাছে একটি সেনাঘাঁটি থেকে সেগুলো লুট করা হয়েছে।বিখ্যাত টাইম সাময়িকীর নিবন্ধকার রবার্ট বিয়ার জানান, গাদ্দাফি নিজেই তেলের পাইপলাইন উড়িয়ে দেওয়ার জন্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। গাদ্দাফির ঘনিষ্ঠ সূত্রের কাছ থেকে বিয়ার এ কথা জানতে পেরেছেন। লিবিয়ায় বিক্ষোভ শুরুর পর থেকে দেশটিতে কর্মরত অনেক বিদেশি তেল কোম্পানি কাজ বন্ধ করে দিয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেক বেড়ে গেছে।পদত্যাগ: স্বরাষ্ট্র ও বিচারমন্ত্রী এবং বাংলাদেশ, ভারত, চীন, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়াসহ জাতিসংঘ ও আরব লিগে নিযুক্ত লিবিয়ার কূটনীতিকেরা পদত্যাগ করেছেন আগেই। গতকাল তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন সিঙ্গাপুর ও বাহরাইনে নিযুক্ত দুই কূটনীতিক। এ ছাড়া গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামের এক শীর্ষ সহযোগীও পদত্যাগ করেছেন কাল।বিদেশিদের সরিয়ে নেওয়া হচ্ছে: লিবিয়া থেকে নাগরিকদের দ্রুত সরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ। এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশের লাখ লাখ শ্রমিক কাজ করেন লিবিয়ায়। এঁদের বেশির ভাগ নির্মাণপ্রতিষ্ঠানে কাজ করেন স্বল্প বেতনে।ফ্রান্স দুটি বিমানে করে গতকাল তাদের প্রায় পাঁচ শ নাগরিককে সরিয়ে নিয়েছে। প্যারিস বিমানবন্দরে পৌঁছার পর তাঁরা জানান, ত্রিপোলি বিমান্দবন্দরে আতঙ্ক-উদ্বেগ নিয়ে দেশে ফেরার অপেক্ষায় আছে বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ।চীন জানিয়েছে, আটকে পড়া প্রায় ৩০ হাজার চীনাকে দেশে নিয়ে আসার জন্য বিমান, জাহাজ ও মাছ ধরার নৌযান পাঠানো হচ্ছে। ভারত তাদের ১৮ হাজার শ্রমিককে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। ভারতের পররাষ্ট্রসচিব নিরুপমা রাও জানান, তাঁরা বিমান ও জাহাজ পাঠাবেন। বিমান অবতরণের জন্য লিবায়া কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার চেষ্টা করা হচ্ছে।যুক্তরাষ্ট্র একটি ফেরি পাঠিয়েছে ত্রিপোলিতে। গতকাল সকালে আল-সাহাব বন্দরে পৌঁছে ফেরিতে ওঠার জন্য মার্কিন নাগরিকদের আহ্বান জানানো হয়।ব্রিটেন যাত্রীবাহী বিমান ও রাজকীয় নৌবাহিনীর জাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে। ইতালি জানিয়েছে, তাদের ৪০০ নাগরিককে ইতিমধ্যে দেশে ফিরিয়ে আনা হয়েছে।এ ছাড়া দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, তুরস্ক, রাশিয়া, তিউনিসিয়া, গ্রিস, বুলগেরিয়া, মিসর, জর্ডান, নেদারল্যান্ড, সার্বিয়া, স্পেনসহ বিভিন্ন দেশ লিবিয়ায় বিমান ও জাহাজ পাঠিয়ে তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে।জাতিসংঘের পদক্ষেপ: লিবিয়ার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদ বলেছে, সাধারণ নাগরিকদের ওপর হামলার জন্য যারা দায়ী, দ্রুত তাদের বিচার করতে হবে। সেখানে অবস্থানরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয় বিবৃতিতে।লিবিয়ায় সংকটের কারণে বিদেশ সফর সংক্ষিপ্ত করে গতকাল নিউইয়র্কে ফিরেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। তিনি লিবিয়ায় ত্বরিত ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য উদ্যোগী হতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের মানবাধিকার সংস্থা জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের অনুরোধের পরিপ্রেক্ষিতে শুক্রবার তারা লিবিয়ার সংকট নিয়ে জরুরি বৈঠক করবে।বিভিন্ন দেশের পদক্ষেপ: লিবিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে পেরু। পেরুর প্রেসিডেন্ট অ্যালান গার্সিয়া বলেছেন, গাদ্দাফি তাঁর দেশের জনগণের বিরুদ্ধে সহিংসতা বন্ধ না করা পর্যন্ত লিবিয়ার সঙ্গে পেরুর সব ধরনের সম্পর্ক ছিন্ন থাকবে। পেরুই প্রথম দেশ, যে লিবিয়ার বিরুদ্ধে এ ধরনের কঠোর পদক্ষেপ নিল।ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি লিবিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশটির বিরুদ্ধে দ্রুত কঠোর ও কার্যকর অবরোধ আরোপ করতে বলেছেন তিনি।তবে কিউবা ও নিকারাগুয়া গাদ্দাফির প্রতি সমর্থন জানিয়েছে। কিউবার নেতা ফিদেল কাস্ত্রো বলেছেন, লিবিয়ার তেল স্থাপনা দখলের পরিকল্পনা করছে ওয়াশিংটন। এটা পরিষ্কার যে মার্কিন সরকার লিবিয়ায় শান্তি নষ্ট করতে চাইছে।জাতির উদ্দেশে গাদ্দাফির দেওয়া ভাষণকে ‘চরম আতঙ্কজনক’ অভিহিত করে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেন, গাদ্দাফি নিজের জনগণের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছেন।লিবিয়ার সাবেক ঔপনিবেশিক শাসক ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি গত মঙ্গলবার গাদ্দাফিকে ফোন করে দ্রুত সহিংসতা বন্ধের আহ্বান জানান।মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য চাপ সৃষ্টি করতে মধ্যপ্রাচ্যবিষয়ক শীর্ষ প্রতিনিধি জেফারি ফেল্টম্যানকে ওই অঞ্চলে পাঠানো হচ্ছে। তিনি সপ্তাহকাল সেখানে থাকবেন।লিবিয়ায় গত নয় দিনের বিক্ষোভে গতকালই প্রথম সরকারিভাবে হতাহতের সংখ্যা জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত তিন শতাধিক মানুষ নিহত হয়েছে। এর মধ্যে বেসামরিক নাগরিক ১৮৯ জন, অন্যরা সেনাসদস্য। তবে ইতালির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্কো ফ্রাত্তিনি বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন, নিহতের প্রকৃত সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে।