ঘরে বাইরের একটি পর্যালোচনা রবীন্দ্রনাথের গান্ধীবাদী উপন্যাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেয়র্গ লুকাচের (১৮৮৫-১৯৭১) জন্ম হাঙ্গেরিতে। মার্ক্সবাদী সাহিত্য-সমালোচক হিসেবে গত শতকের প্রগতিশীল সাহিত্যবিতর্কে প্রবলভাবে অংশ নেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে অনুবাদ হয়ে বেরোলে সেটির সমালোচনা হিসেবে তিনি এ প্রবন্ধটি লেখেন।জার্মানির ‘বুদ্ধিবৃত্তিক অভিজাতদের’ মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ব্যাপক মাতামাতি সেই সব সাংস্কৃতিক কেলেঙ্কারির একটি, যেগুলো বারবার ঘটছে। এসব কেলেঙ্কারির একটা আগেরটার চেয়ে প্রবল। এই বুদ্ধিবৃত্তিক অভিজাতরা যে সম্পূর্ণ দেউলিয়া হয়ে পড়েছেন, এটা তারই এক বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ। কারণ, এ ধরনের মাতামাতি খাঁটি জিনিস ও নকলের মধ্যকার পার্থক্য দেখতে পাওয়ার সামর্থ্য হারানোর ইঙ্গিত।কল্পনাশক্তিসম্পন্ন লেখক হিসেবে যেমন, চিন্তাবিদ হিসেবেও তেমনি, রবীন্দ্রনাথ আগাগোড়াই এক গুরুত্বহীন ব্যক্তিত্ব। সৃজনশীল ক্ষমতা বলে কিছু তাঁর নেই; তাঁর চরিত্রগুলো নিষ্প্রভ গৎবাঁধা; তাঁর কাহিনিগুলো গতানুগতিক ও অনাকর্ষণীয়; তাঁর সংবেদনশীলতা দুর্বল, অসার। নিজের একঘেয়ে ক্লান্তিকর স্বভাবজাত লেখাগুলোর মন্থর প্রবাহের মধ্যে উপনিষদ আর ভগবদ্গীতা থেকে টুকরো-টাকরা জুড়ে দিয়েই টিকে আছেন তিনি; এবং টিকে আছেন আরও এ জন্য যে, এ সময়ের জার্মান পাঠকেরা লেখকের নিজের কথা ও ধার করা উদ্ধৃতিগুলোকে আলাদা করে চিনতে পারছেন না—এমনই অনিশ্চয়তাবোধে ভুগছেন তাঁরা। ফলে, ভারতীয় দর্শনের এই অপ্রতুল উচ্ছিষ্ট সেই নির্গুণ উপাদানকে অবলুপ্ত করে না, যা একে আকার দিয়েছে; বরং তা দূর থেকে গভীরতা ও প্রজ্ঞার ভাব এনে দেয়। এতে বিস্ময়ের কিছু নেই। জার্মানির শিক্ষিত লোকেরা যখন নানা ধরনের বুদ্ধিবৃত্তিক বিকল্পের সঙ্গে তাল দিয়ে যাচ্ছেন, যখন তাঁরা আর স্প্যাংলার ও ধ্রুপদি দর্শনের মধ্যকার পার্থক্য ধরতে পারছেন না। যখন তাঁরা ইউয়ার্স, হফমান, পো প্রমুখের মধ্যকার ভেদাভেদ দেখতে পাচ্ছেন না, তখন কী করে অতি দূরবর্তী ভারতীয় ভুবনে এসবের পার্থক্য দেখতে পাবেন? রবীন্দ্রনাথ হলেন ভারতীয় ফ্রেনসেন (গুস্তাভ ফ্রেনসেন [১৮৬৩-১৯৪৫] হোলস্টাইনের একজন আঞ্চলিক লেখক ও যাজক); রবীন্দ্রনাথ তাঁর ভক্তিময় একঘেয়েমির মধ্যে ভীরুভাবে স্মরণ করেন ফ্রেনসেনকে, যদিও তাঁর সৃজনশীল ক্ষমতা ফ্রেনসেনের চেয়েও কম। তবু আজকের জার্মানদের মানসিকতার একটা লক্ষণ হিসেবে তাঁর বিরাট সাফল্যের কিছু গুরুত্ব আছে।রবীন্দ্রনাথকে এভাবে খারিজ করে দেওয়ার একটা সম্ভাব্য ফল হতে পারে তাঁর আন্তর্জাতিক খ্যাতি (বা বলা ভালো, ব্রিটিশদের মধ্যে তাঁর খ্যাতি) ছড়িয়ে পড়া। খ্যাতি ও সম্পদ (নোবেল পুরস্কার) দিয়ে রবীন্দ্রনাথকে পুরস্কৃত করার কারণ ইংরেজ বুর্জোয়াদের আছে: ভারতের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে তাদের এই বুদ্ধিবৃত্তিক এজেন্টের কাছে তারা তাদের দায় শোধ করছে। তাই প্রাচীন ভারতের ‘প্রজ্ঞাসম্ভার’ থেকে রবীন্দ্রনাথের নেওয়া উচ্ছিষ্টের (পরিপূর্ণ সমর্পণের তত্ত্ব ও সহিংসতা খারাপ এই তত্ত্ব; অবশ্য তা শুধুই সেসব ক্ষেত্রে, যেখানে স্বাধীনতা সংগ্রামের ব্যাপার আছে) একটা খুব সুনির্দিষ্ট, স্পষ্টভাবে বোধগম্য অর্থ আছে ব্রিটিশদের কাছে। রবীন্দ্রনাথের খ্যাতি ও কর্তৃত্ব যত বাড়বে, তাঁর প্রচারপত্র ততই কার্যকরভাবে লড়তে পারবে তাঁর স্বদেশের স্বাধীনতার জন্য সংগ্রামের বিরুদ্ধে।ক্লান্তিকরভাবে একঘেয়ে আর নিষ্প্রাণ হয়েও রবীন্দ্রনাথের উপন্যাস প্রচারপত্র ছাড়া কিছু নয়; এবং তাঁর এই প্রচারপত্র কুৎসা প্রচারের হীনতম হাতিয়ার। নিরপেক্ষ ও সংস্কারমুক্ত পাঠকেরা যতই এসব ভক্তিপূর্ণ ‘প্রজ্ঞা’র ভেতরে ঢুকবেন, ততই তাঁদের বিস্বাদ লাগবে এবং রবীন্দ্রনাথ এক ‘সর্বমানবিক’, ‘গভীর’ দর্শনের মধ্যে যতই চতুরভাবে ভারতীয় স্বাধীনতাসংগ্রামীদের প্রতি তাঁর অক্ষম ঘৃণা লুকোনোর চেষ্টা করবেন, ততই এসব পাঠকের বীতস্পৃহা জাগবে।এই উপন্যাসে বুদ্ধিবৃত্তিক দ্বন্দ্ব সন্ত্রাস ব্যবহারের প্রশ্নের সঙ্গে জড়িত। জাতীয় আন্দোলন-সংগ্রামের সূচনার ছবি আঁকছেন লেখক: বিলেতি পণ্য বর্জনের সংগ্রাম, ভারতীয় বাজার থেকে সেগুলো হটিয়ে দিয়ে দেশি পণ্যের জায়গা করে নেওয়া। রবীন্দ্রনাথ এই ওজনদার প্রশ্নটি উপস্থাপন করেছেন: এই সংগ্রামে সন্ত্রাসের ব্যবহার কি নৈতিকভাবে অনুমোদনযোগ্য? প্রস্তাব হচ্ছে, ভারত একটি নিপীড়িত, শৃঙ্খলিত দেশ, কিন্তু এ ব্যাপারে রবীন্দ্রনাথ কোনো আগ্রহ দেখাচ্ছেন না। তিনি তো সর্বোপরি একজন দার্শনিক, কেবল ‘শাশ্বত সত্য’ নিয়ে ভাবিত একজন নীতিবাদী। সন্ত্রাস ব্যবহারের মধ্য দিয়ে ব্রিটিশদের আত্মার যে ক্ষতি হয়ে গেছে, তারা যেভাবে খুশি, সেভাবে তার বিহিত করুক। রবীন্দ্রবাবুর কর্তব্য ভারতীয়দের আত্মিকভাবে রক্ষা করা এবং সন্ত্রাস, কপটতা, প্রবঞ্চনা ইত্যাদি যেসব পদ্ধতিতে তারা তাদের স্বাধীনতার জন্য সংগ্রাম চালাচ্ছে, সেসবের বিপদ থেকে তাদের আত্মাকে সুরক্ষা দেওয়া। তিনি লিখছেন, ‘যেসব মানুষ সত্যের জন্য প্রাণ দেয় তারা অমর; এবং যদি পুরো জাতি সত্যের জন্য প্রাণ দেয় তবে তারা মানবজাতির ইতিহাসে অমরত্ব লাভ করবে।’ভারতের চিরকালীন দাসত্বের আদর্শ ছাড়া এই অবস্থানের মধ্যে আর কিছু নেই। কিন্তু রবীন্দ্রনাথ তাঁর উপন্যাসে ঘটনা ও চরিত্রগুলোর মধ্যে যেভাবে এই দাবি তুলে ধরেছেন, তাতে তাঁর মানসিকতা আরও স্থূলভাবে প্রকাশ পেয়েছে। যে আন্দোলনের বিবরণ তিনি রচনা করেছেন, তা বুদ্ধিজীবীদের কাছে একটি রোমান্টিক আন্দোলন। এটা আমাদের প্রবলভাবে স্মরণ করিয়ে দেয় (তুলনাটা বেশি দূরে নিচ্ছি না। কারণ, সামাজিক পরিবেশ-পরিস্থিতি সম্পূর্ণভাবে আলাদা) ইতালির কারবোনারিদের আন্দোলন এবং কিছু দিক থেকে (বিশেষত মনস্তাত্ত্বিক দিক থেকে) রাশিয়ার নারোদনিকদের আন্দোলনের কথা। রোমান্টিক ইউটোপিয়াবাদ, ভাবাদর্শিক অতিরঞ্জন ও আত্মার সংগ্রাম—এসব আন্দোলনের এক অনিবার্য অংশ। কিন্তু রবীন্দ্রনাথের কুৎসাময় প্রচারপত্রের এ কেবল এক সূচনাবিন্দু। এই সংগ্রামী রোমান্টিসিজম, যার আদর্শ প্রতিনিধিরা প্রশ্নাতীতভাবে বিশুদ্ধ আদর্শবাদ ও আত্মোৎসর্গের চেতনা দ্বারা তাড়িত, এটিকে তিনি পরিণত করেছেন অ্যাডভেঞ্চার ও অপরাধের জীবনে। তাঁর নায়ক—একজন ক্ষুদ্র ভারতীয় জমিদার—যিনি এই তত্ত্বের প্রবক্তা, ওই রকমের ‘দেশপ্রেমিক’ অপরাধী চক্রের হাতে ভেতর-বাহির উভয় দিক থেকে বিধ্বস্ত হন। ধ্বংস হয়ে যায় তাঁর গৃহ। তিনি নিজেও পড়ে যান বিবেকহীন ‘দেশপ্রেমিকদের’ শুরু করা এক লড়াইয়ের মধ্যে। রবীন্দ্রনাথের ভাষ্য অনুসারে, এই জমিদার নিজে কোনোভাবেই জাতীয় মুক্তি আন্দোলনের প্রতি বিরূপ নন; উল্টো বরং তিনি দেশীয় শিল্প-কারখানার পৃষ্ঠপোষণ করতে চান। নতুন নতুন দেশি জিনিস উদ্ভাবনের পরীক্ষা-নিরীক্ষা করেন, যদিও নিজের খরচে নয়। স্বদেশিদের নেতাকে আশ্রয় দেন রবীন্দ্রনাথের এই নায়ক; গান্ধীর কী জঘন্য ক্যারিকেচার! কিন্তু পরিস্থিতি যখন তাঁর পক্ষে ভীষণ উত্তপ্ত হয়ে ওঠে, তখন তিনি নিজের ক্ষমতা ও ব্রিটিশ পুলিশের ক্ষমতা ব্যবহার করে রক্ষা করার চেষ্টা করেন স্বদেশিদের সন্ত্রাসের শিকার প্রত্যেক মানুষকে।এই প্রচারধর্মী বাকসর্বস্ব একপেশে অবস্থানের কারণে উপন্যাসটি শৈল্পিক দিক থেকে একেবারেই মূল্যহীন হয়ে পড়েছে। নায়কের প্রতিপক্ষ কোনো বাস্তব প্রতিপক্ষ নয়, বরং এক নীচ রোমাঞ্চসন্ধানী ফাটকাবাজ, যে কিনা, দৃষ্টান্তস্বরূপ, দেশের কথা বলে বড় অঙ্কের টাকা হাতানোর জন্য নায়কের স্ত্রীকে ফুসলায় এবং তাঁকে চুরি করতে প্ররোচিত করে, কিন্তু হাতানো টাকা জাতীয় মুক্তি আন্দোলনের হাতে তুলে দেয় না, বরং সোনার অলংকারগুলোর জৌলুসে মোহিত হয়। সে যেসব নারী ও পুরুষকে বিপথে নিয়ে যায়, তারা যে তার নিজের প্রকৃত চেহারা দেখে ফেলার মুহূর্ত থেকেই তার দিক থেকে ঘৃণাভরে মুখ ফিরিয়ে নেয়, এতে বিস্ময়ের কিছু নেই।কিন্তু রবীন্দ্রনাথের সৃজনশীল ক্ষমতা এতটুকুও নয় যে তিনি এমনকি একটি শোভনীয় প্রচারপত্র রচনা করতে পারেন। বিশ্বাসযোগ্য ও কার্যকরভাবে একটি উপন্যাসের পরিণতি টানতে দস্তয়েভস্কি তাঁর প্রতিবিপ্লবী উপন্যাস দি পজেসড-এ যে আংশিক সাফল্য দেখিয়েছেন, সেটুকু কল্পনাপ্রতিভাও রবীন্দ্রনাথের নেই। তাঁর কাহিনির ‘আত্মিক’ দিকটি ভারতীয় প্রজ্ঞা থেকে বিচ্ছিন্ন, একদম রদ্দি পাতিবুর্জোয়া জিনিস। শেষ পর্যন্ত তা গিয়ে ঠেকে ‘ঘরের পুরুষের’ মানমর্যাদা অবস্থানের সমস্যায়: একজন ‘ভালো ও সৎ’ পুরুষের স্ত্রী কীভাবে এক রোমাঞ্চসন্ধানী ফাটকাবাজের পাল্লায় পড়ে গোল্লায় যায় এবং তার আসল চেহারাটা দেখতে পাওয়ার পর গভীর অনুশোচনা নিয়ে স্বামীর কাছে ফিরে আসে।এই সংক্ষিপ্ত নমুনাই সেই ‘মহান মানুষ’ সম্পর্কে ধারণা পাওয়ার জন্য যথেষ্ট, জার্মানির বুদ্ধিজীবীরা যাঁকে একজন পয়গম্বরের মতো সমাদর করছেন। এভাবে তাঁকে সম্পূর্ণভাবে খারিজ করে দেওয়ার জবাবে তাঁর ভক্তকুল নিশ্চয়ই তাঁর অন্যান্য ‘অধিকতর বিশ্বজনীন’ রচনার দিকে তাকাতে বলবেন। কিন্তু আমাদের দৃষ্টিতে যেকোনো বুদ্ধিবৃত্তিক প্রবণতার গুরুত্ব ও তাৎপর্য স্পষ্ট হয়ে ওঠে সমকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্পর্কে তা সুনির্দিষ্টভাবে কী বলে তার মধ্য দিয়ে (বিশৃঙ্খলা ও গণ্ডগোলের সময় যদি তা কোনো পথ দেখাতে চায়)। একটি যুগের দুঃখ-যন্ত্রণায় পীড়িত ও সংগ্রামে লিপ্ত মানুষের উদ্দেশে কোনো তত্ত্ব বা দৃষ্টিভঙ্গির (এবং যারা তা প্রচার করে তাদের) বক্তব্যের মধ্য দিয়েই স্পষ্ট হয়ে ওঠে সেই তত্ত্ব বা দৃষ্টিভঙ্গির এবং যারা তা প্রচার করে, তাদের গুরুত্ব বা মূল্যহীনতা। বিশুদ্ধ তত্ত্বের অভাবজনিত শূন্যতায় (এবং অভিজাত বৈঠকখানার চার দেয়ালের মধ্যে) বিশুদ্ধ প্রজ্ঞার পরিমাপ করা কঠিন। কিন্তু যখনই তা মানুষকে পথ দেখানোর চেষ্টা করবে, সেই মুহূর্তেই প্রজ্ঞা স্বরূপে দৃশ্যমান হয়ে উঠবে। রবীন্দ্রনাথ তাঁর এই উপন্যাসে মানুষকে পথ দেখাতে চেয়েছেন। আগেই যেমন বলেছি, তাঁর ‘প্রজ্ঞা’ নিবেদিত হয়েছে ব্রিটিশ পুলিশের বুদ্ধিবৃত্তিক সেবায়। সুতরাং এই ‘প্রজ্ঞা’র তলানির প্রতি আরও বেশি মনোযোগ দেওয়ার কোনো প্রয়োজন আছে কি?ইংরেজি থেকে অনুবাদ: মশিউল আলম