ঘরেই মরে পড়ে ছিলেন মা-বাবা-মেয়ে
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৈলপুর গ্রামের একটি বাড়ি থেকে গতকাল সোমবার সকালে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, খাদ্যে বিষ প্রয়োগ করে তাঁদের হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন গৃহকর্তা আবদুল হক মাঝি (৬০), তাঁর স্ত্রী রাবেয়া বেগম (৪৫) এবং মেয়ে আসমা আক্তার (১১)। ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।আবদুল হকের দুই ছেলে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। বড় দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে তিনি বাড়িতে থাকতেন।মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, রোববার রাতে আবদুল হকের বাড়িতে অজ্ঞাতনামা দুজন ‘অতিথি’ আসেন। তাঁরা আবদুল হককে তালই (তাওই) সাহেব সম্বোধন করে। গতকাল সকালে ওই বাড়িতে ঠোঙাভর্তি কয়েকটি আপেল ও লেবেলবিহীন একটি খালি মিষ্টির প্যাকেট পাওয়া যায়। বাড়ির কাঠের আলমারিটি খোলা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এই ‘অতিথিরা’ই খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তাদের হত্যা করে মূল্যবান মালামাল নিয়ে গেছে।এ ঘটনায় নিহত আবদুল হকের বড় জামাতা লুত্ফর রহমান বাদী হয়ে গতকাল মোরেলগঞ্জ থানায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন।লুত্ফর রহমান প্রথম আলোকে জানান, তাঁর শাশুড়ির শরীরের স্বর্ণালংকার ও একটি টেবিল ফ্যান পাওয়া যাচ্ছে না। ঘরে টাকাও ছিল।নিহত আবদুল হকের পাশের বাড়িতে থাকেন তাঁর চাচাতো ভাই সালেক মাঝি। সালেক জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে তিনি আবদুল হকের ঘরে কয়েকজনের কথাবার্তা শোনেন। এ সময় কেউ একজন আবদুল হককে ‘তালই’ বলে সম্বোধন করছিলেন।আবদুল হকের অপর চাচাতো ভাই আবদুল মজিদ মাঝি জানান, গতকাল সকাল আটটার দিকে মিনারা (৯) নামের প্রতিবেশী একটি মেয়ে আবদুল হকের বাড়িতে দুধ নিতে আসে। মেয়েটির ডাকাডাকিতে তিনিসহ কয়েকজন আত্মীয় ও প্রতিবেশী গিয়ে দেখে, ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। তারা দরজা খুলে ঘরে ঢুকে রাবেয়া, আবদুল হক ও আসমার নিথর দেহ পড়ে থাকতে দেখে।মোরেলগঞ্জ থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, নিহত ব্যক্তিদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে তাঁদের মুখমণ্ডল কিছুটা নীলচে রং ধারণ করেছে।