ঘরের খাবার বাইরে!
নগরের কর্মব্যস্ত মানুষেরা ভুলতে বসেছেন ঘরে তৈরি সুস্বাদু খাবারের স্বাদ। কেননা অনেকেই আজকাল রেস্তোরাঁয় বসে কিংবা সেখান থেকে খাবার কিনে এনেই ভোজনপর্বটা শেষ করেন। যাঁরা রান্নাবান্নার বদলে খাবার কিনে খান, তাঁরা কিন্তু নগরের সুপার স্টোরগুলোয় ঢুঁ মারতে পারেন। সেগুলোয় ঘরে তৈরি (হোম মেড) খাবার মিলছে। এ খাবার একদিকে ক্রেতাদের ঘরের খাবারের স্বাদ দিচ্ছে। আবার যাঁরা এগুলো তৈরি করছেন, তাঁরা ঘরে বসেই আয়ের সুযোগ পাচ্ছেন। এসব নিয়ে লিখেছেন আজহার হোসেন ও শারমিন নাহার।যেখানে মেলে...ঘরে তৈরি হয়ে বাজারে চলে আসে এমন খাবারের তালিকায় শীতের ভেজানো চিতই, পাটিসাপটা, গরম ভাপা পিঠা তো রয়েছেই। এসবের সঙ্গে আরও আছে নানা স্বাদের হালুয়া, মোয়া, নাড়ু, কেক, বিস্কুট, শিঙাড়া, সমুচা, হাতে বানানো রুটি আর পরোটা।মগবাজারের আগোরা সুপার স্টোরে ঘরে তৈরি খাবার কেনার সময় কথা হয় রাফিয়া বেগমের সঙ্গে। তিনি জানান, খাবারগুলোর সবটাই ঘরোয়া পরিবেশে বানানো বলে স্বাদ আর গুণমান নিজের ঘরের মতোই। তিনি বেছে বেছে ঘরে বানানো দুধ চিতই, গাজরের হালুয়া আর বেশ কয়েক পদ ফ্রোজেন খাবার কিনছিলেন। রাফিয়া বেগম আরও বলেন, ‘ব্যস্ততার কারণে সন্তানদের পছন্দমতো খাবার রান্না করে খাওয়াতে পারি না। তাই ঘরোয়া খাবারের স্বাদ নিতে এই খাবারই কিনি।’ বাড়িতে অতিথি এলে ঝটপট আর মনের মতো আপ্যায়নের জন্য ফ্রোজেন খাবারের চাহিদা বেশি। হোম মেড এসব খাবার সময় ও শ্রম বাঁচায় বলে মনে করেন তিনি।ধানমন্ডির ২৭ নম্বর সড়কের সুপার স্টোর পিকিউএসে কেনাকাটা করছিলেন রাশেদ আহম্মেদ। অনেক খুঁজে ঘরে বানানো একটা কেক কিনলেন। তাঁর কাছে জানতে চাওয়া হয়, পেস্ট্রি শপ বা বেকারির বদলে ঘরে বানানো কেক কেন? এমন প্রশ্নে তিনি বলেন, ‘আসলে ঘরে বানানো খাবার বলে মানসিক প্রশান্তি পাই। আবার মোড়কটাও বেশ সুন্দর। গুণগতমানে ঘরে বানানো খাবারগুলো সত্যিই দারুণ।’এখন কেবল নগরের সুপার স্টোরই নয়, পাড়ার দোকানগুলোয়ও মিলছে ঘরে বানানো নানা পদের খাবার। মিরপুর ২ নম্বর সেকশনের রাশেদ জেনারেল স্টোরের স্বত্বাধিকারী রাশেদ আলী বলেন, ‘বর্তমানে ঘরে তৈরি খাবারের চাহিদা অনেক বেশি। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে নগরের অনেক উদ্যোগী নারীই যত্ন নিয়ে ঘরে খাবার তৈরি করে সেগুলো বাজারজাত করছেন।’ইস্কাটন গার্ডেন রোডে মহিলা অধিদপ্তর ভবনের নিচে থাকা ‘অঙ্গনা স্ন্যাকস’-এর সব খাবারই আসে ঘর থেকে। এতে অধিদপ্তরের কর্মী ছাড়াও বাইরের ক্রেতারাও আসেন। এর মধ্যে আছেন হলি ফ্যামিলি হাসপাতাল ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। চিকির্যাাসাবিদ্যার শিক্ষার্থী মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, বন্ধুবান্ধবসহ সকালের নাশতা, দুপুরের ভারী খাবার কিংবা ক্লাসের ফাঁকে চা-নাশতার পর্বটা এখানেই সারেন তিনি। আরেক শিক্ষার্থী ফারিয়া বলেন, ‘অঙ্গনায় খেলে মনে হয় না বাইরে খাচ্ছি। বাসার খাবারের মতোই লাগে। আর কম দামে খাবারের মানটা বেশ ভালো।’ অঙ্গনা স্ন্যাকসের পরিচালক রোকেয়া বেগম বলেন, রান্না একটা শিল্প। এই শিল্পকে স্বাস্থ্যসম্মত উপায়ে পরিবেশন করতে পারলেই স্বস্তি। প্রতিটি খাবার নিজে যত্ন নিয়ে তৈরি করেন তিনি।সুপার স্টোর আগোরার মগবাজার শাখার স্টোর ম্যানেজার লোকমান হোসেন জানান, ঘরোয়া পরিবেশে তৈরি খাবারের চাহিদা দিন দিন বাড়ছে। তাঁদের এখানে নানা রকমের খাবার থাকার পরও ক্রেতারা ঝুঁকছেন হোম মেড খাবারের দিকে। শুরুর দিকে গুটিকয়েক ঘরে বানানো খাবার দিয়ে শুরু করলেও এখন প্রায় ২০ ধরনের ঘরে বানানো খাবার রয়েছে তাঁদের এখানে।খাবারের অন্দরমহলদিন দিন ঘরের খাবারের প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়ছে। সে কথাই বলছিলেন ঘরের খাবার তৈরির প্রতিষ্ঠান আজিমপুরের ‘ফ্রেশ হোমমেড’-এর স্বত্বাধিকারী সালমা নাসিম। তিনি জানান, রান্নার প্রতি বরাবরই তার ঝোঁকটা বেশি। ঘরে বসে পরিবার-পরিজনের জন্য পছন্দের খাবার তৈরি করতে করতে একসময় বাড়ির পাশের দোকানগুলোয় তা দিতে শুরু করেন। সেসব খাবার ভালোভাবেই গ্রহণ করেন ক্রেতারা।ঘরের খাবার দোকানে সরবরাহ করার শুরুটা নারীদের দিয়ে হলেও বর্তমানে অনেক পুরুষই এগিয়ে আসছেন ঘরের খাবার তৈরির কাজে। উত্তরার ৪ নম্বর সেক্টরের ‘এসএমএস কিচেন’-এর স্বত্বাধিকারী মোহাম্মদ সাইজ উদ্দিন বলেন, ‘নিজেদের জন্য যেভাবে খাবার প্রস্তুত করি দোকানের খাবারগুলোও ততটা যত্ন নিয়েই তৈরি করার চেষ্টা করি।’এদিকে উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কের ৪৪ নম্বর বাড়িতে বসে প্লেন কেক, পেস্ট্রি কেক আর বিস্কুটের ফরমায়েশ নেন ‘বেস্ট কেক’-এর স্বত্বাধিকারী শহীদুল্লাহ সোহেল। মাস ছয়েক প্রতিষ্ঠানটি চালু হলেও ভালোই ফরমায়েশ পাওয়া যাচ্ছে। সোহেল জানান, নগরবাসী যেকোনো ধরনের কেক ২৪ ঘণ্টা আগে মুঠোফোনে (০১৭১৭৫৩৬০৫৮) ফরমায়েশ দিলে তিনি সরবরাহ করতে প্রস্তুত।ঘরে বানানো খাবার নিয়ে কথা হয় পুষ্টিবিদ সিদ্দিকা কবীরের সঙ্গে। তিনি বলেন, ‘যেহেতু ঘরের খাবার, তাই বলাই যায়, এ খাবারের মান ভালো হবে। তবে যাঁরা খাবার তৈরি করছেন, তাঁরা খাবারের পুষ্টিগুণের ব্যাপারে সচেতন থাকবেন।’ আবার খাবারের মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখ দেওয়ার ব্যাপারেও সচেতন থাকার পরামর্শ দেন তিনি।খাবার বানাতে চান?ঘরে বানানো খাবারের ক্ষেত্রে দেখা যায়, কেক-বিস্কুট, পিঠাপুলি আর স্ন্যাকস-জাতীয় খাবারের চাহিদাই বেশি থাকে দোকানে। তাই এর যেকোনো পদ বাজারে সরবরাহ করতে চাইলে সেটি তৈরি করা শিখতে হবে। খাবার তৈরি করা শেখাতে নগরে বেশকিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ পর্যটন করপোরেশন পরিচালিত অবকাশ হোটেল ও ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউড (এনএইচটিটিআই)। সেখানে নানা রকম খাবার তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। আবার এনএইচটিটিআই থেকে শিক্ষানবিশ হিসেবে কাজের ব্যবস্থা আছে বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারে।এনএইচটিটিআই থেকে প্রশিক্ষণ নেওয়া উত্তরার শহীদুল্লাহ সোহেল সৌদি আরবের রাজ পরিবারে পেস্ট্রি শেফ হিসেবে কাজ করেছেন। যাঁরা ঘরে বসে কেক আর বিস্কুট তৈরি করে বাজারে সরবরাহ করতে চান, তাঁদের জন্য তাঁর পরামর্শ হচ্ছে, যাঁরা এই পেশায় আসতে চান, তাঁদের প্রথমে কিছু বিনিয়োগ করতে হবে। প্রথমে খাবার বানানোর জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন একটি কক্ষ লাগবে। সংগ্রহ করতে হবে ওভেন। ঘরে খাবার বানাতে হলে খাবারের উপকরণগুলোও কিনতে হবে বেছে বেছে। মাখনের জন্য ভরসা করা যায় সরকারি প্রতিষ্ঠান মিল্কভিটার মাখনের ওপর। আবার বাজারে বস্তায় পাওয়া আটা ও ময়দায় ভরসা না করার পরামর্শ দিলেন শহীদুল্লাহ সোহেল। তাঁর মতে, বাজারে রয়েছে নানা ব্র্যান্ডের প্যাকেটজাত আটা-ময়দা। সেগুলো ব্যবহার করাই ভালো। এতে মান নিয়ন্ত্রণের ব্যাপারে চিন্তা করতে হয় না। খাবারের আরও নানা উপকরণের জন্য বিশ্বস্ত কোনো মুদি দোকান বা ডিপার্টমেন্টাল স্টোর খুঁজে নিতে হবে।নতুন নতুন যাঁরা খাবার তৈরি করবেন, তাঁদের জন্য সোহেলের পরামর্শ হচ্ছে, আগে নিয়মিত বাসায় খাবার তৈরি করে হাত পাকিয়ে নিতে হবে। প্রতিবার বিভিন্ন রকম উপকরণ দিয়ে খাবার বানাতে হবে। নিজে খেয়ে দেখতে হবে তার স্বাদ। আর যে উপকরণ দিয়ে খাবারটি বানালে গ্রাহক সন্তুষ্ট হবে, সেটি দিয়ে খাবার বানাতে হবে। বাজারদর বুঝে খাবারের দাম নির্ধারণ করতে হবে।লো-ক্যালরি বিস্কুট তৈরির প্রণালিস্বাস্থ্যসচেতন নগরবাসীর বিকেলের চায়ের কাপের সঙ্গী হতে পারে লো-ক্যালরি বিস্কুট। এটি তৈরির প্রক্রিয়া জানিয়েছেন শহীদুল্লাহ সোহেল।৩০০ গ্রাম লো-ক্যালরি বিস্কুট বানাতে হলে দরকার ১০০ গ্রাম ভেজিটেবল ফ্যাট, ২০ গ্রাম আইসিং সুগার, ২ গ্রাম লবণ, একটি ডিমের সাদা অংশ, গুঁড়োদুধ ৫০ গ্রাম আর ময়দা ১৭০ গ্রাম। বিস্কুটের আকার দেওয়ার জন্য প্রয়োজন ছাঁচ ও বেক করার জন্য ওভেন।প্রথমে ভেজিটেবল ফ্যাট, আইসিং সুগার, লবণ একসঙ্গে মেশাতে হবে। এরপর এতে অল্প অল্প করে ডিমের সাদা অংশটি মেশাতে হবে। সব শেষে গুঁড়োদুধ আর ময়দা মেশাতে হবে।খামির হয়ে গেলে একটি পিঁড়িতে খামিরটুকু বিছিয়ে দিতে হবে। খামির সমতল করে বিছাতে বেলন ব্যবহার করতে হবে। খামির সমান আকারে বিছিয়ে দেওয়া হয়ে গেলে মোটা রুটির আকৃতির খামির ছাঁচ (ডাইস) দিয়ে কাটতে হবে। বাজারে নানা আকারের ছাঁচ পাওয়া যায়। খামির যখন কয়েকটি বিস্কুটের আকারে আসবে, তখন সেগুলো একটি ট্রেতে করে ওভেনে দিতে হবে। ওভেনের তাপমাত্রা দিতে হবে ১৮০ ডিগ্রি। ওভেনে বিস্কুট রাখতে হয় ২০ থেকে ২৫ মিনিট। হালকা বাদামি রং থাকতে থাকতে ওভেন থেকে বের করতে হবে বিস্কুটগুলো।