ঘরের মধ্যে বস্তুর অবস্থান নির্ণয়ের নতুন পদ্ধতি
ঘরের মধ্যে কাজ করে এমন একটি নতুন পজিশনাল প্রযুক্তি উদ্ভাবন করেছেন বাংলাদেশের দুই তরুণ শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিকস ও যোগাযোগ প্রকৌশল বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী মো. আহসান হাবীব ও তাসবিরুন নাহিয়ানকে সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠেয় আন্তর্জাতিক সম্মেলনে তাঁদের প্রযুক্তি প্রদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। যেকোনো বস্তুর ভৌগলিক অবস্থান নির্ণয়ের জন্য জিপিএসের (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ব্যবহার দীর্ঘদিনের। তবে ঘরের মধ্যে জিপিএস ব্যবহার করে কোনো বস্তুর অবস্থান নির্ণয় সহজ নয়, এতে যথেষ্ট ভুল থাকে। সে কারণে খোলা ময়দানের পরিবর্তে দালান বা অবকাঠামোর ভেতর কোনো বস্তুর অবস্থান নির্ণয়ের জন্য ব্যবহার করা হয় ইনডোর পজিশনিং সিস্টেম (আইপিএস)। এতে কেবল বস্তুর অবস্থান নির্ণয় শুধু নয়, এটির গতিবিধিও নজরে রাখা যায়।বর্তমানে যেসব পদ্ধতি ব্যবহার করা হয়, এগুলো মূলত ‘টাইম অব ফ্লাইট’ পদ্ধতিতে বস্তুর অবস্থান নির্ণয় করে। এ পদ্ধতিতে একটি স্থান থেকে সংকেত পাঠিয়ে সেটা ফেরত আসার সময় গণনা করে বস্তুর অবস্থান নির্ণয় করা হয়। এই পদ্ধতিতে প্রচলিত ও জনপ্রিয় আইপিএসের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের এমআইটি উদ্ভাবিত ক্রিকেট, ডলফিন, অ্যাকটিভ ব্যাট ইত্যাদি। তবে ক্রিকেট পদ্ধতিতে বস্তুর অবস্থানের সঠিকতা এবং নির্ণয়ের সময় দুটোই একটু বেশি প্রয়োজন। পক্ষান্তরে আহসান হাবীব ও তাসবিরুন নাহিয়ানের উদ্ভাবিত যন্ত্রে ব্যবহার করা হয়েছে আলট্রাসনিক সংকেত দিয়ে তৈরি স্ট্যান্ডিং (ওয়েভ)। এই পদ্ধতিতে লক্ষ্যবস্তু ও বেজ পয়েন্টের মধ্যে একটি আলট্রাসনিক সিগন্যাল ওয়েভ লুপ তৈরি করা হয়, যা সুপার পজিশনিংয়ের মাধ্যমে একটি স্ট্যান্ডিং তরঙ্গ ওয়েভ তৈরি করে। স্ট্যান্ডিং ওয়েভের বৈশিষ্ট্য অনুযায়ী তরঙ্গদৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য পর পর একটি করে উচ্চ বিস্তারের স্পাইক তৈরি করে। লক্ষ্যবস্তুর সরণের ফলে তৈরি হওয়া স্পাইক গণনা করে লক্ষ্যবস্তুর অবস্থান ও এর দূরত্ব নির্ণয় করা যায়। এর মাধ্যমে এক সেন্টিমিটারেরও কম সূক্ষ্মতায় গণনা করা সম্ভব। বর্তমানে বৃহদাকার কলকারখানা, অফিস, হাসপাতাল প্রভৃতি স্থানে বিভিন্ন বস্তুর অবস্থান জানা এবং গতিবিধি নজরদারি করা প্রয়োজন। এ কারণে বিশ্বব্যাপী ইনডোর পজিশনিং সিস্টেম নিয়ে গবেষণার গুরুত্ব বাড়ছে। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ইনডোর পজিশনিং ও ইনডোর নেভিগেশন বিষয়ক আন্তর্জাতক সম্মেলন (আইপিআইএন ২০১০) এ কারণেই সবিশেষ গুরুত্বপূর্ণ। সারা বিশ্বের ইনডোর পজিশনিং সিস্টেমের গবেষণার নানা নিবন্ধ সেই সম্মেলনে আলোচিত হবে। তবে প্রযুক্তির মডেল উপস্থাপন হবে হাতে গোনা কয়েকটি, যার মধ্যে আহসান হাবীব ও তাসবিরুন নাহিয়ানের প্রকল্পটি রয়েছে। উদ্ভাবকেরা জানিয়েছেন, তাঁদের এ-সংক্রান্ত একটি নিবন্ধ ২০০৯ সালে ভারতের একটি সম্মেলনে উপস্থাপিত হয়েছে। চলতি সম্মেলনে নিবন্ধের পাশাপাশি তাঁদের মডেলও উপস্থাপন করার সুযোগ রয়েছে বলে তাঁরা জানান। আহসান হাবীব ও তাসবিরুন নাহিয়ান আরও জানান, সম্মেলনে যোগদানের খরচ জোগাড় করতে পারলেই কেবল তাঁরা তাঁদের উদ্ভাবিত প্রযুক্তি বিশ্বের দরবারে তুলে ধরতে পারবেন এবং যন্ত্রপাতির সীমাবদ্ধতা সত্ত্বেও যে বাংলাদেশে বিশ্বমানের গবেষণা করা সম্ভব, তা প্রমাণ করতে পারবেন। যথাযথ প্রতিষ্ঠানের সহযোগিতায় আহসান হাবীব ও নাহিয়ান উদ্ভাবিত নতুন ইনডোর পজিশনিং সিস্টেম সবার কাছে তুলে ধরা সম্ভব।বিজ্ঞান প্রজন্ম প্রতিবেদক