ঘরোয়া ক্রিকেটে নজর দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় লিগের দুচারটি ম্যাচ বাদ দিলে এপ্রিলে পাকিস্তান সফরের আগে আর দীর্ঘ পরিসরের ক্রিকেট খেলবে না বাংলাদেশ দল। আসল ক্রিকেটকে ভুলে থাকার কারণে প্রত্যাশিতভাবে এগোয়নি জাতীয় দলের পারফরম্যান্স। প্রথম শ্রেণীর ক্রিকেটের দুর্বল অবকাঠামো, ক্রিকেট বোর্ডের অনীহা ও ক্লাবপ্রীতিতে বরাবরই অবহেলিত দেশের ক্রিকেটের ভিত্তি। তাই দীর্ঘ পরিসর ক্রিকেটে অভ্যস্ততা বাড়ানোতে যাবতীয় মনোযোগ দেওয়া উচিত ছিল। কিন্তু ক্রিকেট বোর্ডের সব মনোযোগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে। ক্রিকেটের সঙ্গে ক্রেতা-বিক্রেতার সম্পর্ক প্রতিষ্ঠা করে যেটির আয়োজন প্রথমবারের মতো মাত্রই শেষ হলো! সামগ্রিক লাভ-ক্ষতি বিবেচনায় না এনে কেবল বিলাস, বিনোদন আর ভোগ্যপণ্যের পসরা সাজিয়ে দেশের ক্রিকেটকে ব্রান্ডিং করা কি খুব জরুরি ছিল? যে টুর্নামেন্ট ‘টাকার আগে খেলা, না খেলার আগে টাকা’—এ প্রশ্নের জন্ম দেয়, তা আয়োজনের আগে কি জাতীয় ক্রিকেটের স্বার্থ ধর্তব্যে নেওয়া যুক্তিযুক্ত ছিল না? বিপিএলে উড়ে বেড়ানো টাকার প্রলোভনে যদি উঠতি ও প্রতিশ্রুতিশীল খেলোয়াড়েরাও ক্রিকেটের মূল অধ্যায়ে মনোযোগী না হয়ে ধুমধাড়াক্কা ক্রিকেটে মেতে ওঠাটাকেই ধ্যান-জ্ঞান করে বসেন তাহলে দীর্ঘমেয়াদি ক্রিকেটে আমাদের নৈপুণ্য যে আরও শোকাবহ হবে, বিপিএল বিনোদনে মগ্ন কর্তাব্যক্তিরা তা অনুধাবন করছেন কি? সোহেল নওরোজ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। প্রিয় পাঠক, চিঠি লিখুন ৩০০ শব্দের মধ্যে, কাগজের এক পৃষ্ঠায়, স্পষ্ট অক্ষরে। সেরা চিঠির জন্য পুরস্কার ২০০ টাকার প্রাইজবন্ড। ঠিকানা: স্টেডিয়াম, প্রথম আলো সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।