৯ অক্টোবর প্রথম আলোর খেলার পাতায় ‘বিদেশি বাড়ানোর পক্ষে সালাউদ্দিন!’ শিরোনামের লেখাটি পড়ে অবাক হয়েছি। লেখাটি পড়ে জানতে পারলাম, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলছেন, তিনি ঘরোয়া ফুটবলে একেকটি দলে আটজন বিদেশির নিবন্ধন এবং তাঁদের পাঁচজনকে খেলানোর পক্ষে। অথচ সাবেক ফুটবলার থেকে শুরু করে সব ফুটবল-বিশ্লেষক ঘরোয়া ফুটবলে বিদেশি খেলোয়াড় কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন। তাই সালাউদ্দিনের এমন বক্তব্য বিস্ময় না জাগিয়ে পারে না।গত ফুটবল মৌসুমে বাংলাদেশ লিগসহ বেশ কটি টুর্নামেন্টের খেলা মাঠে বসে দেখার সুযোগ হয়েছে। সেসব ম্যাচ দেখে মনে হয়েছে, ঢাকার ফুটবল যেন বিদেশিদের দখলে। ছড়ি ঘুরিয়েছেন ইব্রাহিম-ফ্রাঙ্করা। বিদেশি খেলোয়াড়দের কারণে স্থানীয় অনেক তরুণ ফুটবলার সাইড বেঞ্চে বসে থেকেছেন। এসব দেখে মনে প্রশ্ন জেগেছে, এ দেশের ফুটবল কি রসাতলে যাচ্ছে? বিভিন্ন ক্লাবের হয়ে লিগে বা টুর্নামেন্টে বিদেশিরা খেলবেন, এটাই স্বাভাবিক। কিন্তু ঢাকায় যেসব বিদেশি খেলেন, তাঁদের বেশির ভাগই মানসম্পন্ন খেলোয়াড় নন। আর তাঁদের সুযোগ দিতে জাতীয় দলের খেলোয়াড়দের মাঠের বাইরে বসে থাকাটা মেনে নেওয়া যায় না। দেশের ফুটবলের জন্য তা ইতিবাচকও নয়।সালাউদ্দিন তাঁর বক্তব্যের সমর্থনে যুক্তি দিতে গিয়ে বলেছেন, ‘ইউরোপের বড় বড় লিগে বিদেশি খেলোয়াড়েরা উন্মুুক্ত। ওরা তো জেনে-বুঝেই এটা করেছে। কাজেই আমরা আলাদা থাকতে পারি না।’ এটা কোনো যুক্তিই নয়। সালাউদ্দিন কি একবারও ভেবেছেন, আমাদের দেশের ফুটবল আর ইউরোপের ফুটবলের মাঝে ব্যবধান কতটা? আমাদের দেশের ফুটবলারদের এমনিতেই খেলার সুযোগ কম। লিগ বা অন্য টুর্নামেন্ট আয়োজনের ধারাবাহিকতা নেই (বাফুফে সভাপতি হওয়ার পর অবশ্য সালাউদ্দিন মাঠে ফুটবল রাখার প্রতিশ্রুতি পূরণ করেছেন)। তার ওপর যদি টুর্নামেন্ট চলাকালে তাঁদের বসে থাকতে হয়, তাহলে তাঁদের খেলার মানের উন্নতি হবে কী করে? তাই বাফুফে সভাপতি সমীপে বলছি, ঢাকার ফুটবলে বিদেশি ফুটবলারের কোটা না বাড়িয়ে আমাদের দেশের খেলোয়াড়দের বেশি বেশি সুযোগ করে দিন। এতে লাভবান হবে এ দেশের ফুটবলই। আর সেই সঙ্গে একটি অনুরোধ, ঢাকায় যেসব বিদেশি খেলেন, তাঁদের মান বাড়ানোর দিকে নজর দিন।তোফায়েল আহমেদ, সরিষাবাড়ী, জামালপুরপ্রিয় পাঠক, চিঠি লিখুন ৩০০ শব্দের মধ্যে, কাগজের এক পৃষ্ঠায়, স্পষ্ট অক্ষরে। সেরা চিঠির জন্য পুরস্কার ২০০ টাকার প্রাইজবন্ড। ঠিকানা: স্টেডিয়াম, প্রথম আলোসিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।