ঘাটতি বিদ্যুৎ নিয়ে বোরো মৌসুম শুরু
চাহিদার তুলনায় সার আর বীজের সরবরাহ বেশি হলেও বিদ্যুতের জোগান এবারও কম। চাষের এলাকা বাড়লেও বিদ্যুতের নতুন সংযোগ চলছে ধীরগতিতে। বাঁধ মেরামত না হওয়ায় হাওর আর উপকূলের কৃষকেরা আছেন আতঙ্কে। এই প্রেক্ষাপটে বোরো চাষে নেমেছেন দেশের কৃষকেরা।কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে নানাবিধ সংকটের কথা স্বীকার করেও আশা করা হচ্ছে, এবার বোরোতে ফলন ভালো হবে। সারা দেশে বোরো আবাদের ৮০ শতাংশ এলাকায় বোরোর চারা রোপণ করা হয়েছে। আবহাওয়াও অনুকূলে। দাম কমিয়ে দেওয়ায় সারের ব্যবহার বেড়েছে। তাই ভালো ফলনের আশা করছেন কৃষিমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাই।কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবারের বোরো মৌসুমের প্রস্তুতির মূল্যায়ন করতে গিয়ে প্রথম আলোকে বলেন, ‘কৃষকের জন্য সার, সেচ, বিদ্যুৎ সব কিছুর জোগান নিশ্চিত করা হয়েছে। অন্যান্য খাত থেকে বিদ্যুৎ সাশ্রয় করে সেচের জন্য তা দেওয়া হবে।’ সবকিছু ঠিকমতো এগোচ্ছে মন্তব্য করে তিনি আরও বলেন, সবার সহযোগিতা পেলে কৃষক ভালো ফলন ফলাবেন। সার-বীজ উদ্বৃত্ত: অনেকটাই উপকরণের সরবরাহনির্ভর বোরো মৌসুম শুরু হলেই সার ও বীজসংকটের কথা শোনা যায়। সারের জন্য আন্দোলন করে কৃষকদের প্রাণ দেওয়ার ঘটনাও ঘটেছে। এ বছর পরিস্থিতি একেবারেই বিপরীত। সরকারিভাবে সরবরাহ করা সার ও বীজ এবার পুরোটা বিক্রি হয়নি। কিছু অংশ রয়ে গেছে। প্রয়োজনীয় এক লাখ ২০ হাজার টন বীজের অর্ধেক সরবরাহ করেছে সরকারি সংস্থা বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। বিএডিসি কর্তৃপক্ষ জানিয়েছে, এর মধ্যে তাদের প্রায় তিন হাজার টন বীজ উদ্বৃত্ত রয়ে গেছে। তবে চাহিদা পূরণ ঠিকই হয়েছে। এর ব্যাখ্যা হচ্ছে, এবার কৃষক পর্যায় থেকেই বীজের বড় অংশ পাওয়া গেছে।সারের মধ্যে বোরো মৌসুমের জন্য ১৩ লাখ টন ইউরিয়া, এক লাখ ৭৫ হাজার টন টিএসপি, এক লাখ ২০ হাজার টন এমওপি ও এক লাখ ২০ হাজার টন ডিএপি সারের জোগান নিশ্চিত করা হয়।চলতি সপ্তাহ পর্যন্ত ছয় লাখ টন ইউরিয়া বিক্রি হয়েছে। টিএসপি, এমওপি ও ডিএপি সারের প্রায় পুরোটাই বিক্রি হয়ে গেছে। সার বিক্রির দায়িত্বপ্রাপ্ত সংগঠন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) সূত্রে জানা গেছে, এপ্রিলের মধ্যে বাকি সাত লাখ টন ইউরিয়া বিক্রি হওয়ার সম্ভাবনা নেই। এ ক্ষেত্রে দুই থেকে তিন লাখ টন ইউরিয়া রয়ে যেতে পারে। পরবর্তী আউশ মৌসুমে তা ব্যবহার করা যাবে। বিদ্যুৎসংযোগে ধীরগতি: কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, সেচের জন্য এবার এক হাজার ৪৬০ মেগাওয়াট বিদ্যুৎ ও ১০০ কোটি লিটার ডিজেলের প্রয়োজন হবে। চাষের এলাকা বাড়ায় সেচের চাহিদাও এবার বেড়েছে।বোরো মৌসুম শুরুর সময় গত ডিসেম্বরে এক আন্তমন্ত্রণালয় বৈঠকে বিএডিসি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে বলা হয়, বরেন্দ্র এলাকায় এক হাজার ২৩৯টি নতুন সংযোগের পাশাপাশি এক হাজার ৬৭৬টি সেচপাম্পে বিদ্যুৎসংযোগ প্রয়োজন।বৈঠকে বিএডিসি থেকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কাছে নতুন ২৩০টি গভীর নলকূপের জন্য বিদ্যুৎসংযোগ চাওয়া হয়। জানানো হয়, মাঠ পর্যায় থেকে কৃষকেরা ২০ হাজার সেচযন্ত্রের জন্য বিদ্যুৎসংযোগের আবেদন করেছেন। এগুলোতে বিদ্যুৎসংযোগ দেওয়া না হলে উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে।এদিকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন সংস্থা পল্লী বিদ্যুতের কাছে এক হাজার ৪৫০টি গভীর নলকূপের সংযোগ চাইলে তাদের ৮০০টি সংযোগ দেওয়া যাবে বলে জানানো হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ২৩০টি পাম্পে সংযোগ দেওয়া হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে দেওয়া হবে বলে বরেন্দ্র কর্তৃপক্ষকে জানানো হয়েছে।বিএডিসি থেকে ২১৫টি গভীর নলকূপের সংযোগ চাওয়া হলেও পল্লী বিদ্যুৎ থেকে মাত্র ২০টি নলকূপে সংযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে। গভীর নলকূপগুলোতে চাহিদামতো সংযোগ না পেলে নতুন এলাকায় সেচ দেওয়া কঠিন হয়ে যাবে বলে বিএডিসি সেচ বিভাগ সূত্রে জানা গেছে।বেসরকারিভাবে দেশে পরিচালিত হয় প্রায় ১৩ লাখ ইঞ্জিনচালিত অগভীর নলকূপ। বছরের পর বছর ভূগর্ভ থেকে পানি উত্তোলনের কারণে পানির স্তর নেমে গিয়ে এর এক-তৃতীয়াংশ নলকূপই কাজ করছে না।এবার বেশি এলাকায় বোরো চাষ করায় কৃষকেরা প্রায় ২০ হাজার নতুন সংযোগের আবেদন করেছেন। বিএডিসি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় কৃষকেরা সংগঠিত হয়ে নতুন সংযোগের জন্য চাপ দিচ্ছেন। আন্তমন্ত্রণালয় বৈঠকে বিএডিসির প্রতিনিধি উল্লেখ করেন, কম ভোল্টেজের জন্য অনেক এলাকায় সেচপাম্প জ্বলে যাচ্ছে।বাঁধ নিয়ে শঙ্কা: দেশের বেশির ভাগ এলাকায় বোরো চাষ পুরোদমে চললেও হাওর ও উপকূলের কৃষকেরা উদ্বেগে আছেন। অনেক কষ্টের ফসল শেষ পর্যন্ত ঘরে তোলা যাবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন তাঁরা।গত বছর এপ্রিল-মে মাসে হাওরের একমাত্র ফসল বোরো ধান পেকে ওঠার সময় বাঁধ ভেঙে গিয়েছিল। তলিয়ে গিয়েছিল কৃষকের সারা বছরের খোরাকি ধান। এক বছর হয়ে গেলেও ওই বাঁধ এখনো মেরামত হয়নি। খুলনার দাকোপ ও কয়রা এবং সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলার সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধও এখনো পুরো মেরামত হয়নি।পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক হাবিবুর রহমান এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, উপকূলীয় বেড়িবাঁধ এ বছরের মধ্যে শেষ হবে। এ ছাড়া চার বছরব্যাপী একটি প্রকল্পের আওতায় হাওরের বাঁধ মেরামত করা হচ্ছে বলে তিনি জানান। কৃষি মন্ত্রণালয় এ বছর বোরো, আউশ ও আমন মিলিয়ে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছে তিন কোটি ৪২ লাখ টন। বাজারে প্রতিমণ ধানের দাম এখন ৯০০ টাকা ছাড়িয়েছে। ভালো দামের হাতছানি আর সমস্যাজনিত উদ্বেগের মিশ্র অনুভূতি নিয়ে মাঠে নেমেছেন কৃষক। ফসল ঘরে তোলার সময় তাঁর মুখে হাসি না মাথায় হাত থাকবে, তা অনেকটাই নির্ভর করবে সেচের বিদ্যুৎ আর আবহাওয়ার ওপর।