ঘাটাইলে পরাজয়ে অস্বস্তিতে আ.লীগ
টাঙ্গাইল-৩ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর শোচনীয় পরাজয়ে অস্বস্তিতে পড়েছে আওয়ামী লীগ। এটা কি দল ও সরকারের প্রতি জন-অসন্তোষের প্রকাশ, নাকি প্রার্থী মনোনয়নে ভুল সিদ্ধান্ত—সেই আলোচনা চলছে দলের কেন্দ্রীয় ও স্থানীয় সব পর্যায়ে।তবে আওয়ামী লীগের মধ্যম সারির নেতারা মনে করেন, এটা সরকারের জন্য একটি বড় সংকেত। তাঁদের মতে, মেয়াদের অবশিষ্ট সময়ের মধ্যে ভালো কিছু দেখাতে না পারলে জাতীয় নির্বাচনে এর প্রভাব পড়বে।অবশ্য আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায় প্রার্থী মনোনয়নে কোনো ভুল হয়েছে বলে মনে করেন না। তাঁরা দলীয় প্রার্থীর যথেষ্ট প্রস্তুতি না থাকার কথা বলছেন। এ ছাড়া বিদ্রোহী প্রার্থী আমানুর রহমান খান তিন বছর ধরে এলাকায় কাজ করায় উপনির্বাচনে তা সহায়তা করেছে বলে তাঁদের ধারণা।কেন্দ্রীয় নেতাদের মতে, টাঙ্গাইলের দুই মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও আব্দুর রাজ্জাকের আশীর্বাদপুষ্ট ছিলেন আওয়ামী লীগের প্রার্থী শহিদুল ইসলাম। এ ছাড়া প্রয়াত সাংসদ মতিউর রহমানেরও ঘনিষ্ঠ ছিলেন শহিদুল। স্থানীয় মানুষ বিগত সময়ে মন্ত্রী-সাংসদদের কর্মকাণ্ডে ক্ষুব্ধ থাকায় নির্বাচনে তা প্রভাব ফেলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কেন্দ্রীয় নেতা প্রথম আলোকে বলেন, শুধু টাঙ্গাইলে নয়, দেশের বিভিন্ন স্থানে মন্ত্রী-সাংসদদের কাজকর্মে মানুষ খুশি হতে পারছে না। ফলে নির্বাচনে মুখ ফিরিয়ে নিচ্ছে। চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন এবং হবিগঞ্জ উপনির্বাচন এর প্রমাণ।নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা একান্তে আলাপচারিতায় সরকারের জনপ্রিয়তা কমার কথা স্বীকার করলেও অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়টিকে সরকারের বড় সাফল্য বলেও মনে করছেন।এ বিষয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকার বদ্ধপরিকর। টাঙ্গাইল উপনির্বাচনে তা-ই প্রমাণিত হয়েছে।এদিকে টাঙ্গাইল-৩ আসনের (ঘাটাইল) মানুষ সেখানে বিদ্রোহী প্রার্থীর বিপুল বিজয়কে আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক কূটকৌশলের বিরুদ্ধে জনগণের একটি রায় হিসেবে দেখছেন। কেউ কেউ আবার এটিকে সরকারের প্রতি জন-অসন্তোষের বহিঃপ্রকাশ হিসেবে মনে করছেন।নির্বাচনের শুরু থেকেই ঘাটাইল আওয়ামী লীগের বেশির ভাগ নেতা-কর্মী ছিলেন বিদ্রোহী প্রার্থীর পক্ষে। দোদুল্যমানতা ছিল সমর্থকদের মধ্যে। ভোট বর্জনকারী স্থানীয় বিএনপি সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে গোপনে আওয়ামী লীগের প্রার্থী শহিদুল ইসলামের জন্য ভোট চাইতে শুরু করলে আওয়ামী লীগের দোদুল্যমান সমর্থকেরা বিদ্রোহী প্রার্থীর দিকে ঝুঁকে পড়েন। এই দুইয়ের যোগফলকেই আমানুরের বিজয়ের মূল চাবিকাঠি বলে মনে করেন নাগরিক কমিটির আহ্বায়ক জুলফিকার হায়দার।এ ছাড়া আমানুরকে দল থেকে বহিষ্কারের ঘটনাটিও তাৎপর্যপূর্ণ। আমানুরকে আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়ার ফলে সরকারের ব্যর্থতায় সংক্ষুব্ধ ভোটাররাও ভোটের মাধ্যমে প্রতিবাদের একটি জায়গা খুঁজে পান।ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের বিলুপ্ত কমিটির আহ্বায়ক আজমল হোসেন জানান, তৃণমূল থেকে আমানুরকেই মনোনয়ন দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৭ অনুচ্ছেদের ঙ ধারা অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়নে দলের তৃণমূলকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ মনে করেন, আওয়ামী লীগের সংসদীয় বোর্ডে তৃণমূলের মনোনীত প্রার্থী মনোনয়ন না পাওয়ার পেছনে টাঙ্গাইলের সিদ্দিকী পরিবারের সঙ্গে খান পরিবারের দীর্ঘদিনের বিরোধ ভূমিকা রাখতে পারে। তাঁর মতে, টাঙ্গাইল সদরে খান পরিবার নিয়ে কিছু বিতর্ক থাকলেও ঘাটাইলের ঘরে ঘরে এখনো এই পরিবারের পূর্বপুরুষ শামসুর রহমান খান ওরফে শাহজাহানের অনেক অনুসারী রয়ে গেছেন।অধ্যাপক কলিমউল্লাহ বলেন, প্রার্থী নির্বাচনে আওয়ামী লীগের ভুল সিদ্ধান্ত এবং নির্বাচন বর্জনকারী বিএনপির স্থানীয় নেতাদের মাঠে নেমে পড়ার ঘটনা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর অনুকূলেই গেছে।বিএনপির ভোট ও খান পরিবারের বিরুদ্ধে খান পরিবার: বিএনপির সাবেক সাংসদ লুৎফর রহমান খান ওরফে আজাদের অনুসারীরা নির্বাচনের দু-তিন আগে নৌকার সমর্থনে মাঠে নেমে পড়েন। আওয়ামী লীগের নেতা মোখলেসুর রহমান বলেন, লোকজন মনে করেছেন, আওয়ামী লীগের নেতা শামসুর রহমান খানের চাচাতো ভাই লুৎফর রহমান খান হিসাব কষে দেখেছেন, একই পরিবারের আরেক সদস্য সাংসদ হয়ে এলে তাঁর জন্য আগামী নির্বাচনে বৈতরণী পাড়ি দেওয়া কঠিন হয়ে পড়বে। ফলে তাঁর অনুসারীরা নৌকার সমর্থনে ঝাঁপিয়ে পড়েন। লুৎফর রহমান খান অবশ্য নৌকার পক্ষে কোনো রকম ভূমিকা রাখেননি বলে দাবি করেন। তাঁর ভাষ্য, ‘আমরা দুই সপ্তাহ আগেও পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডগুলোকে নিয়ে সভা করে বলে দিয়েছি, এটি আমাদের নির্বাচন নয়। তার পরও বিএনপির সমর্থকদের কেউ যদি ভোট দিতে গিয়ে থাকেনও, তাঁদের পক্ষে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দেওয়া সম্ভব নয়।’শহিদুলের পরাজয়ের কারণ তিনি নিজেও: শুরু থেকেই নির্বাচনের মাঠে আওয়ামী লীগের প্রার্থী শহিদুলের ছিল নাজুক অবস্থা। অথচ দীর্ঘদিন ধরে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি। ঘাটাইলের আওয়ামী রাজনীতির ইতিহাসে তিনিই প্রথমবারের মতো তৃণমূলের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। তাঁর নেতৃত্বে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগ একটি গতিশীল সংগঠনে পরিণত হয়েছিল। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জামুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল বলেন, সাংসদ মতিউরের আস্থাকে অপব্যবহার করে টিআর, কাবিখা, কাবিটাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করার পাশাপাশি স্কুল-মাদ্রাসায় শিক্ষক নিয়োগের বিনিময়ে উৎকোচ নিয়ে নিজের জনপ্রিয়তার গায়ে কুঠারাঘাত করেছিলেন শহিদুল।তবে বিজয়ী আমানুর রহমান খান নিজে জয়-পরাজয়ের এমন জটিল হিসাব কষতে রাজি নন। তিনি মনে করেন, ঘাটাইলের মানুষ তাঁর প্রতি ভালোবাসার চূড়ান্ত প্রকাশ ঘটিয়েছেন। আওয়ামী লীগ করলেও এতকাল দল-মতনির্বিশেষে ঘাটাইলের মানুষের পাশে ছিলেন। সুখে-দুঃখে ঘাটাইলবাসী তাঁকে কাছে পেয়েছেন, ভবিষ্যতেও পাবেন।