ঘাটারচরে ৬০ জন হত্যার সময় কাদের মোল্লাও গুলি করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার জবানবন্দি দিয়েছেন প্রত্যক্ষদর্শী এক সাক্ষী। রাষ্ট্রপক্ষের এই সাক্ষী জবানবন্দিতে বলেন, একাত্তরের ২৫ নভেম্বর ভোরে কেরানীগঞ্জের ঘাটারচরে পাকিস্তানি সেনাদের গুলিতে প্রায় ৬০ জন মারা যান। ওই সময় পাকিস্তানি সেনাদের সঙ্গে থাকা কাদের মোল্লা হাতের রাইফেল থেকে গুলি করেছিলেন।আবদুল মজিদ পালোয়ান (৫৫) নামের এই সাক্ষী গতকাল বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই জবানবন্দি দেন। কাদের মোল্লা এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।আবদুল মজিদ জবানবন্দিতে বলেন, তাঁর বাড়ি ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচর গ্রামে। মুক্তিযুদ্ধের আগে ঘাটারচরে মুষ্টিমেয় কিছু লোক ছাড়া সবাই আওয়ামী লীগ করতেন। একাত্তরের ২৫ নভেম্বর ভোরে গোলাগুলির শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। বাড়ি থেকে বেরিয়ে তিনি চারদিকে আগুন জ্বলতে দেখেন। তিনি গুলির শব্দ লক্ষ্য করে উত্তর দিকে এগিয়ে ঘাটারচর স্কুলমাঠের কাছে যান। সেখানে একটি গাছের আড়ালে লুকিয়ে দেখেন, পাকিস্তানি সেনারা গুলি করে লোকজনকে হত্যা করছে। সেখানে পায়জামা-পাঞ্জাবি পরা কয়েকজন লোক ছিল, তাদের মধ্যে একজন ছিলেন কাদের মোল্লা। তিনিও (কাদের মোল্লা) হাতের রাইফেল দিয়ে গুলি করেন। কয়েকজন ছিল বোরকা পরা। ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত গোলাগুলি চলে। সেদিন হিন্দু-মুসলমান মিলে আনুমানিক ৬০ জন মারা যান। এরপর পাকিস্তানি সেনা ও কাদের মোল্লার বাহিনীর লোকেরা এলাকা ছেড়ে চলে যায়।রাষ্ট্রপক্ষের সপ্তম এই সাক্ষী বলেন, তারা চলে যাওয়ার পর তিনি লোকজন ডেকে আনেন এবং লাশ শনাক্ত করার চেষ্টা করেন। কেরানীগঞ্জ থানার মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমেদ খান (রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী) তখন সেখানে আসেন। তাঁর কাছে তিনি হত্যাকাণ্ডের বর্ণনা দেন। ওই সময় তিনি (সাক্ষী) জানতে পারেন, আগের রাতে স্থানীয় জয়নাল ডাক্তারের বাড়িতে কাদের মোল্লা সভা করেছেন। জয়নাল ডাক্তারের বাড়ি তাঁর (সাক্ষী) বাড়ির পূর্ব দিকে তিন বাড়ি পরে।আবদুল মজিদ বলেন, গত ২৭ জুন তিনি এই মামলার তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দির শেষ পর্যায়ে তিনি আসামির কাঠগড়ায় থাকা কাদের মোল্লাকে শনাক্ত করেন। পরে সাক্ষীকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবহান তরফদার। জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম ১২ আগস্ট (রোববার) বেলা দুইটা পর্যন্ত মুলতবি করা হয়।২৮ মে এই ট্রাইব্যুনাল কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তাঁর বিরুদ্ধে হত্যা, গণহত্যা, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ আনা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে মিরপুরের আলব্দী (আলোকদী) গ্রামে ৩৪৪ জনকে হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা; কবি মেহেরুননিসা, বাঙলা কলেজের ছাত্র পল্লব ও খন্দকার আবু তালেব হত্যাকাণ্ড এবং কেরানীগঞ্জের ঘাটারচরের হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ।