ঘাটের নাম চাঁদনীঘাট
সুবা বাংলার নবনিযুক্ত সুবাদার শেখ আলাউদ্দীন ইসলাম খান চিশতি তাঁর বিশাল নৌবহর নিয়ে ঢাকায় বুড়িগঙ্গার তীরে অবস্থান করছেন। সুবাদারের মুখপাত্র প্রথম আলোকে জানিয়েছেন, ঢাকায় বসবাসের জন্য কোনো আবাসিক ভবন নির্ধারিত না হওয়া পর্যন্ত সুবাদার আপাতত তাঁর শাহি বজরা চাঁদনীতেই দিন গুজরান করবেন। পাকুড়তলী থেকে প্রায় এক ক্রোশ পশ্চিম-দক্ষিণে বুড়িগঙ্গার ঘাটে সুবাদারের চাঁদনী বজরা স্থায়ীভাবে নোঙর করানো হয়েছে। একটি সূত্র জানিয়েছে, এটি এখন থেকে সুবাদারের খাস ঘাট হিসেবে ব্যবহূত হবে। সুবাদারের শাহি বজরার নামানুসারে ঘাটটির নাম দেওয়া হয়েছে চাঁদনীঘাট।উল্লেখ্য, বুড়িগঙ্গার ওই জায়গাটিতে ইতিপূর্বে কোনো ঘাটের অস্তিত্ব ছিল না। সুবাদারের বজরা এখানে নোঙর করানোর জন্য তড়িঘড়ি করে এখানে ঘাট তৈরি করা হয়। এরপর স্থানীয় অধিবাসীদের মুখে মুখে নতুন ঘাটটির নাম চাঁদনীঘাট হিসেবে চাউর হয়ে যায়। লোকজনের দেওয়া প্রীতিপূর্ণ নামটি সুবাদার পছন্দ করেছেন। এখন থেকে ঘাটটি চাঁদনীঘাট নামেই পরিচিত হবে।জানা গেছে, এই ঘাটে সামরিক নৌবহর থাকবে না। এখানে মূলত আবাসিক বজরাগুলোই অবস্থান করবে। তবে নিরাপত্তার স্বার্থে কয়েকটি দ্রুতগামী সাঁজোয়া নৌকা ঘাটের সীমানা বরাবর অবস্থান করবে। সুবাদার নিজে জাঁকজমকপূর্ণ চাঁদনী বজরাতেই বসবাস করবেন।বুড়িগঙ্গা নদীর উভয় তীরের নয়নমনোহর নৈসর্গিক দৃশ্যে সুবাদার মুগ্ধ হয়েছেন। বিশেষত রাত্রিকালে জ্যোত্স্নাস্নাত নদীতরঙ্গের অপার সৌন্দর্যমাধুরীতে তিনি অভিভূত। তা ছাড়া নদীতীরবর্তী স্থানের স্বাস্থ্যকর পরিবেশ ও মুক্ত শীতল হাওয়ায় তিনি অনাবিল প্রশান্তি ও প্রফুল্ল বোধ করেছেন। তাঁর নদীবক্ষে বাস করার বাসনার পেছনে এটিও অন্যতম কারণ বলে জানা গেছে।সুবাদারের পরিবারের অন্যান্য সদস্য, বিশেষ করে জেনানারা ফতেহ্ দরিয়া নামের অপর একটি শাহি বজরায় বসবাস করবেন বলে জানা গেছে।