ঘাতক-দালাল কমিটির সমাবেশে হামলা, ২০০ জনের বিরুদ্ধে মামলা
মহাখালীতে ঘাতক-দালাল নির্মূল কমিটির সমাবেশে হামলার ঘটনায় বনানী থানায় মামলা হয়েছে। আজ রোববার পুলিশ বাদী হয়ে এ মামলা করে। বনানী থানা সূত্র জানায়, বনানী থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বাদী হয়ে ১৫০ থেকে ২০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করে। এতে বলা হয়, গতকাল শনিবার সকালে মহাখালীর আমতলীসংলগ্ন উড়ালসেতুর নিচে ঘাতক-দালাল নির্মূল কমিটি সমাবেশ চলছিল। সমাবেশের আশপাশে পুলিশ দায়িত্ব পালন করছিল। এ সময় হেফাজতে ইসলামের মিছিল থেকে ঘাতক-দালাল নির্মূল কমিটির সমাবেশে হামলা চালানো হয়। এতে নির্মূল কমিটির কয়েকজন আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে গেলে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে। এতে বনানী থানার উপপরিদর্শক (এসআই) ইমদাদ হোসেন আহত হন। পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার খন্দকার লুত্ফুল কবির প্রথম আলো ডটকমকে বলেন, এজাহারে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। গত শনিবার সকালে হেফাজতে ইসলামের হরতাল চলাকালে ঘাতক-দালাল নির্মূল কমিটির নেতা-কর্মীরা মহাখালীর আমতলী ক্রসিং-সংলগ্ন উড়ালসেতুর নিচের রাস্তায় চেয়ার-টেবিল পেতে ও কার্পেট বিছিয়ে সমাবেশ শুরু করে। এতে ঘাতক-দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুন উপস্থিত ছিলেন। তবে তাঁরা কেউ আহত হননি।