ঘাতক-দালালদের পাশাপাশি রাজনৈতিক দলেরও বিচার হবে
১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ কোনো ব্যক্তিগত বিদ্বেষ ছিল না। জামায়াতে ইসলামী ও তার দোসররা রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে সোয়া চার লাখ মানুষকে হত্যা করেছিল। তাই ঘাতক-দালালদের পাশাপাশি ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রাজনৈতিক দলেরও বিচার করতে হবে। রাজাকারদের পাশাপাশি আল-বদর ও আল-শামসদেরও বিচার করতে হবে।আজ শনিবার বাগেরহাটে ‘৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির’ জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি সাংবাদিক শাহরিয়ার কবির এসব কথা বলেন।শাহরিয়ার কবির বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়াকে অনেকে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে চিহ্নিত করে বিচারপ্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা করছে। তাদের এসব অপতৎপরতাকে রুখতে হবে এবং এ দেশের মাটিতে দৃষ্টান্তমূলক শান্তিসহ যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে হবে। এ জন্য সরকারকেও কঠোর ভূমিকা নিতে হবে।বাগেরহাট জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সরদার আনসার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক কাজী মুকুল, খুলনা জেলা কমিটির সভাপতি শেখ বাহারুল আলম, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ নন্দী, জেলা কমিটির সদস্যসচিব মোর্শেদুর রহমান সাগর প্রমুখ।