পাবনার সাঁথিয়া উপজেলার ভায়নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আরিফা খাতুন হত্যাকাণ্ডের ঘটনায় এখনো ঘাতককে শনাক্ত করতে পারেনি পুলিশ।এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি ভ্যানচালক রবিউল ইসলামের পাঁচ দিনের রিমান্ড শেষ হয়েছে। আজ শনিবার বিকেলে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে রিমান্ডে তেমন কোনো তথ্য দিতে পারেননি রবিউল। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, রিমান্ডে রবিউল জানিয়েছেন, তিনি ঘাতককে চিনতেন না। তবে হত্যাকাণ্ডের পর তিনি ঘাতককে ভ্যানে করে উপজেলার ধুলাউড়ি বাজারে নামিয়ে দেন। সেখান থেকে ঘাতক সিরাজগঞ্জের দিকে চলে যায়। তিনি আরও বলেন, রবিউলের দেওয়া তথ্যে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে ঘাতক পাবনার বাসিন্দা নয়। রবিউলের কাছে তাঁর চেহারার বর্ণনা পাওয়া গেছে। খুব শিগগির তাঁকে গ্রেপ্তার করা যাবে বলে আমরা আশাবাদী।পাবনার পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর প্রথম আলোকে বলেন, ঘাতককে শনাক্ত করতে নিহতের পরিবারের পক্ষ থেকে পুলিশ কোনো সহযোগিতা পাচ্ছে না। তবে ঘটনার পর থেকে নিহতের বাবার বাড়ি এলাকার এক ব্যক্তি পলাতক রয়েছে। ওই ব্যক্তিকে পাওয়া গেলে বিষয়টি পরিষ্কার হবে বলে মনে করছি।গত ২৭ ফেব্রুয়ারি দুপুরে এক দুর্বৃত্ত ভায়নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ঢুকে আরিফা খাতুনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।