ঘাতকদের গ্রেপ্তার ও বিচার চায় আদিবাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামবিষয়ক সংসদীয় কমিটির প্রতিনিধিদলের কাছে বাঘাইহাটে সাম্প্রতিক সহিংসতায় আদিবাসীদের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার এবং ক্ষতিগ্রস্তদের বাড়ি নির্মাণ, রেশন বরাদ্দসহ ছয়টি দাবি জানিয়েছে আদিবাসীরা। আজ শনিবার বেলা ১১টার দিকে বাঘাইহাটে সংসদীয় কমিটির পাঁচ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে আদিবাসীরা এসব দাবি জানান।এদিকে অপর একটি বৈঠকে বাঙালিরা প্রতিনিধিদলের কাছে আদিবাসী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের দাবি জানায়। বাঘাইহাটে প্রতিনিধিদলটির সদস্যরা সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন। এরপর তাঁরা বাঘাইহাট বাজার ও গঙ্গারামমুখে আদিবাসী ও বাঙালিদের সঙ্গে উপরিউক্ত বৈঠক দুটি করেন।আদিবাসীদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ১৯ ও ২০ ফেব্রুয়ারির সহিংস ঘটনায় নিখোঁজদের খুঁজে বের করা, বাঙালিদের ক্ষয়ক্ষতি সম্পর্কে তদন্ত করা, নিহত বুদ্ধপতি চাকমার স্বামী উত্তম কুমারের দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তার করা এবং গ্রেপ্তারকৃত আদিবাসীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাগুলো প্রত্যাহার ও তাদের মুক্তি দেওয়া।সংসদীয় কমিটির পক্ষে প্রতিনিধিদলের সভাপতি শাহ আলম এবং সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী ও রিয়াজউদ্দিন আহমেদ জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে এসেছেন। সহিংস ঘটনার সঙ্গে কারা জড়িত তা আদিবাসীরা জানে। প্রকাশ্যে না বললেও গোপনে তারা সংসদীয় কমিটিকে এ কথা জানাতে পারে। তাঁরা আরও বলেন, ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা হবে। তাঁরা পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা নষ্ট করছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে প্রতিনিধিদলের সঙ্গে এক পৃথক বৈঠকে আদিবাসী সন্ত্রাসীদের বিরুদ্ধে ঘর পোড়ানো ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ করে বাঙালিরা।প্রতিনিধিদলটি আজ বেলা তিনটায় খাগড়াছড়ির সার্কিট হাউসে সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। উল্লেখ্য, শাহ আলমের সভাপতিত্বে গঠিত প্রতিনিধিদলটিতে সদস্য হিসেবে আছেন এ বি এম ফজলে করিম চৌধুরী, এথইন রাখাইন, জ্যোতিন্দ্রলাল ত্রিপুরা ও রিয়াজউদ্দিন আহমেদ।