ঘাতকদের বিচার মডেল হবে: কামরুল
আইন প্রতিমন্ত্রী মো. কামরুল ইসলাম বলেছেন, আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্যই বর্তমান সরকার ৭১-এর ঘাতকদের বিচারের উদ্যোগ নিয়েছে। এই বিচারপ্রক্রিয়ায় এরই মধ্যে বহির্বিশ্বের সমর্থন পাওয়া গেছে। এটি বিশ্বের ইতিহাসে একটি মডেল হয়ে থাকবে।আজ রোববার বিকেলে নোয়াখালী মুখ্য মহানগর হাকিম আদালত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কামরুল ইসলাম এ কথা বলেন।আইন প্রতিমন্ত্রী বলেন, ‘৭১-এর ঘাতক ও স্বাধীনতাবিরোধীদের এই বিচারপ্রক্রিয়ার বিরোধিতাও শুরু হয়ে গেছে। বিচারকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা অতীতের মতো বিচার বিভাগকে প্রভাবিত করতে চাই না। আমরা বলেছি, দণ্ডপ্রাপ্ত আসামি আপিলেরও সুযোগ পাবেন।’কামরুল ইসলাম আরও বলেন, ‘বিগত সরকারের আমলে পাঁচ বছর এবং তত্ত্বাবধায়ক সরকারের আমলের দুই বছর জুডিশিয়াল বিভাগে কোনো বিচারক নিয়োগ হয়নি। আমরা ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিচার বিভাগকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়। বিচারক-সংকটের কারণে আদালতগুলোতে মামলার জট সৃষ্টি হচ্ছে। ১৯-২০ লাখ মামলা আদালতগুলোতে পড়ে আছে। মামলার জট কমাতে ইতিমধ্যে বিকল্প বিরোধ নিষ্পত্তির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিচারকের সংকট দূর করতে নিম্ন আদালতে ১০০ অতিরিক্ত জেলা ও দায়েরা জজ এবং ২০০ সহকারী জজ নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি বিচারালয়গুলোতে ডিজিটাল পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।’আইন ও বিচার বিভাগের সচিব আশীষ রঞ্জন দাসের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নোয়াখালী জেলা ও দায়রা জজ মো. আশরাফ হোসেন, জেলা বারের সভাপতি নাজমুল হক, গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আমিনুল ইসলাম, প্রকল্প পরিচালক নুরুল ইসলাম ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন।