ঘাতকেরা রাজীবকে পেছন থেকে ছয়টি কোপ দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার আহমেদ রাজীব হায়দারের মাথা ও মুখমণ্ডলে ছয়টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়না-তদন্তকারী চিকিৎসক বলছেন, এ ধরনের একটি আঘাতই মৃত্যুর জন্য যথেষ্ট। পুলিশ বলছে, তাঁর ওপর হামলা হয়েছে পেছন থেকে। তাঁকে এলোপাতাড়ি কুপিয়েই পালিয়েছে খুনিরা।এর আগে গত ১৪ জানুয়ারি রাতে নিজ কার্যালয়ের সামনে ব্লগার আসিফ মহিউদ্দীনকে কুপিয়ে গুরুতর আহত করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রাজীব হত্যা ও আসিফের ওপর হামলা একই সূত্রে গাঁথা হতে পারে। এ দুই ব্যক্তি এবং দুই হামলার ধরনের মধ্যে অনেক বিষয়ে মিল রয়েছে।গত শুক্রবার রাতে মিরপুরের পলাশনগরের বাসার প্রাচীরের পাশ থেকে রাজীবের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। গতকাল পর্যন্ত রাজীব হত্যায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ। উপকমিশনার আরও বলেন, এখনই ঘটনার কারণ সম্পর্কে আঁচ করা যাচ্ছে না। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলার তদন্ত করছে। এদিকে শাহবাগ থেকে দুই শিবির নেতা-কর্মীকে ধরে পুলিশে সোপর্দ করেছেন আন্দোলনকারীরা।এ হত্যার ঘটনায় গতকাল শনিবার ভোরে রাজীবের বাবা চিকিৎসক নাজিম উদ্দিন পল্লবী থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেছেন। মামলায় বলা হয়েছে, গত শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বাসা থেকে বের হন রাজীব। পরে রাতে বাসার সীমানাপ্রাচীর ঘেঁষে মাটিতে পড়ে থাকা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। গতকাল দুপুরে পলাশনগরের বাসায় গেলে রাজীবের বাবা নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, কয়েক দিন ধরে টানা শাহবাগে থাকলেও শুক্রবার রাজীব শাহবাগের আন্দোলনে যাননি। বেলা তিনটার দিকে পলাশনগরে মামা খুররম হায়দারের বাসায় খেয়ে বের হয়েছিলেন রাজীব।নাজিম উদ্দিন বলেন, কী কারণে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা পরিষ্কার নয়। তাঁর কোনো শত্রুও ছিল না। তবে রাজীব সব সময় মৌলবাদ, আলবদর, রাজাকার, জামায়াত-শিবিরবিরোধী ছিলেন। ব্লগে, ফেসবুকে লেখালেখিও করতেন। হয়তো এ কারণেও রাজীব হত্যার শিকার হতে পারেন।হাতের মুঠোয় চুল: গতকাল বেলা দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাজীবের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্তকারী ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক সোহেল মাহমুদ সাংবাদিকদের বলেন, রাজীবের শরীরে মোট সাতটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে মাথার পেছনে দুটি, মুখের বাম চোয়ালে চারটি গভীর ক্ষত ও বাম হাতের বাহুতে একটি ক্ষতের চিহ্ন রয়েছে। তিনি বলেন, মাথা ও মুখমণ্ডলের আঘাতগুলো দুই থেকে এক ইঞ্চি পর্যন্ত গভীর। আঘাতের তীব্রতার কারণে তাঁর মাথা ও মুখমণ্ডলের হাড় পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। আঘাতে একটি চোখও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। সাধারণত মৃত্যুর জন্য এ ধরনের একটি আঘাতই যথেষ্ট বলে তিনি মনে করেন।সোহেল মাহমুদ বলেন, রাজীবের মুষ্টিবদ্ধ বাম হাতে মাথার কয়েকটি চুল পাওয়া গেছে। হামলার সময় তিনি আঘাতকারী কারও মাথার চুল জাপটে ধরতে পারেন অথবা তা রাজীবের নিজের চুলও হতো পারে। নিশ্চিত হওয়ার জন্য চুলগুলো ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিকেলে লাশ নিয়ে যাওয়া হয় শাহবাগ চত্বরে। সেখানে জানাজা শেষে লাশ পলাশনগরে নিয়ে যাওয়া হয়।পেছন দিক থেকে হামলা: মিরপুর সাড়ে ১১ নম্বর থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে লালমাটি এলাকা। লালমাটি টেম্পোস্ট্যান্ড থেকে আরও এক কিলোমিটার ভেতরে পলাশনগর এলাকা। এলাকা পাহারা দিতে পলাশনগর সমিতি সাতজন নিরাপত্তাকর্মী নিয়োগ দিয়েছে। পলাশনগরে ঢোকার দুটি মাত্র পথ। লালমাটি হয়ে ঢুকলে ১ নম্বর ফটক ও বাইশটেকি হয়ে ঢুকলে ২ নম্বর ফটক দিয়ে ঢুকতে হয়। দুই ফটকেই পালাক্রমে একজন করে নিরাপত্তাকর্মী থাকেন। ভেতরের রাস্তাগুলোতে একটু পরপরই বাঁক। রাজীবদের বাসার দুই কোনায় রাস্তা দুবার বাঁক নিয়েছে। আর কয়েক দিন ধরে সড়কবাতি নষ্ট থাকায় রাতে বাসার সামনে অন্ধকার ছিল। রাজীবদের বাসা দেয়ালঘেরা, ভেতরে অনেক গাছ। এক কোনায় ছোট একটি দুই কক্ষের টিনশেড স্থাপনা। এখানে রাজীব, তাঁর ভাই নেওয়াজ মুর্তজা হায়দার ও খালাতো ভাই গালিব থাকতেন। রাজীবের বাবা নাজিম উদ্দিন বলেন, রাজীব সব সময় ২ নম্বর ফটক দিয়ে বাসায় যাতায়াত করতেন। ২ নম্বর ফটক দিয়ে আধা কিলোমিটার হাঁটলেই রাজীবদের বাসা।২ নম্বর ফটকের নিরাপত্তাকর্মী আলমগীর শুক্রবার রাত নয়টার দিকে দুই ব্যক্তিকে হন্তদন্ত হয়ে ছুটে যেতে দেখেন। তাদের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। একজনের পিঠে ঝোলানো ব্যাগ ছিল। তখন ফটক বন্ধ থাকলেও ছোট দরজা (পকেট গেট) খোলা ছিল।পরিবারের ধারণা, বাইরে থেকে বাসায় আসার সময় রাজীবকে অনুসরণ করেছিল হত্যাকারীরা। তারপর বাসার সীমানাপ্রাচীরের সামনে আসামাত্র তার ওপর হামলা করা হয়। রাজীবের বাসার আশপাশে তিনটি আবাসিক ভবন থাকলেও তাঁরা কেউ ঘটনার সময় কোনো সাড়াশব্দ পাননি বলে জানান। দুই পাশে দুটি দোকান থাকলেও সেগুলো বন্ধ ছিল। হামলা একই সূত্রে গাঁথা!: আসিফ মহিউদ্দীন গতকাল প্রথম আলোকে বলেন, রাজীবের ওপর হামলার ধরন শুনেই তাঁর মনে হয়েছে, দুটি হামলা একই সূত্রে গাঁথা অথবা দুই হামলাকারীরা একই ব্যক্তি। তিনি বলেন, আসিফের শরীরের ওপর যেভাবে হামলা করা হয়েছে, তাঁকেও একইভাবে মারার চেষ্টা করা হয়েছে। তবে গলাবন্ধ জ্যাকেট পরে থাকায় তাঁর গলার কোপগুলো কিছুটা হালকা হয়ে যায়।নিজের ওপর হামলার বর্ণনা দিয়ে আসিফ বলেন, ‘১৪ জানুয়ারি রাতে ওরা অপেক্ষা করছিল উত্তরায় আমার অফিসের ফটকে। আমি রিকশা থেকে নেমে ভাড়া দেওয়ার সময় একজন এসে ভোঁতা কোনো কিছু (সম্ভবত চাপাতির বাঁট) দিয়ে মাথায় আঘাত করে ফেলে দেয়। এরপর মাথায় একটা কাপড় জড়িয়ে তারা আমার পিঠের ওপর উঠে কোপাতে শুরু করে। ঘটনাটি এত দ্রুত ঘটে যায় যে আমি চিৎকার পর্যন্ত করতে পারিনি। এরপরই আমি কোনোরকমে গা ঝাড়া দিয়ে দাঁড়িয়ে চিৎকার করতে থাকি। এরপর তাঁরা পালিয়ে যায়।’আসিফ বলেন, ‘ওদের খুবই পেশাদার মনে হয়েছে। আমাকে কোপানোর সময় কেউ একটা টুঁ শব্দ পর্যন্ত করেনি। কুপিয়েই তারা দৌড়ে পালিয়ে যায়।’নাম প্রকাশে অনিচ্ছুক দুজন পুলিশ কর্মকর্তা বলেছেন, তাঁরা এখন আসিফের বিষয়টিও খতিয়ে দেখছেন। তাঁদের কাছেও দুই হামলার মধ্যে যোগসূত্র রয়েছে বলে মনে হয়েছে।শোকের মাতম: গতকাল দুপুরে পলাশনগরে রাজীবের বাসায় গিয়ে দেখা যায়, সেখানে চলছে স্বজনদের মাতম। বড় ছেলেকে হারিয়ে শোকে পাথর মা নার্গিস হায়দার ও বাবা নাজিম উদ্দিন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়াও এলাকাবাসী ও দূরদূরান্ত থেকে মানুষ বাসা ও বাসার আশপাশে ভিড় করেন। প্রধানমন্ত্রীর আগমনের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। অনেকেই মিছিল করে স্লোগান দিয়ে রাজীব হত্যার বিচার দাবি করতে থাকেন। রাজীব হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি ও রাজাকারদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে মিরপুরের কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টার দিকে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, আবু তালেব স্কুল ও মিরপুর বাঙলা স্কুলের পাঁচ শতাধিক খুদে শিক্ষার্থী মিরপুর ১০ নম্বর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় ওই সড়ক দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা এ বিক্ষোভ চলে।শাহবাগ থেকে শিবিরের কর্মী গ্রেপ্তার: গতকাল শাহবাগ এলাকা থেকে মহিউদ্দীন মাসুদ ও মো. নাঈম নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁদের মধ্যে মাসুদ চট্টগ্রাম মেডিকেল কলেজের শিবিরের নেতা ও নাঈম শিবিরের বুয়েট শাখার সভাপতি বলে জানা গেছে।শাহবাগ সূত্র জানায়, কয়েক দিন ধরেই মাসুদ শাহবাগে সাইবার যোদ্ধাদের সঙ্গে ল্যাপটপ নিয়ে বসেছিলেন। শুক্রবার রাত দুইটার দিকে চট্টগ্রাম মেডিকেলের একজন ছাত্র মাসুদকে চিনতে পারেন। বিষয়টি বুঝতে পেরে মাসুদ কাঁটাবনের দিকে দৌড় দেন। তখন উপস্থিত লোকজন তাঁকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। শাহবাগ এলাকা থেকেই পুলিশ নাঈমকে গ্রেপ্তার করে।