ঘানার প্রেসিডেন্টের রহস্যময় মৃত্যু
ঘানার প্রেসিডেন্ট জন আটা মিলস আজ মঙ্গলবার দুপুরে আকস্মিকভাবে রাজধানী আক্রায় মারা গেছেন বলে দেশটির এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে। আটা মিলস বেশ কিছুদিন ধরে গলার ক্যানসারে ভুগছিলেন। নাম প্রকাশ না করার শর্তে প্রেসিডেন্টের একজন সহকারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, গতকাল সন্ধ্যায় প্রেসিডেন্ট তীব্র ব্যথা অনুভব করেন। এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। আজ দুপুরে তিনি মারা যান। রাষ্ট্রীয় বিবৃতিতে বলা হয়, ৬৮ বছর বয়সী মিলস অসুস্থ হয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই মারা যান। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।২০০৯ সাল থেকে তিনি ক্ষমতায় আছেন। আসছে ডিসেম্বরে দেশটির সাধারণ নির্বাচনে তাঁর দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করার কথা। তাঁর শাসনামলে পশ্চিম আফ্রিকার দেশটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা এবং দ্রুত প্রবৃদ্ধির কারণে ব্যাপক প্রশংসিত হয়। মিলস দেশটির তেলসম্পদ তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন। কয়েক সপ্তাহ আগে তিনি শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন।