ঘাম ঝরিয়ে, বাধা ডিঙিয়ে আলো ছড়াল ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘাম ঝরানো জীবিকা ওদের, কষ্টে ভরা জীবন। কেউ অন্যের বাড়িতে কাজ করে, কেউ গানের দলে বাজনা বাজায়, কেউ অন্যকে পড়ায়, কেউ বা করে চা বিক্রি। কারও চোখে নেই আলো, কারও বা জীবন বাঁধা এতিমখানার গণ্ডিতে। এই প্রতিকূলতা লক্ষ্য থেকে টলাতে পারেনি ওদের। অদম্য মনোবল নিয়ে পড়াশোনা করে ওরা প্রত্যেকেই এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।পরের বাড়িতে কাজ করে ফেন্সি: ফেন্সি আক্তারের বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের জগদীশপুর উত্তরপাড়া গ্রামে। ইকরচালী উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছিল ফেন্সি। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে সে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। ছয় ভাইবোনের মধ্যে ফেন্সি বড়। বাবা আলতাফ হোসেন ও মা আরজিনা খাতুন। অভাবের কারণে মাত্র আট বছর বয়স থেকে অন্যের বাড়িতে কাজ করে আসছে। তার ইচ্ছা পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো।আরজিনা বলেন, ভূমিহীন স্বামী নানা রোগে আক্রান্ত। তাই কখনো চালকলে ধান সেদ্ধ, কখনো বা রাস্তায় মাটি কাটার কাজ করেন। একার আয়ে সংসার চলে না। তাই ফেন্সিকে গ্রামের তমিজ উদ্দিনের বাড়িতে ঘরের কাজের জন্য দেন। পড়াশোনার প্রতি ফেন্সির আগ্রহ দেখে গৃহকর্তা তাকে বিদ্যালয়ে ভর্তি করিয়ে দেন। শিক্ষকেরাও ওকে সহযোগিতা করেছেন। তমিজ উদ্দিন বলেন, ‘পড়াশোনার প্রতি ফেন্সির গভীর আগ্রহ দেখে কাজের ফাঁকে ফাঁকে ওর পড়াশোনার ব্যবস্থা করে দিই। ওকে আমি নিজের সন্তানের মতো দেখি। আমার নিজের সন্তানেরা যা না পেরেছে, ও তা-ই করেছে। পুরো গ্রামের মুখ উজ্জ্বল করেছে।’ আলতাফ হোসেন বলেন, ‘আমার ইচ্ছা, ফেন্সি আরও পড়াশোনা করে বড় হোক। কিন্তু খরচ দেওয়ার ক্ষমতা নেই। ইকরচালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, অন্যের বাড়িতে কাজ করে ফেন্সি এত ভালো ফল করবে, তা কল্পনাও করিনি।’ কীর্তনে করতাল বাজায় উত্তম: উত্তম কুমার সরদারের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার দক্ষিণপাড়ায়। আশাশুনি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগে পরীক্ষা দিয়েছিল সে। দুই ভাই, এক বোনের মধ্যে সে দ্বিতীয়। উত্তমের মা চন্দনা রানী। বাবা শচীন নাথ সরদার অনেক দিন ধরে অসুস্থ। চিংড়ির আড়তে শ্রমিকের কাজ করে ৬০ টাকা করে পান তিনি। এই দিয়ে সংসার চলতে চায় না। উত্তম সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করে।চন্দনা জানান, আইলার আঘাতে ঘরবাড়ি হারিয়ে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের ওপর আশ্রয় নিয়েছিলেন তাঁরা। জোয়ারের পানিতে সব হারিয়ে সেই যে তাঁরা বেঁচে থাকার লড়াই করছেন, এখনো তা চলছে। তিনি বলেন, শত কষ্টের মধ্যেও পড়াশোনা ছাড়েনি উত্তম। রাতে বাতি জ্বালানোর তেল কেনার টাকা না থাকায় দিনের আলোতে পড়ত সে। পরীক্ষার মাত্র ১৫ দিন আগে প্রতিবেশীরা চাঁদা তুলে একটি চার্জ দেওয়া টর্চলাইট কিনে দেয় ওকে। ওই টর্চের আলোয় রাতে দুই-তিন ঘণ্টা করে পড়েছে সে। কীর্তন দলে করতাল বাজিয়ে পড়ার খরচ জোগাতে হয়েছে তাকে। যেদিন পরীক্ষার ফল প্রকাশিত হয়, সেদিনও বাড়ি থেকে ৯০ কিলোমিটার দূরে যশোরে কীর্তন গানে করতাল বাজাতে গিয়েছিল সে।ভবিষ্যতে কলেজের শিক্ষক হতে চায় উত্তম। আশাশুনি মডেল বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরশাফুন নাহার বলেন, উত্তম বিনয়ী ও মেধাবী। বিদ্যালয় থেকে তাকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয়েছে।অন্যকে পড়িয়েছে তারিকুল: মো. তারিকুল ইসলামের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের কামালপুর গ্রামে। রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয় থেকে সে বিজ্ঞান বিভাগে থেকে পরীক্ষা দিয়েছিল। বাবা মো. আলাউদ্দিন শেখ ও বড় ভাই রজব শেখ কৃষিকাজ করেন। অভাবের সংসারে পড়াশোনার খরচ জোগাতে আয় করতে হয়েছে তারিকুলকে। প্রতিদিন সকালে দুই দফা প্রাইভেট পড়িয়ে প্রায় আট কিলোমিটার পথ হেঁটে স্কুলে যেত সে। বাড়ি ফিরে সন্ধ্যায় আবার দুই দফা অন্য ছাত্রদের পড়িয়ে নিজের পড়াশোনা। এভাবে দিনের পর দিন কষ্ট করে কাঙ্ক্ষিত ফল পেয়েছে সে।তারিকুল জানায়, ইংরেজি শিক্ষক সিদ্দিকুর রহমান ও বাংলার শিক্ষক মাহবুব স্যার পড়াশোনায় তাকে খুব সহযোগিতা করেছেন। তার এ ভালো ফলের পেছনে এই দুই শিক্ষক ও মায়ের অবদান সবচেয়ে বেশি।রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও প্রথম আলোর স্থানীয় বন্ধুসভার সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান বলেন, তারিকুলের অদম্য ইচ্ছা ও আগ্রহই বলে দেয়, জীবনে কিছু একটা করতে পারবে সে। স্কুল কর্তৃপক্ষ যতটুকু সম্ভব, তাকে সহযোগিতা করেছে।সৈয়দুর থাকে এতিমখানায়: সৈয়দুর রহমানের বাড়ি সিলেট সদর উপজেলার সতেরো রাজারগাঁও গ্রামে। মাত্র পাঁচ বছর বয়সে তার বাবা হুরমত আলী মারা যান। ১৯৯৯ সাল থেকে সরকারের সমাজসেবা অধিদপ্তর পরিচালিত বাগবাড়ি শিশু পরিবারে (এতিমখানা) আছে সে। সিলেট নগরের পিডিবি উচ্চবিদ্যালয় থেকে মানবিক বিভাগে পরীক্ষা দিয়েছিল সৈয়দুর।এতিমখানার অন্য সবার মতো সৈয়দুরের জন্য প্রতিমাসে এক হাজার ৫০০ টাকা সরকারিভাবে বরাদ্দ ছিল। এর মধ্যে খাওয়া বাবদ এক হাজার ১৫০ টাকা কর্তৃপক্ষ খরচ করত। আর বাকি ৪৫০ টাকা দিয়ে চলত সৈয়দুরের পড়াশোনা, চিকিৎসা, পোশাক কেনাসহ অন্যান্য খরচ। সৈয়দুর বলেছে, অভাবের সংসারে মা আয়েশা খাতুন চার সন্তানকে নিয়ে কোনো রকমে দিন কাটাচ্ছিলেন। একসময় বাধ্য হয়ে তাকে এতিমখানায় রেখে যান। এখানে আসার পর থেকে সে পড়াশোনায় মনোযোগী হয়। প্রতিদিন নিয়মিত পড়েছে বলেই মাধ্যমিকে তার এ সাফল্য এসেছে। বাগবাড়ি শিশু পরিবারের কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরের উপতত্ত্বাবধায়ক নিবাস রঞ্জন দাশ বলেন, ‘তার এই ভালো ফলে বাগবাড়ি শিশু পরিবারের ১৭৫ জন এতিম ছেলের মনে সাহস এসেছে। এখানকার সব শিশু পড়াশোনায় মনোযোগী হচ্ছে।’আঁধারে থেকেও আলো জ্বেলেছে রাজ্জাক: আবদুর রাজ্জাকের কাছে দিন-রাত সমান। কারণ তার চোখে আলো নেই। তবে সেই আঁধার ঢেকে গেছে তার পরীক্ষার ফলের আলোতে। লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী উচ্চবিদ্যালয় থেকে মানবিক বিভাগে পরীক্ষা দিয়েছিল সে। সাপ্টিবাড়ী ইউনিয়নের দুরাকুটি গ্রামে তার বাড়ি। বাবা কৃষক আহের আলী, মা জামিলা বেগম।রাজ্জাকের ভাষ্য, তার এ সাফল্যের পেছনে কৃতিত্বের অন্যতম দাবিদার সমাজসেবা অধিদপ্তর পরিচালিত স্থানীয় সমন্বিত অন্ধ শিক্ষা কার্যক্রম (আবাসিক সুবিধাসহ)। রাজ্জাক বলেছে, ‘আমার এ সাফল্যের পেছনে প্রধান শিক্ষক আবদুর রশিদ ও রিসোর্স শিক্ষক এরশাদ আলীর ব্যাপক উৎসাহ, অনুপ্রেরণা ও সহযোগিতা রয়েছে। আমার ইচ্ছা, ঢাকায় ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়ে উচ্চ শিক্ষা নেওয়া। কেউ পাশে না দাঁড়ালে আমাকে বাধ্য হয়ে স্থানীয় সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে ভর্তি হতে হবে।’সমন্বিত অন্ধ শিক্ষা কার্যক্রমের রিসোর্স শিক্ষক এরশাদ আলী বলেন, রাজ্জাকদের মতো মেধাবী শিক্ষার্থীদের পাশে সমাজের বিত্তবান ও হূদয়বান মানুষদের এগিয়ে আসা উচিত। তিনি বলেন, ‘রাজ্জাকসহ এসএসসি পাস করা দৃষ্টিপ্রতিবন্ধী চারজন স্থানীয় সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে ভর্তি হলে, আমি তাদের জন্য এই অন্ধ শিক্ষা কার্যক্রমের আওতায় আবাসিক সুবিধা অব্যাহত রাখার চেষ্টা করব।’সাপ্টিবাড়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রশিদ বলেন, ২০০৯ ও ২০১০ সালে এই বিদ্যালয় থেকে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই কৃতিত্বের সঙ্গে পাস করেছে।চা বিক্রি করে মামুন: আল-মামুনের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামে। বাকাল নিরঞ্জন বৈরাগী মাধ্যমিক বিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে পরীক্ষা দিয়েছিল সে। দিনমজুর বাবা আবদুল মান্নান মোড়লের তিন সন্তানের মধ্যে মামুন বড়। বাবার একার আয়ে সংসার চলত না। বাবাকে সহযোগিতা করার কথা ভাবতে গিয়ে মামুনের চায়ের দোকান দেওয়ার চিন্তা মাথায় আসে। প্রাইভেট পড়িয়ে জমানো কিছু টাকা দিয়ে মামুন দোকান খুলে চা বিক্রি শুরু করে। একই সঙ্গে চালিয়ে যেতে থাকে পড়াশোনা।আবদুল মান্নান বলেন, ‘মামুনের চায়ের দোকান কিছুটা হলেও সংসারের অভাব দূর করেছে। দুবেলা দুমুঠো ভাত খেতে পারছি। সে প্রাইভেট পড়ার কোনো সুযোগ পায়নি। প্রতিদিন দোকানের কাজ শেষে রাতে পাঁচ-ছয় ঘণ্টা করে পড়াশোনা করেছে সে। এই কষ্টের ফল সে পেয়েছে।’মামুন বলেছে, বাবা-মায়ের উৎসাহ ও স্কুলের শিক্ষক সুভাষ মণ্ডলের সহযোগিতার কারণে এই ভালো ফল করা সম্ভব হয়েছে। তবে এখন কলেজে ভর্তি হওয়া নিয়ে সে চিন্তিত। কারণ আর্থিক সংগতি নেই। ভবিষ্যতে সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করতে চায় মামুন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিন পিয়ারী জয়ধর বলেন, মামুন অত্যন্ত বিনয়ী ও পরিশ্রমী। সে যেভাবে পড়াশোনা করে সাফল্য অর্জন করেছে, তা বিরল ঘটনা।[এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেন সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক এবং সিলেট, লালমনিরহাট, তারাগঞ্জ (রংপুর), গোয়ালন্দ (রাজবাড়ী) ও গৌরনদী (বরিশাল) প্রতিনিধি]