ঘি-মাখন খাওয়ার জন্য ঋণ নিচ্ছি না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার সড়ক ও সেতু নির্মাণের মতো অবকাঠামোর উন্নয়নের জন্য বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিচ্ছে। তিনি বলেন, ‘আমরা ঘি-মাখন খাওয়া অথবা ভোগ-বিলাসের জন্য এই ঋণ নিচ্ছি না।’ শেখ হাসিনা বহির্বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ব্যবস্থাপনা এবং পণ্যের মান নিয়ন্ত্রণে আরও বেশি যত্নবান হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘৫ম ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) মেলা-২০১১’ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) পাঁচ দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে।শেখ হাসিনা বলেন, ‘সরকারের বিভিন্নমুখী প্রণোদনা সত্ত্বেও বিশ্বায়নের এ যুগে পণ্যের মান ও মূল্য উভয় ক্ষেত্রেই বহির্বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে এবং ব্যবস্থাপনা ও পণ্যের মান নিয়ন্ত্রণে আরও যত্নবান হতে হবে।’ এ প্রসঙ্গে তিনি এফবিসিসিআই এবং অন্যান্য বণিক সমিতি, এসএমই ফাউন্ডেশন ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ও বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এফবিসিসিআই সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের প্রথম সহসভাপতি এবং মেলা আয়োজন কমিটির আহ্বায়ক জসীমউদ্দিন। বাসস।