ঘুঘুর বংশে ঘুঘু চরার দশা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীর পাড়ে বটগাছ। গ্রীষ্মের প্রখর দুপুর। কৃষ্ণ দয়াল বসুর কী চমৎকার করেই না লিখেছিলেন ‘এক পিঁপড়ে অনেক তেষ্টাতে হায় চেষ্টাতে/ যবে একটি ফোঁটা জল পেলো না শেষটাতে।/ অতি অধির হয়ে নদীর ঘাটে যেই গেল,/ সে যে অমনি জলের ঢেউ লেগে ভেসেই গেল।/ সেই নদীর তীরেই একটি বটের গাছ ছিল,/ এক ঘুঘু পাখি তার ডালে বসে গান গাচ্ছিল।/ জলে পিঁপড়ে পড়ে খাচ্ছে খাবি তাই দেখ,/ দিল একটি পাতা ঝরিয়ে সে ঐ গাছ থেকে,/ সেই পিঁপড়ে তাতে উঠলো তীরে প্রাণ পেয়ে/ আর মনের সুখে উঠলো পাখি গান গেয়ে।’ এর পরের ঘটনাটি প্রতিদান দেওয়ার। একদিন পিঁপড়ে চলছিল বনমধ্যে। ঘুঘুও বটের শাখায় সংগীত-মগ্ন। এক শিকারি তার বুক লক্ষ্য করে তীর বাগিয়ে ধরেছে। ঠিক তখনই পিঁপড়ে কামড়ে দিল তার পায়ে। হাত কেঁপে লক্ষ্যভ্রষ্ট হলো তীর। প্রাণে বাঁচল ঘুঘু। হুবহু এমন না হলেও প্রকৃতিতে পারস্পরিক সহযোগিতার বিষয়টি আছে। মানুষের লোভাতুর হস্তক্ষেপেই অধুনা মারাত্মকভাবে ভেঙে পড়তে বসেছে সেই সহযোগিতা, নির্ভরতার শৃঙ্খলা। ঘুঘু পাখিকে শিকারির কবল থেকে সতি সত্যি রক্ষা করা যায়নি। ঘুঘু দেশে এখন প্রায় বিপন্ন পাখি। মাংস সুস্বাদু, সেটাই হয়েছে ঘুঘুর কালশত্রু। বাড়ির আশপাশের ঝোপ-জঙ্গলের এই পাখিটিই শিকারিদের তীর ও গুলি ছোড়ার প্রথম লক্ষ্য। পোষা ঘুঘু দিয়ে ফাঁদ পেতে ধরার কৌশলটি তো আছেই। একবার নিঝুমদ্বীপে বেড়াতে গিয়ে প্রাণভরে সেই গান শোনার সুযোগ হয়েছিল। সুন্দরী, গেওয়া, কেওড়া প্রভৃতি গাছের নিবিড় সমাবেশে অবিকল সুন্দরবনের মতোই পরিবেশ। মাথার ওপরে সবুজ ছাদের মতো ছড়ানো শাখাপল্লব। তার আড়াল থেকে বিরামহীন ভেসে আসছে ঘুঘুর মায়াবী সংগীত। বনের এ-মাথা ও-মাথা, নিরিবিলি মৌন পরিবেশ মন্দ্রিত হয়ে আছে সেই সুরে। কত ঘুঘু যে আছে এখানে কে জানে! হরিণের মতো ঘুঘুও এখানে শিকারির কবলে পড়েনি। বনের সর্বত্র বিরতিহীন চলছে তাদের গান।ঘুঘু নিয়ে আমাদের বাকবিধিতে বেশ কিছু প্রবচন, ছেলেভোলানো ছড়া, শ্লোক চালু আছে। নির্বংশ হওয়া বোঝাতে বলি ‘ভিটায় ঘুঘু চরা’। আরও আছে—‘বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান/ এই বার ঘুঘু তোমার বধিব পরাণ’, ‘ঘুঘু দেখেছ ফাঁদ দেখনি’ ইত্যাদি। চোরের রাজা বা ডাকাতের সর্দারদের বলে ‘বড়ঘুঘু’। আবার ছোট শিশুদের পায়ের ওপরে রেখে দুলুনি দিতে দিতে ‘ঘুঘু সই/ ফুপু কই’ এমন ছড়া কাটার চল আছে বঙ্গসমাজে।ঘুঘুর নামে একটি যন্ত্রও আছে। সেটি ঘড়ি। নাম ‘ঘুঘুঘড়ি’। ব্রিটিশ আমলে বেশ জনপ্রিয় ছিল এটি। ঘণ্টায় ঘণ্টায় ঘুঘুপাখির মতো ঘুঘু শব্দে বাজাত বলে তার এই নাম। দীনবন্ধু মিত্রের জামাইবারিক নাটকে আছে ‘দেয়ালে ম্যাকেব নির্ম্মিত ঘুুঘুঘড়ি। ঘুঘুঘড়িতে ঘুঘু করিয়া এগারোটা বাজিল।’ সেই ঘুঘুঘড়ি তো উঠেই গেছে, এখন খোদ ঘুঘুর বংশেই ঘুঘু চরার পরিস্থিতি।ঘুঘুর এক নাম বনকপোত। পায়রা, ঘুঘু, হরিয়াল—এসব একই পরিবারের পাখি। বিশ্বে কলম্বিডি নামের এই পরিবারে পাখি আছে ৩১০ প্রজাতির। আমাদের দেশে প্রজাতির সংখ্যা ১৬। তবে কেবল ঘুঘুই আছে অন্তত ৭ প্রজাতির। সচরাচর সারা দেশে যেটি দেখা যায় সেটি তিলাঘুঘু। বুকের নিচে ধূসর। পিঠ বাদামি। গলায় কালোর মধ্যে সাদা ফোঁটা। আকার ২৮ থেকে ৩০ সেন্টিমিটার। একটু নিচু ঝোপঝাড়ে ঘুঘু বাসা করে। প্রতিবার এক জোড়া করে বছরে তিনবার ডিম দেয়। বাচ্চা ফুটলে প্রথম দুই-তিন দিন মা ঘুঘুর মুখ থেকে একরকম লালা নিঃসরণ হয়। এটাই ছানার খাদ্য। কবুতরের ক্ষেত্রেও তাই, একে বলে ‘পিজিয়ন মিল্ক’।দেশে ঘুুঘুর সংখ্যা সবচেয়ে বেশি কমেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। এয়ারগানে শিকার করায়। দেশে যখন পাখি শিকার আইনত নিষিদ্ধ, তখন পাখি শিকারের জন্য ‘এয়ারগান’ বিক্রি হওয়ার বিষয়টি আইনের সঙ্গে বৈপরীত্যপূর্ণ। পাখিবিশেষজ্ঞ শরিফ খান জানালেন, গত ৩০ বছরে ঘুঘুর সংখ্যা ব্যাপকভাবে কমেছে। কোথাও কোথাও কমে চার ভাগের এক ভাগে নেমে এসেছে। তিলাঘুুঘু ছাড়া আমাদের দেশের অন্য ঘুঘুর মধ্যে আছে মটরঘুঘু, বাজঘুঘু, ছোটঘুঘু, লাইছেঘুঘু, বাঁশঘুঘু ও ধূমকলঘুঘু। আকারে ধূমকলঘুঘুই সব থেকে বড়। নিরীহ এই পাখি মানুষের লোভের শিকার হয়ে হয়তো একদিন হারিয়েই যাবে দেশ থেকে। শুধু জীবনানন্দের কবিতার পঙিক্ততেই থাকবে তার কথা, ‘পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে;/পৃথিবীর সব রূপ লেগে আছে ঘাসে;।’ বাস্তবে আর দুপুরগুলো স্বপ্নমেদুর হয়ে উঠবে না তার গানে।