ঘুম থেকে চির ঘুমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনের কর্মব্যস্ততা শেষে নিশ্চিন্ত মনে নিজ ঘরে দুই মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিলেন মা। রাত পোহালেই আবার ঘুম থেকে উঠে শুরু হবে ব্যস্ততা। মা সাংসারিক কাজে মনোনিবেশ করবেন আর মেয়েরা যাবে স্কুলে। কিন্তু তা আর হয়ে ওঠেনি। ঘরের পাশের রাস্তা থেকে বালুবোঝাই একটি ট্রাক উল্টে গিয়ে ঘরের ওপর পড়ে। ঘুমন্ত অবস্থায় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁরা তিনজন নিহত হন। আজ শনিবার ভোররাতে নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের গোজাখালিকান্দা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতেরা হলেন—শিরিনা খাতুন (৩২), মিতু আক্তার (১৩) ও খাদিজা আক্তার (৭)। মিতু সপ্তম শ্রেণী ও খাদিজা প্রথম শ্রেণীতে পড়ত। শিরিনার স্বামী খাগড়াছড়ি জেলার গুইমারি আনসার ব্যাটালিয়ন ক্যাম্পে কর্মরত। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের ঢালে একচালা টিনের একটি ঘরে দুই মেয়েকে নিয়ে থাকতেন শিরিনা। সেখানেই তাঁরা ঘুমিয়েছিলেন। ভোর চারটার দিকে দুর্গাপুর থেকে ময়মনসিংহগামী অতিরিক্ত বালুবোঝাই ওই ট্রাকটি (ময়মনসিংহ-ট-০২০০৭২) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ঘরের ওপর পড়ে যায়। পরে প্রতিবেশীরা এসে তাঁদের লাশ উদ্ধার করে। চালক পালিয়ে গেছে।শিরিনার বাবা আবুল হোসেন জানান, শিরিনার স্বামীর বাড়ি কুমিল্লা জেলায়। জারিয়া আনসার ব্যাটালিয়ন ক্যাম্পে কর্মরত থাকা অবস্থায় মিজানুরের সঙ্গে তাঁর মেয়েকে বিয়ে দেন। সেই সুবাদে তাঁরা এখানেই থাকতেন। কয়েক বছর আগে মিজানুর বদলি হয়ে অন্যত্র গেলেও তাঁর স্ত্রী সন্তানদের নিয়ে এখানেই বসবাস করতেন।পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, ট্রাকটি আটক করা হয়েছে। নিহতদের স্বজনেরা ময়নাতদন্ত করতে চান না। শিরিনার স্বামীকে খবর দেওয়া হয়েছে। তিনি বাড়িতে এলে মামলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।