ঘুম থেকে জাগল না শিশু সুমাইয়া
হাজারীবাগের দোতলার টিনশেডের বাসায় মায়ের সঙ্গে ঘুমিয়েছিল আট বছরের শিশু সুমাইয়া ফেরদৌস ওরফে ইরা। কিন্তু ঘুম থেকে তার আর জাগা হয়নি। গতকাল শনিবার ভোরে বাসাসংলগ্ন পানির ট্যাংকের দেয়াল ধসে মর্মান্তিক মৃত্যু হয়েছে তার।সুমাইয়া জিগাতলার একটি স্থানীয় স্কুলের কেজি টু-এর শিক্ষার্থী ছিল। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুমাইয়া তার মা মিলন আক্তার ও দুই বোনের সঙ্গে হাজারীবাগের মনেশ্বর রোড এলাকার দোতলার ওই টিনশেডের বাসায় থাকত। গত শুক্রবার রাতে সে মায়ের সঙ্গে একটি কক্ষে ঘুমাতে যায়। ওই কক্ষসংলগ্ন বাথরুমের ওপরে ছিল ইট-সিমেন্ট দিয়ে তৈরি সাত ফুট উচ্চতার একটি পানির ট্যাংক। শনিবার ভোর চারটার দিকে হঠাৎ ট্যাংকটির একটি দেয়াল চালের ওপর ধসে পড়ে। এতে দেয়ালসহ চাল সুমাইয়া ও তার মায়ের ওপর পড়ে। ঘটনাস্থলেই মারা যায় সুমাইয়া। গুরুতর আহত অবস্থায় তার মাকে জিগাতলার একটি হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ সুমাইয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠায়। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, টিনশেডের বাসাটি অর্ধনির্মিত ও নড়বড়ে। অপরদিকে ট্যাংকটির গঠনকাঠামো ছিল অত্যন্ত দুর্বল। ফলে পানির চাপে দেয়াল ধসে পড়েছে। ওসি আরও বলেন, ঘটনার পর নিহতের খালু মোহসীন আহমেদ বাদী হয়ে বাড়িওয়ালা শহীদুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছেন। শহীদুল পলাতক। মোহসীন আহমেদ প্রথম আলোকে বলেন, প্রায় সাত-আট বছর ধরে মিলন আক্তার সন্তানদের নিয়ে ওই বাসায় থাকছেন। তাঁর স্বামী জুয়েল আহমেদ তাইওয়ান-প্রবাসী। ওই সময় থেকেই বাসা ও ট্যাংকটির অবস্থা নড়বড়ে। এগুলো মেরামতের জন্য বাড়িওয়ালা আড়াই বছর আগে তাঁদের কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়েছিলেন বলে তিনি অভিযোগ করেন। কিন্তু বাড়িওয়ালা টাকা নিয়েও বাসা মেরামত করেননি।তিন বোনের মধ্যে সুমাইয়া ছিল ছোট। গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় নাগেরহাট গ্রামে। লাশ ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে বলে পরিবার সূত্র জানায়।