ঘুম থেকে শেষ ঘুমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়িতে উপড়ে পড়া ভবন ও ভবনের নিচে চাপাপড়া টিনশেড বাড়ি থেকে গতকাল বুধবার রাত সাড়ে ১০টা পর্যন্ত ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ছয়টি শিশু ও নয়জন নারী। জীবিত উদ্ধার করা হয়েছে ছয়জনকে। ঘটনার সময় এসব বাড়ির অধিকাংশ বাসিন্দা ঘুমিয়ে ছিল। স্থানীয় লোকজন জানান, দিনভর পরিশ্রমের পর রাতে ঘুমিয়ে পড়েছিল এসব খেটে খাওয়া মানুষ। ঝুঁকিপূর্ণ ভবনে তাদের এই নিশ্চিন্ত ঘুম আর ভাঙেনি। শেষ ঘুমে হারিয়ে গেছে অন্তত ২২টি জীবন। ভবন হেলে পড়ার শব্দে ও ঝাঁকুনিতে যারা ঘর থেকে বের হয়ে আসতে পেরেছে, কেবল তারাই বেঁচে যায়। গত মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে মধ্য বেগুনবাড়ির ১৮/বি পাঁচতলা বাড়িটি মাটির নিচের পিলারসহ উপড়ে পাশের চারটি তিনতলা টিনশেড বাড়ির ওপর পড়ে যায়। হতাহতদের সবাই এই টিনশেডের বাসিন্দা। একেকটি টিনশেড বাড়িতে ২০ থেকে ২৫টি নিম্ন আয়ের পরিবার ভাড়া থাকত।রাতেই দমকল বাহিনী, সেনাবাহিনী ও রেড ক্রিসেন্টের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। সঙ্গে ছিল পুলিশ ও র‌্যাব। গত রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকাজ চলছিল।এদিকে অনুমোদন না নিয়ে বাড়ি বানানোর অভিযোগে মালিকের ছেলে জাফর ইকবাল ডালিমের বিরুদ্ধে মামলা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউকের অথরাইজড কর্মকর্তা রফিকুল ইসলাম গতকাল তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলাটি করেন। বাড়িটির মূল মালিক ডালিমের বাবা ডাক বিভাগের গাড়িচালক আব্বাস উদ্দিন। কিন্তু বাড়িটির দলিল ডালিমের নামে। ডালিম ওই বাড়ির তৃতীয় তলায় থাকতেন। আব্বাস থাকেন পুরান ঢাকায়। পুলিশও তাঁদের বাবা-ছেলের বিরুদ্ধে পৃথকভাবে মামলা করবে বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার আ স ম মাহতাবউদ্দিন। তাঁদের দুজনকেই খুঁজছে পুলিশ।উপড়ে পড়া বাড়িটির নিচতলার বাসিন্দা নজরুলকে (৪৫) অজ্ঞান অবস্থায় গ্রিল কেটে বের করে স্থানীয় লোকজন। নজরুল প্রথম আলোকে জানান, ভবনটি উপড়ে পড়ার বেশ কিছুক্ষণ আগে থেকে একটা শোঁ শোঁ শব্দ হচ্ছিল। মনে হচ্ছিল ঝড় হচ্ছে। ভবনটি যখন ধীরে ধীরে কাত হয়ে পড়তে শুরু করে, তখন ওপরের তলাগুলোর লোকেরা বুঝতে পারলেও নিচে থাকায় তিনি বুঝতে পারেননি। ওপরের তলাগুলোতে লোকজনের দ্রুত পায়ের ধুপধাপ শব্দ শুনে মনে হয়েছে কেউ কাউকে ধাওয়া করছে। পরে ভবনটি পড়ে যাওয়ার পর তিনি জ্ঞান হারান। তাঁর মাথা, বুকে-পেটে কেটে গেছে। নজরুল জানান, ওই ভবনটির তৃতীয় তলায় থাকেন মালিকের ছেলে ডালিম। তিনিই বাড়িটির দেখাশোনা করেন, ভাড়া তোলেন। তিনিও এতে আহত হয়েছেন। স্থানীয় লোকজন জানান, ২০ থেকে ২৫ মিনিট সময় নিয়ে ধীরে ধীরে উপড়ে পড়ে ভবনটি। এ সময় শোঁ শোঁ, কড়কড় করে শব্দ হচ্ছিল। শেষে বিকট শব্দে ভবনটি উপড়ে পড়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর বিদ্যুত্ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। অন্ধকারের মধ্যে হাতুড়ি-শাবল নিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় দেয়াল ভেঙে, টিনের বেড়া কেটে, গ্রিল ভেঙে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা শুরু করা হয়। তারপর দমকল বাহিনীর সদস্যরা যোগ দেন। উপড়ে পড়া ভবনটির ওপর দিয়ে উদ্ধারকর্মীরা যখন হাঁটছিলেন, নিচে খসে পড়ছিল ইট-বালু। ভবনটিও আস্তে আস্তে দেবে যাচ্ছিল। আর পাশের অর্ধবিধ্বস্ত টিনশেডগুলোর ভেতর দিয়ে ঢুকতে ও বেরোতে হচ্ছিল উদ্ধারকর্মীদের। ঘরগুলোর পাটাতনের কাঠ, টিনের বেড়া ভেঙে ও খুলে পড়ছিল। চারদিকে শুধু টুকরো কাঠ, টিন আর তারকাঁটা। হাত-পা কেটে-ছিঁড়ে যাচ্ছিল উদ্ধারকর্মীদের। গ্যাসের সংযোগ ফেটে গেছে। সরবরাহ বন্ধ করে দেওয়া হলেও তীব্র কটু গন্ধ ছড়িয়ে গ্যাস বের হচ্ছিল। যেকোনো সময় অগ্নিকাণ্ডের আশঙ্কায় জেনারেটর চালিয়ে ভারী যন্ত্রগুলো ব্যবহার করতে পারছিল না দমকল। আবার হঠাত্ করে বিদ্যুত্ সরবরাহ শুরু হলে আশপাশের কয়েকটি ভবন ও খুঁটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। উদ্ধারকাজে খুব বেগ পেতে হচ্ছিল উদ্ধারকর্মীদের।রাত একটার দিকে উদ্ধারকাজে যোগ দিয়ে সেনাবাহিনীর সদস্যরা খনকযন্ত্র (এক্সকেভেটর) দিয়ে উপড়ে পড়া বাড়িটি ভেঙে উদ্ধারের পরিকল্পনা করেন। কিন্তু ভবনটি ঘিরে ঝিলের ওপর ছিল তিনতলা টিনশেড টংঘর। ভবনের পূর্ব দিকের টিনশেডগুলো ভেঙে এক্সকেভেটর ও উদ্ধারকর্মীদের চলাচলের পথ তৈরির পরিকল্পনা করা হয়। পাশের হাতিরঝিল প্রকল্পে কর্মরত খনকযন্ত্র ও বুলডোজার দিয়ে চারটি টিনশেড ভেঙে পথ করা হয়। সকাল থেকে ভেঙে ফেলা ঝিলের অংশে ট্রাক দিয়ে বালু ফেলা শুরু হয়। উদ্ধার তদারককারী দমকল বাহিনীর পরিচালক (পরিচালন) মেজর শেখ মো. শাহজালাল প্রথম আলোকে বলেন, এখন উদ্ধার অভিযানের প্রধান বাধা হচ্ছে ঝিলের পানি। ১৫ থেকে ২৫ ফুট পানির ওপর টংঘরগুলো তৈরি করা হয়েছিল। পানির কারণে ভবনের সবটুকু অংশ নাগালে পাচ্ছে না বড় শুঁড়ওয়ালা এক্সকেভেটরগুলোও। সেনাবাহিনীর ট্রাকে করে বালু এনে ঝিল ভর্তি করে সেখানে এক্সকেভেটরের পথ তৈরি করা হচ্ছে। ঝিলে বালু ফেলার ফাঁকে ফাঁকে এক্সকেভেটর যে পর্যন্ত নাগালে পায়, ভবনের সে অংশগুলো ভাঙার কাজ চলছে। একই সঙ্গে উদ্ধারকাজও চালিয়ে যাচ্ছে দমকলসহ অন্যান্য সংস্থার কর্মীরা।গতকাল সেখানে দিনভর উদ্ধারকাজ করে দমকল, সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ, রেড ক্রিসেন্ট ও বিভিন্ন এনজিওর কর্মীরা।এর মধ্যেই এক একটি করে লাশ উদ্ধার হয়। চারদিক থেকে দৌড়ে আসে লোকজন। ‘এইডা কুলসুমের পোলা’, ‘কল্পনার সোয়ামিরে পাইছে, কল্পনায় কই’ অপেক্ষমাণ হাজারও মানুষের এ রকম চিত্কার ভেসে আসছিল। পরিচিত জনকে খুঁজে না পেয়ে কেউ কেউ মাটিতে পড়ে বিলাপ করছিলেন। কোথাও জড়ো হয়ে আঁচল চাপা দিয়ে গুমরে কাঁদছিলেন নারীরা। এর মধ্যেও একজন আরেকজনকে সান্ত্বনা দিয়ে যাচ্ছিলেন। আর বন্ধু, আত্মীয় অথবা পরিচিতজনদের খবর নেওয়ার চেষ্টা করছিলেন।গতকাল দুপুরে গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান ঘটনাস্থলে যান। প্রতিমন্ত্রী বলেন, ‘ভূমিদস্যুরা জমি দখল করে অপরিকল্পিতভাবে এভাবে বাড়ি বানাচ্ছে। এদের কারণ এমন মর্মান্তিক ঘটনা ঘটছে।’ঢাকার জেলা প্রকাশক মহিবুল হক প্রথম আলোকে বলেন, উদ্ধারকাজ চলবে। জেলা প্রশাসন উদ্ধারকর্মীদের পর্যাপ্ত আলোর ব্যবস্থা দিতে সহায়তা করবে। নিহতদের পরিচয় ও লাশ হস্তান্তর: গত রাত ১২টা পর্যন্ত উদ্ধার করা হয় ২২ জনের লাশ। এরা হলেন—জামালপুরের ইসলামপুরের শারমিন আক্তার (২৭), তাঁর মেয়ে মেঘনা (৫), ভাগ্নি সান্ত্বনা (১৭), দেবর এজেন (৩৪) ও আত্মীয় আজিজুল ইসলাম (৩২)। বরিশালের ইমাম হোসেন ওরফে ইমন (২৬) ও তাঁর স্ত্রী কল্পনা আক্তার (২৩)। নোয়াখালীর চরজব্বারের আবদুর রহমানের স্ত্রী মোরশেদা বেগম (২৬)। কিশোরগঞ্জের লরাকান্দার কোমরউদ্দিনের ছেলে রবিউল আউয়াল (৩২)। কিশোরগঞ্জের আমজানের বাসিন্দা রফিকুল ইসলামের স্ত্রী জাহানারা বেগম (২৫) ও ছেলে জিহাদ (৭)। নারায়ণগঞ্জের বারদির আবদুল হানিফের স্ত্রী সায়রা খাতুন (৩০)। কিশোরগঞ্জের আবদুল হানিফের দেড় বছরের সন্তান রাব্বী ও আট বছরের মেয়ে জান্নাত। কিশোরগঞ্জের আলমগীরের ছেলে বিশাল (৩) ও শাওন (৭)। বেগুনবাড়ির জব্বারের টিনশেড বাড়ির বাসিন্দা মমতাজ বেগম (২৫) ও একই বাড়ির ছয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ মনিজা বেগম (২৫)। জব্বারের বাড়ির বাসিন্দা শামসুন্নাহার (২৬)। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ মর্গে দুজন নারী ও এক যুবকের লাশ আছে। তাঁদের পরিচয় পাওয়া যায়নি। ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমীন প্রথম আলোকে জানান, গতকাল বেলা সাড়ে তিনটা পর্যন্ত তিনি ১৩টি লাশ স্বজনদের কাছে ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করেছেন। জেলা প্রশাসন প্রতিটি লাশের দাফনের জন্য ২০ হাজার টাকা ও একটি করে কফিন দিয়েছে। গতকাল বিকেলে ম্যাজিস্ট্রেট দাবি করেন, ভবনের নিচে চাপা পড়ে এ পর্যন্ত ১৮ জন মারা গেছেন। ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের উপপরিচালক (অভিযান) ভরতচন্দ্র বিশ্বাস সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাত থেকে বুধবার বিকেলে পৌনে চারটা পর্যন্ত নারী ও শিশুসহ তাঁরা ২০টি লাশ এবং ছয়জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন। গত রাত সাড়ে ১০টায় সর্বশেষ উদ্ধার করা হয় কিশোরগঞ্জের আলমগীরের ছেলে বিশাল ও শাওনের মরদেহ। শোক: বাড়ি ধসে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান। উদ্ধারকাজে ১০০ সেনা: আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল আবদুল ওয়াদুদ সরেজমিনে গিয়ে উদ্ধারকাজে নিয়োজিত সেনাসদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। সেনাবাহিনীর দুটি প্লাটুন থেকে ১০০ সেনাসদস্য উদ্ধার তত্পরতায় অংশ নিয়েছেন। উদ্ধার অভিযানে সেনাবাহিনীর বুলডোজার, ক্রেন, রেকারসহ ভারী যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে। সার্বিক উদ্ধারকাজ সমন্বয় করছেন সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শরাফত হোসেন। সেনাবাহিনীর সঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা জেলা প্রশাসন, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা ব্যুরো, থানা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন এনজিও এবং বাংলাদেশ স্কাউটসের কর্মীরা উদ্ধারকাজে অংশ নেন।