ঘুমে যত বিচিত্র কাণ্ড!
যুক্তরাজ্যের অনেকেই ইদানীং ঘুমের মধ্যে বিচিত্র সব কাণ্ড ঘটিয়ে তা প্রতিকারের জন্য চিকিত্সকের কাছে যাচ্ছেন। তাঁদের সাম্প্রতিক এই প্রবণতা প্রসঙ্গে গবেষকেরা বলছেন, ঘুমের মধ্যে অদ্ভুত ঘটনার সম্মুখীন হচ্ছেন এমন মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। তাঁরা জানিয়েছেন, তাঁদের কেউ হয়তো ঘুমের ঘোরে খেয়ে ফেলছেন ফ্রিজের খাবার, কেউ বা ঘুমের মধ্যে ভেঙে ফেলছেন দামি ঘড়ি, টিভি। শেষে এ সমস্যার সমাধান খুঁজতে ভিড় করছেন নিরাময়কেন্দ্রে। সম্প্রতি বিবিসি অনলাইনে ঘুমের ভেতরে ঘটানো এসব বিচিত্র কাণ্ডকারখানা-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ঘুমের মধ্যেই করা অসংখ্য আচরণের একটি হচ্ছে মুঠোফোনে বার্তা পাঠানো বা ‘টেক্সটিং’। নিউক্যাসেলের নিউরোলজি স্লিপ সার্ভিসের গবেষক ক্রিস্টি অ্যান্ডারসন জানান, ঘুমের মধ্যে মুঠোফোনে বার্তা পাঠানোর বিষয়টি খুব বেড়ে গেছে। অনেকের ক্ষেত্রে দেখা গেছে, বার্তা পাঠানোর বিষয়টি মাথায় থাকে বলে ঘুমের মধ্যেও হাতের কাছে থাকা মুঠোফোন থেকে অনাকাঙ্ক্ষিত নম্বরে বার্তা চলে যাচ্ছে, যদিও এ ধরনের অসংলগ্ন বার্তার কোনো অর্থই দাঁড়ায় না। গবেষকদের মতে, ঘুমের মধ্যে এ ধরনের ঘটনাকে বলে ‘প্যারাসোমনিয়া’। একেবারে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় এ ধরনের ঘটনা ঘটে। ঘুমের মধ্যে এ রকম আরেকটি আচরণ হচ্ছে প্রচুর খাওয়া। অনেকের ক্ষেত্রে দেখা গেছে, তিনি ঘুমের মধ্যে প্রচুর খাচ্ছেন, কিন্তু পরে ঘুম থেকে জেগে বিষয়টি তাঁর কাছে আশ্চর্যজনক মনে হচ্ছে। কারণ, ঘুমের মধ্যে খাওয়ার ঘটনা পরে তিনি মনে করতে পারেন না। গবেষকেরা এ সমস্যার নাম দিয়েছেন ‘নকটারনাল ইটিং সিনড্রোম’ (এনইএস)। ঘুমের মধ্যে খাওয়ার বিষয়টি এক রাতে বেশ কবার ঘটতে পারে যা শারীরিক ও মানসিক বিভিন্ন সমস্যা তৈরি করে। ঘুমের মধ্যে এ ধরনের খাওয়ার ঘটনা প্যারাসোমনিয়া অবস্থাতেই বেশি দেখা যায়। যুক্তরাজ্যের লাফবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক জিম হর্ন এ প্রসঙ্গে বলেছেন, এটা এক ধরনের অ্যামনেশিয়া বা অবচেতনভাবে জেগে থাকার প্রবণতা। এ ধরনের অবস্থা ঘুমের সমস্যার পাশাপাশি মানসিক চাপ থেকেও হতে পারে।ঘুমের মধ্যে ‘সেক্সসোমনিয়া’ নামে এক ধরনের সমস্যার কথাও জানিয়েছেন গবেষকেরা। ঘুমের মধ্যে শারীরিক সম্পর্কের ঘটনা সম্প্রতি বেড়ে যাওয়ার কথা জানিয়ে সতর্ক করেছেন তাঁরা। অতিরিক্ত মানসিক চাপ, মাদক নেওয়ার কারণে এ ধরনের সমস্যা তৈরি হতে পারে। গবেষকেরা জানিয়েছেন, সেক্সসোমনিয়া এক ধরনের প্যারাসোমনিয়া। গভীর ঘুমের একপর্যায়ে অবচেতন অবস্থায় এ ধরনের ঘটনা ঘটতে পারে। ঘুমের মধ্যে অনেকের শ্বাস বন্ধ হয়ে যায়। ঘুমের ব্যাঘাতের কারণে এ ধরনের ঘটনা ঘটে। একে বলে ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপোনিয়া’ (ওএসএ)। এ ধরনের সমস্যায় মানুষ সাধারণত উচ্চ শব্দে নাক ডাকে। স্থূলতার কারণেও এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। ঘুমন্ত অবস্থায় অনেক সময় গলার মাংসপেশি আটকে শ্বাস-প্রশ্বাসের পথে বিঘ্ন ঘটার কারণে এমনটা হতে পারে। পল আসবেরি নামের এক মার্কিন নাগরিক এ সমস্যায় ভুগছিলেন। চিকিত্সকেরা তাঁকে পরীক্ষা করে দেখেন, ২৬ সেকেন্ড পর্যন্ত তাঁর শ্বাস আটকে থাকে, যা স্বাভাবিক নাক ডাকার থেকে ভিন্ন পর্যায়ের। এক রাতের মধ্যে ৫০ থেকে ৮০ বার পর্যন্ত এ ধরনের শ্বাসরোধের ঘটনা ঘটতে পারে। ঘুমের মধ্যে শ্বাস রোধ হয়ে যাওয়ার এমন ঘটনা ঘুম থেকে জাগার পর আর মনে রাখা সম্ভব হয় না। গবেষকেরা এর কারণ হিসেবে জানিয়েছেন, এ অবস্থায় মস্তিষ্কের সঙ্গে শরীরের কোনো যোগ থাকে না। ঘুমের সমস্যায় ভোগা ব্যক্তিটির কাছে চেতন অবস্থা মনে হলেও তাঁর শরীর এটা টের পায় না। এ অবস্থায় শরীরের সঙ্গে মস্তিষ্কের সংযোগ পেতে এক মিনিট পর্যন্ত সময় লেগে যেতে পারে। এ কারণে সকালে উঠে খুব ক্লান্ত লাগতে পারে।আবার ঘুমের মধ্যে মাথায় বজ্রপাত হয়েছে এমন অনুভূতিও অনেকের হয়েছে। একে বলে ‘এক্সপ্লোডিং হেড সিনড্রোম’। গভীর ঘুমে আচ্ছন্ন থাকা অবস্থায় মাথার মধ্যে হঠাত্ বিকট শব্দ শোনার অনুভূতি হয়। এ ধরনের সমস্যায় পড়া ব্যক্তিরা জানিয়েছেন, ঘুমের মধ্যে এ সময় হঠাত্ মাথায় বজ্রপাত, গুলি লাগা বা প্রচণ্ড আঘাত পাওয়ার মতো অনুভূতি হয়। যদিও এ ধরনের ঘটনায় কোনো ব্যথার অনুভূতি হয় না, তবে ঘুম ভেঙে যায় এবং মনে হয় বাস্তবে বাইরে কোথাও এ ধরনের ঘটনা ঘটেছে। গবেষকেরা জানিয়েছেন, ঘুমের মধ্যে বিচিত্র এসব ঘটনা অবশ্য পর্যায়ক্রমিক নয়। এ আচরণ কোনো নিয়মনীতি মেনেও ঘটে না। দীর্ঘদিন ধরে এ ধরনের ঘটনা ঘটতে পারে এবং মানুষের জীবনে তা নানা রকম প্রভাব ফেলতে পারে।