ঘুমের বড়িতেই পাঁচ কোটি পাউন্ড খরচ!
মন্দায় দুশ্চিন্তা আর আর্থিক সংকট হয়েছে নিত্যসঙ্গী। আরামের ঘুম হারাম হয়েছে। কর্মক্লান্ত দিন শেষে বিকল্প উপায়ে শারীরিক প্রশান্তি আনতে ঘুমের বড়িকেই তাই সম্বল মনে করছেন দুশ্চিন্তাগ্রস্তদের অনেকেই। আর এর খেসারত দিচ্ছে সরকার। গত বছর যুক্তরাজ্যের দুশ্চিন্তাগ্রস্তদের জন্য ঘুমের বড়ি কিনতেই প্রায় পাঁচ কোটি পাউন্ড ব্যয় করেছে ১৫২টি প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। দেশটির জাতীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এনএইচএসের বরাত দিয়ে দ্য টেলিগ্রাফ এ খবর জানায়।এনএইচএসের কর্মকর্তা মান্দিপ মুধারের উদ্ধৃতি দিয়ে টেলিগ্রাফ জানায়, চাকরির অনিশ্চয়তা কিংবা আর্থিক সংকট মানসিক চাপ, দুশ্চিন্তা আর উদ্বেগ বাড়াচ্ছে বিভিন্ন জনের মধ্যে। এ পরিস্থিতিতে ঘুমের বড়ি সেবন করছে অনেকে। এ ধরনের ওষুধ সেবনকারীদের মধ্যে এক ধরনের মানসিক নির্ভরতা তৈরি করে। তবে সময়ের সঙ্গে সঙ্গে ওষুধগুলোর কার্যকারিতা থাকে না বলে দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে এগুলো।