ঘুমের বড়ি পাঁচগুণ মৃত্যুঝুঁকি বাড়ায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুম মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। কিন্তু এই সাধের ঘুম সবার জীবনে সহজে আসে না। তাই আমরা দেখে থাকি একজন হতদরিদ্র মানুষ ফুটপাতে কোনো বিছানা ছাড়াই শান্তিতে ঘুমাচ্ছেন। অথচ ধনীরা পালঙ্কে নরম তুলতুলে বিছানায়ও ঘুমাতে পারেন না। তাই তাঁরা বাধ্য হয়ে নানা রকম ঘুমের ওষুধ সেবন করেন। কিন্তু তাতে যে খুব একটা কাজ হয়, তা নয়। তবে তা মৃত্যুঝুঁকি ঠিকই বাড়ায়। যুক্তরাষ্ট্রের গবেষকেরা তাঁদের গবেষণায় এ রকমই ফল পেয়েছেন।গবেষকেরা বলেছেন, ঘুমের ওষুধ সেবন মৃত্যুঝুঁকি পাঁচগুণ বাড়িয়ে দেয়। আর ডেইলি মেইলের খবরে বলা হয়, যুক্তরাজ্যের লাখ লাখ মানুষ এই মৃত্যুঝুঁকিতে রয়েছেন। গবেষণায় দেখা যায়, ঘুমের বড়ি সেবনের মাত্রা যত বাড়বে, মৃত্যুঝুঁকিও ততটা বাড়বে। তা ছাড়া এটা ক্যানসারে ঝুঁকিও বাড়ায় বলে গবেষকেরা জানান। তাঁরা আরও বলেন, যাঁরা বছরে ১৮টিরও কম ঘুমের ওষুধ সেবন করেন, তাঁদের মৃত্যুর হার ঘুমের ওষুধ সেবন না করা ব্যক্তিদের তুলনায় অনেক বেশি।যুক্তরাষ্ট্রের ওয়াইওমিং অঙ্গরাজ্যের জ্যাকসন হোল সেন্টার ফর প্রিভেন্টিভ মেডিসিন এবং ক্যালিফোর্নিয়ার স্ক্রিপস ক্লিনিক ভিটারবি ফ্যামিলি স্লিপ সেন্টারের গবেষকেরা ওই গবেষণা পরিচালনা করেন। তাঁরা ১০ হাজার ৫০০ ঘুমের ওষুধ সেবনকারী এবং ঘুমের ওষুধ সেবন করে না—এমন ২৩ হাজার ৫০০ ব্যক্তির ওপর গবেষণা করেন।গবেষকেরা তাঁদের গবেষণার ফলাফলে দেখতে পান, যাঁরা ঘুমের জন্য বছরে চার থেকে ১৮টি ওষুধ সেবন করেন, তাঁদের মৃত্যুর ঝুঁকি ৩ দশমিক ৬ গুণ, ১৮ থেকে ১৩২টি ওষুধ সেবনের ক্ষেত্রে ঝুঁকির মাত্রা ৪ দশমিক ৪ গুণ এবং ১৩২টির ওপরে ওষুধের ক্ষেত্রে এই ঝুঁকির হার ৫ দশমিক ৩ গুণ বেশি। গবেষণায় আরও দেখা যায়, ১৮-৫৫ বছর বয়সী ব্যক্তিদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি। তবে এর কারণ তাঁদের কাছে পরিষ্কার নয় বলে জানিয়েছেন গবেষকেরা। মেইল অনলাইন।