ঘুরে দাঁড়াচ্ছে স্যান্ডি আক্রান্ত জনপদ
ঘূর্ণিঝড় স্যান্ডির আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের নগর-জনপদ ঘুরে দাঁড়াচ্ছে। প্রেসিডেন্ট বারাক ওবামা গত বুধবার সফর করেছেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত নিউ জার্সি রাজ্যের দক্ষিণাঞ্চল। এ সময় তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের রিপাবলিকান গভর্নর ক্রিস ক্রিস্টি।দুর্গত লোকজনকে অভয় দিয়ে ওবামা বলেছেন, পূর্ণমাত্রায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে।এদিকে গতকাল রাত পর্যন্ত বিচ্ছিন্ন বিদ্যুত্ ব্যবস্থার ৩০ শতাংশ পুনঃসংযোগ দেওয়া সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে। বড় বড় মহাসড়কের ওপর পড়ে থাকা গাছ ও বিদ্যুতের খুঁটি সরিয়ে নেওয়া হয়েছে।নিউ জার্সির ছোট ও মাঝারি শহরগুলোর অনেক সড়কপথ এখনো বন্ধ। ১০টি অঙ্গরাজ্য থেকে পরিচ্ছন্নতাকর্মী নিউ জার্সিতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।নিউইয়র্ক ও নিউ জার্সির প্রধান বিমানবন্দরগুলো ধীরে ধীরে খুলে দেওয়া হচ্ছে। বাস ও ট্রেন চলাচল শুক্রবারের মধ্যে অনেকটা স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করা হচ্ছে।প্রতিটি নগরকেন্দ্র থেকে পুনরুদ্ধার ও পুনর্বাসনের অগ্রগতির বিষয়ে নাগরিকদের নিয়মিত অবহিত করা হচ্ছে। কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে (ফেমা) বিপর্যস্ত এলাকায় পুরো মাত্রায় সক্রিয় রাখা হয়েছে। দুর্গত লোকজনের যেকোনো সহযোগিতার জন্য নিউ জার্সিতে দুই হাজার ফেমা কর্মচারী সার্বক্ষণিক প্রস্তুত বলে জানানো হয়েছে।নিউ জার্সির দুর্গত মানুষের দুঃখ-কষ্ট অনুধাবনের জন্য ওবামার প্রশংসা করেছেন তাঁর কড়া সমালোচক বলে পরিচিত রিপাবলিকান গভর্নর ক্রিস ক্রিস্টি। ওবামা ও ক্রিস্টি একত্রে দুর্গত লোকজনের সঙ্গে কথা বলেন।এদিকে প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র পাঁচ দিন আগে রাজনৈতিক মাঠে কিছুটা হলেও পরিবর্তন আঁচ করা যাচ্ছে। ঘূর্ণিঝড় স্যান্ডির আগে জনমত জরিপের ফলাফলে ওবামা ও তাঁর প্রতিপক্ষ রমনি ছিলেন সমানে সমান। প্রাকৃতিক দুর্যোগে ওবামার প্রতিক্রিয়ায় সন্তুষ্ট মার্কিন নাগরিকেরা। ‘ওয়াশিংটন পোস্ট’ ও এবিসি নিউজের সর্বশেষ জনমত জরিপে দেখা গেছে, প্রতি ১০ জনের মধ্যে আটজনই ওবামার দুর্যোগব্যবস্থাপনায় সন্তুষ্ট। তবে জনমতের এ ইতিবাচক প্রভাব ৬ নভেম্বরের নির্বাচনকে কতটা প্রভাবিত করবে, তা এখনই বলা যাচ্ছে না।গতকাল ওবামা যখন নিউ জার্সিতে দুর্যোগপূর্ণ এলাকা পরিদর্শনে ব্যস্ত, তখন রিপাবলিকান প্রার্থী রমনি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ফ্লোরিডায়। নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ রাজ্য ফ্লোরিডায় বুধবার দিনভর প্রচারণায় বক্তব্য রাখেন রমনি। নির্বাচনের আগে দুর্যোগপূর্ণ এলাকা পরিদর্শনের কোনো কর্মসূচি নেই তাঁর।রমনি ফ্লোরিডায় দেওয়া বক্তব্যে দুর্যোগব্যবস্থাপনায় রাজ্য সরকারের ভূমিকাকে গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি পুনরুদ্ধার ও পুনর্বাসনে কেন্দ্রীয় সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করেন তিনি।তবে ঘূর্ণিঝড় স্যান্ডি-পরবর্তী বাস্তবতায় ওবামা ও নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টির মধ্যকার ঐক্যে কট্টর রক্ষণশীলদের কিছুটা বিচলিত দেখা গেছে।