জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, বিএনপিপ্রথম আলো: এক বছর হলো বিএনপি নবম সংসদে প্রধান বিরোধী দলের দায়িত্ব পালন করছে। এ ক্ষেত্রে বিএনপির সফলতা বা ব্যর্থতাকে কীভাবে মূল্যায়ন করেন?মির্জা ফখরুল ইসলাম আলমগীর: সংখ্যার দিক থেকে অল্প কয়েকজন সাংসদ নিয়ে বিএনপি নবম সংসদকে কার্যকর করতে চেয়েছিল। সরকারের ভুলত্রুটিতে গঠনমূলক সমালোচনার মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখতে চেয়েছিল। এ জন্য প্রথম অধিবেশনের প্রথম দিন থেকে বিএনপি সংসদে গেছে। কিন্তু আওয়ামী লীগের সরকার সম্ভবত সংসদ কার্যকর হোক তা চাইছে না। ফলে বিএনপি সংসদ বর্জন করছে। অকার্যকর সংসদকে কার্যকর করতে পারছে না।প্রথম আলো: কিন্তু প্রথম অধিবেশনে তো বিএনপি কথা বলার যথেষ্ট সময় পেয়েছে। মির্জা ফখরুল: এটা বলে সরকার অপপ্রচার চালাচ্ছে। আমি শুনেছি তারা বলেছে, বিরোধীদলীয় নেতা এক ঘণ্টা ২৮ মিনিট বক্তব্য দিয়েছেন। আর প্রধানমন্ত্রী দিয়েছেন এক ঘণ্টা ১৫ মিনিট। কিন্তু বেশি কথা বলার সুযোগ দেওয়া মানে বিরোধী দলকে সব সুবিধা দিচ্ছে, তা নয়। বিএনপি অনেক জাতীয় ইস্যুতে সংসদে আলোচনার প্রস্তাব দিয়েছে। অনেকগুলো মুলতবি প্রস্তাব এনেছে। কিন্তু স্পিকার এর একটিও গ্রহণ করেননি। প্রথম আলো: তাহলে কি বিএনপি আর সংসদে যাবে না?মির্জা ফখরুল: বিএনপি সংসদে যাওয়ার জন্য উন্মুখ হয়ে বসে আছে। কিন্তু সরকারকে তো পরিবেশ সৃষ্টি করতে হবে। আমরা তো বলেছি, বিএনপির চেয়ারপারসনের বাড়ির বরাদ্দ বাতিলের মন্ত্রিসভার সিদ্ধান্ত বাতিল করতে হবে। তাঁর ন্যূনতম নিরাপত্তা দিতে হবে। তাঁর বাড়িতে সংসদের কাগজপত্র পর্যন্ত পৌঁছায় না। চিকিত্সক, দলীয় নেতা এমনকি আত্মীয়স্বজন পর্যন্ত যেতে পারেন না। এটা তো গণতন্ত্রের নমুনা হতে পারে না।প্রথম আলো: বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপি নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত এক বছরে ওই অবস্থা থেকে বিএনপি কতটা ঘুরে দাঁড়াতে পেরেছে?মির্জা ফখরুল: এটা ঠিক, বিভিন্ন সময়ে বিএনপির ওপর নানাভাবে আঘাত এসেছে। মনে হয়েছে বিএনপি বোধহয় শেষ হয়ে গেল। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আসা আঘাতটি ছিল সবচেয়ে বড় এবং বিএনপির জন্য ভয়ংকর। তবে এই আঘাতের পর এটা প্রমাণ হয়েছে, বিএনপিকে ভাঙা সহজ নয়। এ দলটির ভিত অনেক মজবুত। প্রথম আলো: দীর্ঘ ১৬ বছর পর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হলো। এ কাউন্সিলকে কীভাবে মূল্যায়ন করবেন? মির্জা ফখরুল: এটা একটা সফল কাউন্সিল। এর মাধ্যমে বিএনপি ঘুরে দাঁড়িয়েছে। ঐক্যবদ্ধ হয়েছে। তৃণমূল পর্যায় থেকে নিয়মতান্ত্রিক কাউন্সিলের মাধ্যমে এটা অনুষ্ঠিত হয়েছে। নতুন সদস্য অন্তর্ভুক্ত হয়েছে, যাঁদের বেশির ভাগই বয়সে তরুণ। কাউন্সিলের আগে ও পরে নেতাদের মধ্যে উচ্ছলতা দেখা যাচ্ছে। তাঁরা আবার একটি সুদৃঢ় ভিতের ওপর অবস্থান করে দলকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন। তাই কাউন্সিল বিএনপির জন্য এবং রাজনীতির জন্য সুফল বয়ে এনেছে। এখানে ব্যর্থতা তো দেখছি না।প্রথম আলো: বিগত বছরে বিএনপির কর্মকাণ্ডকে কীভাবে মূল্যায়ন করবেন?মির্জা ফখরুল: তত্ত্বাবধায়ক সরকারের সময় এবং নির্বাচনের পর বিএনপি বিপর্যস্ত ছিল। নেতা-কর্মীদের মধ্যে হতাশা ছিল। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপির তৃণমূল ও কেন্দ্রীয় নেতারা যেভাবে খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলেন, একে বিএনপির সবচেয়ে বড় সফলতা বলে দেখছি। কাউন্সিল অনুষ্ঠান, সদস্য সংগ্রহ অভিযান, গঠনমূলক বিরোধী দলের ভূমিকা রাখাকে সফলতা বলব। সবচেয়ে বড় কথা, বিএনপি ঘুরে দাঁড়িয়েছে। নেতা-কর্মীরা হতাশা ঝেড়ে ফেলে চাঙা হয়েছেন। তাঁদের মধ্যে আত্মবিশ্বাস ফিরে এসেছে।প্রথম আলো: এই মুহূর্তে বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী বলে মনে করেন?মির্জা ফখরুল: সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলব সাংগঠনিক অবস্থাকে একটা স্থিতিশীল অবস্থায় আনা। এ ছাড়া দলকে আরও সংগঠিত, ঐক্যবদ্ধ করার কাজ তো রয়েছেই। প্রথম আলো: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের মতো একটি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। সেখানে থেকে বিএনপিকে আগামী এক বছরে কী অবস্থায় দেখতে চান?মির্জা ফখরুল: আমি জ্ঞানভিত্তিক বিএনপিকে দেখতে চাই। সে জন্য দলীয়ভাবে যা করা প্রয়োজন, তা করব। অতীত থেকে শিক্ষা নিয়ে বিএনপিকে রাজনৈতিকভাবে আরও শক্তিশালী করতে চাই। ইতিবাচক বিরোধী দলের ভূমিকা রাখতে চাই। নেতা-কর্মীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন দলের মধ্যে দেখতে চাই। প্রথম আলো: আগামী এক বছরে বিএনপি কী ধরনের কর্মকাণ্ড পরিচালনা করতে চায়?মির্জা ফখরুল: দলের মধ্যে রাজনৈতিক চর্চা বাড়ানোর চেষ্টা চলছে। নেতা-কর্মীদের রাজনৈতিকভাবে সচেতন করতে চাই। এ জন্য বিভিন্ন সভা-সেমিনারে বিএনপির নেতা-কর্মীদের অংশগ্রহণ বাড়ানো হচ্ছে। চেয়ারপারসনও নেতা-কর্মীদের জন্য একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট খোলার ব্যাপারে একমত হয়েছেন। এ ব্যাপারে কাজ করছি। তা ছাড়া সাংগঠনিক ইউনিট অনুযায়ী সদস্যদের তালিকা তৈরি, তরুণদের কাছে রাজনৈতিকভাবে পৌঁছানোর জন্য কাজ করব। এ ছাড়া সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনামূলক কর্মসূচি তো থাকবেই। প্রথম আলো: আন্দোলনে যাওয়ার ব্যাপারে তো কেন্দ্রীয় নেতারা সভা-সেমিনারে বলছেন।মির্জা ফখরুল: আমাদের চেয়ারপারসন তো বলেছেন, আমরা সরকারকে সময় দিতে চাই। আমিও তাই মনে করি। তবে জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ করলে ঝাঁপিয়ে পড়তে হবে। এখনই সরকারবিরোধী আন্দোলনে যেতে চায় না বিএনপি। বিএনপি গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে চায়।প্রথম আলো: গত এক বছরে সরকারের কাজের সফলতা ও ব্যর্থতাগুলো কী বলে বিএনপি মনে করে?মির্জা ফখরুল: সফলতা যদি ধরি তবে বলল কৃষি ক্ষেত্রে দলটির সফলতা ব্যাপক। এটাকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সফলতা বললেও অমূলক হবে না।আর ব্যর্থতা হলো জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি দলটি পূরণ করতে পারেনি। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। আন্তর্জাতিক বাজারে চালের দামের তুলনায় এখনো বাংলাদেশে কিছুটা কম। কিন্তু বাম্পার ফলনের পরও মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় জনগণ ও কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তা ছাড়া সরকারের ক্রয়নীতিও ঠিক ছিল না। এ ছাড়া চাঁদাবাজি-টেন্ডারবাজি, বিরোধী মতকে সহ্য করতে না পারা সরকারের ব্যর্থতা বলে মনে করি। গত এক বছরে সরকারের আরেকটি ব্যর্থতা চোখে পড়েছে। এটা হলো, দলটির মধ্যে রাজনৈতিক শিষ্টাচার বলে কিছু নেই। প্রথম আলো: তারেক রহমানকে বড় পদে আনা এবং লুত্ফুজ্জামান বাবরের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে সমালোচনা হচ্ছে। এটাকে কীভাবে দেখছেন?মির্জা ফখরুল: আমি বলব, জনগণ নয়, এ নিয়ে আওয়ামী লীগ অযাচিত সমালোচনা করছে। তারেক রহমানের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার ও বর্তমান সরকার কোনো দুর্নীতির প্রমাণ দিতে পারেনি। তাই তাঁকে নিয়ে সমালোচনা করা ঠিক নয়। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তো ১৮টি মামলা আছে। এর একটি মামলায় তাঁর সম্পৃক্ততার প্রমাণ পর্যন্ত পাওয়া গেছে। তাহলে কি বলব তিনি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সর্বোচ্চ আদালত রায় না দেওয়া পর্যন্ত তো কাউকে দোষী বলা যায় না। আওয়ামী লীগ রাজনৈতিক শিষ্টাচার হারিয়ে ফেলায় অন্য দলের অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার চর্চা করছে। প্রথম আলো: নতুন মহাসচিব নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। কে হচ্ছেন পরবর্তী মহাসচিব?মির্জা ফখরুল: খোন্দকার দেলোয়ার হোসেনই বিএনপির মহাসচিব। এখানে ‘আপাতত’ বলে কোনো কথা নেই।প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।মির্জা ফখরুল: প্রথম আলোকেও ধন্যবাদ। সাক্ষাত্কার নিয়েছেন তানভীর সোহেল