ঘুরে দাঁড়িয়েছেন শামীমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবন থেকে ১০টি বছর হারিয়ে ফেলেছেন শামীমা। ১০টি বছর তাঁর কাছে ছিল কঠিন বেদনার। কখনো হাসপাতাল, কখনো অন্ধকার ঘর, আবার কখনো চোখের কোণে পানি নিয়ে গুমরে কাঁদাই ছিল তাঁর কাজ। সারাক্ষণ খেলাধুলা আর পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকা এই মেয়েটি যেন হয়ে উঠেছিলেন জড় পদার্থের মতো।সেই শামীমা আক্তার কারও বোঝা হয়ে থাকেননি, ঘুরে দাঁড়িয়েছেন। নিজ বাড়িতে প্রতিষ্ঠা করেছেন ‘একতা নারীকল্যাণ সংস্থা’। যেখানে তাঁর মতো আরও বেশ কিছু অসহায় নারী পোশাক আর নকশা তৈরির কাজ করেন। পাশাপাশি চালিয়ে যাচ্ছেন পড়ালেখা। আগামীতে এইচএসসি পরীক্ষা দেবেন তিনি। শামীমার ভাষায় প্রথম আলোকে পাশে পেয়ে তিনি ঘুরে দাঁড়ানোর সাহস পেয়েছেন। প্রথম দিকে উত্সাহ, পরবর্তী সময়ে শিক্ষাবৃত্তি প্রদান তাঁর জীবনের মোড় পাল্টে দিয়েছে। পরিবারের একটি ছোট্ট ভুলের কারণে তাঁর জীবনের যে ছন্দপতন ঘটেছিল, তা কাটিয়ে উঠতে পারবেন বলে মনে জোর ছিলশামীমার ঘুরে দাঁড়ানোর নেপথ্যে২০০৫ সালের ১৭ জুন এসিডদগ্ধ শামীমা আক্তারকে নিয়ে প্রথম আলো পত্রিকার প্রথম পাতায় শুক্রবারের বিশেষ প্রতিবেদন হিসেবে একটি সচিত্র সংবাদ ছাপা হয়। এরপর সারা দেশে সাড়া পড়ে শামীমা আর তাঁর বুটিকস কারখানা নিয়ে। শামীমা পেয়ে যান দুটি নারী উদ্যোক্তা পুরস্কার। প্রায় পাঁচ বছর পর কেমন আছেন শামীমা আক্তার, তা জানার জন্য ২৭ ডিসেম্বর আমাদের প্রতিবেদক গিয়েছিলেন শামীমার গ্রামের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ভবানীপুর গ্রামে। যেখানে রয়েছে শামীমার বুটিকস কারখানা। শামীমা আক্তার জানান, ১৯৯৬ সালে এসিডদগ্ধ হওয়ার পর অনেক সময় চলে যায় চিকিত্সা ও মনের সঙ্গে বোঝাপড়া করতে। তারপর কিছু একটা করার চেষ্টায় শামীমা খুঁজে নেন হাতের কাজ। যখন যেখানে প্রশিক্ষণের খোঁজ পেয়েছেন, ছুটে গেছেন শিখতে। এক দিন স্থানীয় মহিলাবিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় প্রতিষ্ঠা করেন ঐক্য নারীকল্যাণ সংস্থা। ৪০ জন নারীসদস্য কাজ করেন তাঁর সংস্থায়। শামীমা ওই সংস্থার সভানেত্রী। সদস্যদের নিজ হাতে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তারপর কাজ ধরিয়ে দেন তিনি। নিজেই ডিজাইন করেন। মেয়েদের থ্রি-পিস, শাড়ি, ছেলেদের ফতুয়া, ব্লক প্রিন্ট ও ব্রাশ প্রিন্ট করে সেগুলো বিক্রি করেন। এভাবে শামীমা চালিয়ে যাচ্ছেন এসিডদগ্ধ ও প্রতিবন্ধী মেয়েদের স্বাবলম্বী করে তোলার কাজ। শামীমার মনে পড়ে স্বামী আমিরুল ইসলামের সেই এসিড মারার হুমকি। মনে পড়ার সঙ্গে সঙ্গে বাবাকে জানান, ‘তোমাদের জামাই আমার মুখে এসিড মেরেছে।’ বাড়ির সবাই তখন তাঁর কথা মানতে চাননি, সবার একই প্রশ্ন—এত রাতে সে কীভাবে এখানে আসবে। পরে দেখা গেল, আমিরুল ইসলামই শামীমার মুখে এসিড ছুড়েছে। পালিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে সে। থানায় মামলা হয়েছিল আমিরুলের বিরুদ্ধে। দীর্ঘ বিচারের পর ৪৫ বছরের সাজা হয়, কিন্তু উচ্চ আদালত থেকে সম্প্রতি ছাড়া পেয়েছে আমিরুল ইসলাম। যেমন আছেন শামীমাশামীমা আক্তার জানান, প্রথম আলো পত্রিকায় তাঁর খবরটি যেদিন প্রকাশিত হয়, সেদিন থেকেই তাঁর জীবনের মোড় পাল্টে যেতে শুরু করে। সারা দেশ থেকে শত শত মানুষ তাঁকে ফোন করে অভিনন্দন জানান। অনেকে তাঁর বুটিকস কারখানা দেখতে আসেন। নারী উদ্যোক্তা হিসেবে ২০০৭ সালে তিনি পেয়ে যান নাসরীন হক স্মৃতি পদক ও স্কয়ার পারফরম্যান্স অ্যাওয়ার্ড। পত্রিকায় সংবাদ প্রকাশের আগে স্থানীয়ভাবে চিকিত্সা নিয়েছিলেন শামীমা। যে কারণে তাঁর চেহারা খুবই বিকৃত ছিল। আর একটু গরম আবহাওয়ায় শরীরে যন্ত্রণা বেড়ে যেত। পত্রিকায় সংবাদ বের হওয়ার পর এসিড সারভাইভরস ফাউন্ডেশন তাঁর চিকিত্সার ব্যবস্থা করেছে। ওই প্রতিষ্ঠানে এ পর্যন্ত তাঁর সাতটি অপারেশন হয়েছে। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ। শামীমা জানান, সারা দেশের মানুষ যখন তাঁর কাছে ফোন করেছে, তাঁকে দেখতে এসেছে, তখন তাঁদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে অনেক ক্ষেত্রে বিব্রত হয়েছেন। পড়ালেখা না জানার কারণে সরকারি অনেক কর্মসূচিতে অংশ নিতে পারেননি। তাই ওই বছরেরই (২০০৫ সালে) মাঝামাঝি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতায় এসএসসিতে ভর্তি হন। ২০০৮ সালে তিনি এসএসসি পাস করেন। মানুষের নানা মন্তব্য আর অবহেলার কারণে একটি বছর পিছিয়ে পড়েন তিনি। ২০০৭ সালে পরীক্ষা দেওয়ার কথা থাকলেও ২০০৮ সালে পরীক্ষা দেন। এরপর তিনি কোটচাঁদপুর পৌর মহিলা কলেজে ভর্তি হন। বর্তমানে বাড়িতে কাজের পাশাপাশি কলেজে পড়ালেখা করছেন। শামীমা জানান, প্রথম আলো পত্রিকার পক্ষ থেকে প্রতি মাসে শিক্ষাবৃত্তি পাচ্ছেন তিনি। সেই টাকা দিয়ে তাঁর পড়ালেখার খরচ চলছে। এই সহযোগিতা না পেলে পড়ালেখা করার ইচ্ছা পূরণ হতো না বলে মন্তব্য করেন শামীমা। শামীমা একদিন নামকরা পোশাক ডিজাইনার হতে চান। যা হতে হলে জ্ঞানার্জনের বিকল্প নেই। তাই শামীমা এখন নিয়মিত কলেজে যাচ্ছেন।